Ajker Patrika

বিদ্যুৎ, সার ও গ্যাসের দাবিতে মাগুরায় মানববন্ধন

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 
বিদ্যুৎ, সার ও গ্যাসের দাবিতে মাগুরায় মানববন্ধন
আজ দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, পর্যাপ্ত সার ও গ্যাস সরবরাহের দাবিতে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ করেছে গণতান্ত্রিক ঐক্য জোটের জেলা শাখা। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মাগুরা জেলা সভাপতি কাজী নজরুল ইসলাম ফিরোজ, জেলা জাসদের সভাপতি এ টি এম মহব্বত আলী, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এ টি এম আনিসুজ্জামান এবং জেলা গণকমিটির আহ্বায়ক শম্পা বসু।

সমাবেশে জেলা গণকমিটির আহ্বায়ক শম্পা বসু বলেন, বর্তমানে আমন ধানের চারা রোপণ ও পরিচর্যার মৌসুম চলছে। এ সময়ে কৃষকদের সারের চাহিদা বেশি থাকলেও তাঁরা প্রয়োজন অনুযায়ী সার পাচ্ছেন না। তাঁর অভিযোগ, সারের সংকটকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা বেশি দামে সার বিক্রি করছেন।

শম্পা বসু বলেন, ‘১ হাজার ২০০ টাকার সার ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি করা হচ্ছে। অবিলম্বে সব ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সারের দাম কমাতে হবে।’

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি কাজী নজরুল ইসলাম ফিরোজ বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হলেও কৃষকদের স্বার্থ যথাযথভাবে বিবেচনা করা হচ্ছে না। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হলেও কৃষক ও সাধারণ মানুষের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত হয়নি। এর পাশাপাশি প্রয়োজনীয় সার নিয়েও সিন্ডিকেট চলছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘সরকারের উচিত দ্রুত কৃষক ও সাধারণ মানুষের স্বার্থে সার, বিদ্যুৎ ও গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।’

মানববন্ধনে বক্তারা অবিলম্বে সার ও জ্বালানি-সংকট দূর করে কৃষকের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ স্বাভাবিক করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত