মাগুরায় যুবদল নেতা হত্যা: জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ, গ্রেপ্তার শ্রমিক নেতার মুক্তির দাবি

মাগুরায় পৌর যুবদল নেতা শাকের হোসেন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা কৃষকদল। একই সঙ্গে এ হত্যা মামলায় গ্রেপ্তার শ্রমিক নেতা মারুফ হোসেনের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শ্রমিকেরা। আজ শনিবার সকালে শহরে পৃথক কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়।
জেলা কৃষকদলের উদ্যোগে সকালে শহরের নোমানী ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা কৃষকদলের নেতারা ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন, শাকের হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। তাঁরা হত্যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান তাঁরা।
অন্যদিকে, একই দিন সকালে মাগুরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন স্থানীয় শ্রমিকেরা। এতে শাকের হত্যা মামলায় গ্রেপ্তার শ্রমিক নেতা মারুফ হোসেনের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকেরা দাবি করেন, শাকের হত্যার মূল আসামিদের আড়াল করতে শত্রুতাবশত ও ষড়যন্ত্রমূলকভাবে মারুফ হোসেনকে মামলায় জড়ানো হয়েছে। তাঁরা প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের পাশাপাশি মারুফের মুক্তির জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মারুফ হোসেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও মাগুরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।
প্রসঙ্গত, গত ২১ অক্টোবর ভোরে মাগুরা পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেস পরিবহনের কাউন্টারে দুর্বৃত্তের গুলিতে নিহত হন শাকের হোসেন (৩৯)। তিনি মাগুরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা ও অস্ত্র আইনে মামলা করেন। ওই মামলায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।










