
নেত্রকোনার মোহনগঞ্জে সরকারি চাল রাতের আঁধারে পাচার করা হচ্ছিল। এ সময় জনতার ধাওয়ায় চালের বস্তা সড়কে ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। পরে প্রশাসন গিয়ে সেই চাল জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বরুঙ্কা এলাকা থেকে এসব চাল জব্দ করা হয়। আজ শুক্রবার মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘খবর পেয়ে ১১ বস্তা চাল সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। চালগুলো থানায় রয়েছে। ১১টি বস্তায় ৪৫০ কেজি চাল রয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
স্থানীয় লোকজন জানায়, রাতে বড়তলী বানিয়াহারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গুদাম থেকে এসব চাল পাচার করা হচ্ছিল। এ সময় সাধারণ লোকজন ধাওয়া দিলে পাচারকারীরা চালের বস্তা রেখেই পালিয়ে যায়। পরে প্রশাসনকে খবর দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন বলেন, ‘খবর পেয়ে গত রাতে পুলিশ ও এসি ল্যান্ড গিয়ে সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ১১ বস্তা চাল জব্দ করেছে। চালগুলো কোনো সরকারি প্রকল্পের কি না শনাক্ত করা যায়নি।’
ইউএনও বলেন, ঘটনা অনুসন্ধানে কৃষি কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
তদন্ত কমিটির প্রধান উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল হাসান বলেন, ‘তদন্ত কমিটি হয়েছে জেনেছি। তবে এখনো এ সংক্রান্ত কাগজপত্র হাতে পাইনি। রোববার অফিসে গেলে বিস্তারিত জানতে পারব। তারপর কাজ শুরু করব।’

চাঁপাইনবাবগঞ্জে প্রাণিসম্পদ বিভাগের জেলা ও পাঁচ উপজেলা দপ্তর জনবলসংকটে ধুঁকছে। ছয়টি দপ্তরে মোট ৬৮টি পদের ৩৮টিই শূন্য। এ কারণে প্রশাসনিক কার্যক্রম এবং পশুচিকিৎসা, টিকাদান ও খামারিদের পরামর্শ দেওয়ার কাজ ব্যাহত হচ্ছে।
২১ মিনিট আগে
খরা কাটিয়ে ইলিশের দেখা মিলতে শুরু করেছে বরিশালের নদ-নদীতে। তাই কয়েক দিন ধরে দামও কিছুটা কম। তবে মা ইলিশ ধরা পড়ায় চিন্তিত মৎস্য অধিদপ্তর। এ মাসের শুরুর দিকে মৎস্য অধিদপ্তরের অধীনে দক্ষিণাঞ্চলে ইলিশের ওপর এক সমীক্ষায় বড় শঙ্কার তথ্য পাওয়ার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা।
৩৭ মিনিট আগে
মহাপরিচালক মো. হাসান মারুফের সার্বিক দিকনির্দেশনায় এবং ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গ্রেপ্তার বাদশাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) অনুযায়ী বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে...
১ ঘণ্টা আগে
রাজধানীর কাফরুলে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আজ শুক্রবার রাত ১০টা ১৪ মিনিটে বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে