Ajker Patrika

সখীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও এর সহযোগী সংগঠনের ৩ নেতা গ্রেপ্তার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৫৮
সখীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও এর সহযোগী সংগঠনের ৩ নেতা গ্রেপ্তার
পৌর আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক মজনু, পৌর কৃষক লীগের যুগ্ম সম্পাদক এখলাছ হায়াৎ সরোয়ার এবং বাশারচালা এলাকার যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার ভোরে পৌরসভার কাহারতা ও বাশারচালা এলাকার তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সখীপুর পৌর আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক সাবেক কাউন্সিলর মঞ্জুরুল হক মজনু (৫০), পৌর কৃষক লীগের যুগ্ম সম্পাদক সাবেক কাউন্সিলর এখলাছ হায়াৎ সরোয়ার (৪৮) এবং উপজেলার বাশারচালা এলাকার যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক (৪২)। বৈষম্যবিরোধী ছাত্রজনতার মিছিলে হামলার ঘটনায় করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

মামলার বিবরণ ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৩ আগস্ট সখীপুর তালতলা চত্বর ও উপজেলা পরিষদ ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্রজনতার মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় ওই বছরের ২৬ আগস্ট রাতে সখীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মোরশেদুল হক অন্তর বাদী হয়ে ১৬৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে সখীপুর থানায় মামলা করেন।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) শরীফ আশিকুর রহমান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্রজনতার মিছিলে হামলার ঘটনায় সন্দেহভাজন আসামি হিসেবে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আজ বেলা ১১টার দিকে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত