টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে আগুন

টাঙ্গাইলের নাগরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার গয়হাটা নাগরপুর শাখায় এ ঘটনা ঘটে। কার্যালয়ের নিচতলার একটি জানালা খুলে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও গ্রামীণ ব্যাংক সূত্রে জানা যায়, শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা গয়হাটা শাখার নিচতলার জানালা খুলে ভেতরে আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় কিছু কাগজপত্র পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক হারিজুর রহমান বলেন, ‘ব্যাংকের নৈশপ্রহরীর মাধ্যমে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। পরে আগুন নিয়ন্ত্রণে আনি।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, ‘গয়হাটা গ্রামীণ ব্যাংক শাখায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। দেশে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’









