
লালদিয়া ও পানগাঁও কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়াকে কেন্দ্র করে ভয়ংকর রকম অপপ্রচার এবং জনস্বার্থবিরোধী তৎপরতা চলছে বলে অভিযোগ করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি এই তৎপরতা ‘জাতীয় স্বার্থবিরোধী’ উল্লেখ করে এর বিরুদ্ধে সবাইকে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ শনিবার দুপুরে রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে গণতান্ত্রিক অধিকার কমিটি আয়োজিত ‘বন্দর নিয়ে সরকারের তৎপরতা কেন জাতীয় স্বার্থবিরোধী?’ শীর্ষক বিচার বিশ্লেষণ ও প্রতিবাদ সভায় সভাপ্রধানের বক্তব্যে এ কথা বলেন তিনি।
আনু মুহাম্মদ বলেন, চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের ৯০ শতাংশ পণ্য আমদানি-রপ্তানি হয় এবং এটা যে জায়গায় অবস্থিত, বিভিন্ন দিক থেকে কৌশলগতভাবে তার একটা গুরুত্ব আছে। সেই বন্দরটা সম্পূর্ণ অস্বচ্ছ, গোপনীয় চুক্তির বলে একটা বিদেশি কোম্পানিকে দেওয়া হচ্ছে। অভিযোগ, বন্দরে দুর্নীতি হয়। সেটা আন্তর্জাতিকভাবে প্রচারও করা হচ্ছে। সরকারের দায়িত্ব ছিল দুর্নীতি বন্ধ করা। সেদিকে সরকার না গিয়ে দুর্নীতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে এটা পুরোপুরি বিদেশি কোম্পানিকে দিতে চাচ্ছে। বিদেশি কোম্পানিকে দিলে দুর্নীতি চলে যাবে—এর কোনো সত্যতা নেই।
আনু মুহাম্মদ আরও বলেন, ‘জাতীয় সক্ষমতার বিকাশ ছাড়া পুঁজিবাদের বিকাশও সম্ভব নয়। বাংলাদেশে পুঁজিবাদের পক্ষে যারা প্রচারক, তারা এতই কূপমণ্ডূক, তাদের তথ্যভান্ডার এত দুর্বল এবং তারা এতই অন্ধ যে একটা বিষাক্ত জিনিসকে সুস্বাদু কিংবা স্বাস্থ্যকর জিনিস হিসেবে উপস্থাপন করার বিজ্ঞাপনের ধরনের মধ্যে আছেন। একটা ভয়ংকর রকম অপপ্রচার এবং জনস্বার্থবিরোধী তৎপরতা চলছে।’
বিদেশিদের বন্দরের দায়িত্ব দিলে মাশুলের সর্বোচ্চ ১০ থেকে ১২ শতাংশ বাংলাদেশ পাবে—খোঁজখবর নিয়ে হিসাব করে এমন চিত্র পাওয়ার কথা উল্লেখ করে আনু মুহাম্মদ বলেন, ‘এখন পর্যন্ত সরকার বলছে এটা (চুক্তি) জানানো যাবে না। যে আইনের বলে তারা এটা বলছে, সেই আইনটা পরিবর্তন করাই এই সরকারের দায়িত্ব ছিল ৷ আওয়ামী লীগ আমলে যে কোম্পানিকে টেন্ডার ছাড়া বন্দর দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই কোম্পানির কাছে এই সরকার তড়িঘড়ি করে কেন দিতে চায়? এর পেছনে কী ব্যাখ্যা, কী যুক্তি? আওয়ামী লীগের অসমাপ্ত কাজটা সমাপ্ত করার জন্য এই সরকার কেন মরিয়া?’
সভায় সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ২০১৫ সালের পিপিপি আইনের যে ৩৪ ধারাকে আওয়ামী লীগ সরকার দুর্নীতির ঢাল হিসেবে ব্যবহার করেছিল, সেটাই অন্তর্বর্তী সরকারও ব্যবহার করেছে। সেখানে বলা হয়েছিল, কোনো চুক্তি হওয়ার আগে গোপনীয়তা রক্ষা করতে হবে। আওয়ামী লীগ সরকারের সময়ের অনেক আইন এই সরকার বাতিল করেছে। কিন্তু পিপিপি আইনটি বাতিল বা সংশোধনে কী অসুবিধা ছিল? চুক্তি হয়ে যাওয়ার পরে সেটা দেখাতে কী সমস্যা?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা বলেন, ‘৩০ বছরের জন্য আমরা জিম্মি হয়ে গেলাম। তড়িঘড়ি করে যারা কাজটা করল, তাদের ভবিষ্যতে দায় নিতে হবে ৷ বন্দরে নতুন টার্মিনাল করা যেত। এটা একটা চক্রান্ত ৷ আমাদের নিজস্ব সক্ষমতা বাড়তে দেওয়া হচ্ছে না। আগের মতো বিদ্যুৎকেন্দ্র বানিয়ে ক্যাপাসিটি চার্জ দিয়েছি, বন্দরের সক্ষমতা বাড়িয়ে খরচ দিতে জনগণ রাজি নয়।’
সভায় মূল বক্তব্য পাঠ করেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী। তিনি বলেন, ১৭ নভেম্বর অন্তর্বর্তী সরকার একটি চুক্তি স্বাক্ষর করে। এ চুক্তিতে চট্টগ্রাম বন্দরের লালদিয়ার চর ডেনমার্কের এপিএম টার্মিনালকে ৩০ বছরের জন্য এবং পানগাঁও বন্দর সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান মেডলডকে ২২ বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে। সন্দেহজনক রকম তাড়াহুড়ো, অনিয়ম এবং গোপনীয়তার মধ্য দিয়ে এ চুক্তি স্বাক্ষর হয়েছে।

১৫ দিন ধরে বৃষ্টিপাতে সুনামগঞ্জের ছোট-বড় অন্তত অর্ধশতাধিক হাওরের কাঁচা ধান তলিয়ে গেছে। জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে এক ফসলি জমির কয়েক হাজার হেক্টর বোরো ধান। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাসে বলা হচ্ছে, ৬ এপ্রিল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
৩ মিনিট আগে
চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ভাঙা কাচ। কোথাও পড়ে আছে পরিত্যক্ত নির্মাণসামগ্রী, জমেছে আবর্জনা। সিরাজগঞ্জের হাটিকুমরুল-পাঁচলিয়া এলাকায় গড়ে তোলা ট্রাক টার্মিনাল ও চালক বিশ্রামাগারের চিত্র এটি। কয়েক বছর আগে নির্মাণ শেষ হলেও চালু না হওয়ায় পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়।
৮ মিনিট আগে
সুষ্ঠু যান এবং পথচারী চলাচলের সুবিধার্থে রাজধানীতে ফুটপাত ও সড়কে অবৈধ দখল উচ্ছেদে গতকাল বুধবার অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রাজধানীর ফুটপাত এবং রাস্তার অনেকটা জুড়ে দোকান বসিয়ে নানাভাবে দখল করা হয়; যা যানজট সৃষ্টি ও দুর্ঘটনায় বড় ভূমিকা রাখে।
২৩ মিনিট আগে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চাকরি দেওয়ার কথা বলে এক গ্রামের ২২ জনকে ডাকা হয়েছিল ঢাকায়। এমন চাকরির আশায় আজ বুধবার ঢাকা এসেছিলেন তাঁরা মৌলভীবাজার থেকে। তবে বিমানবন্দরে এসে জানতে পারলেন, সবই ভুয়া।
৩ ঘণ্টা আগে