নড়াইলের কালিয়া উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে মানসুর মোল্যা (৪৬) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মানসুর মোল্যা কদমতলা গ্রামের হাবি মোল্যার ছেলে। একই ঘটনায় নূর ইসলাম নামে আরও একজন আহত হয়েছেন।
পুলিশ, ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় মাদক সেবনে বাধা দেওয়া নিয়ে গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পেড়লী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার কাসেদ মোল্যার সঙ্গে তাঁর গোষ্ঠীর হাসিব মোল্যার (২০) বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার রাতে হাসিব কদমতলা ত্রি-মোহনার মোড়ে এলে মেম্বারের চাচাতো ভাই মানসুর ও নূর ইসলাম শুক্রবারের মারধরের ঘটনার কারণ জানতে চান।
কথা-কাটাকাটির একপর্যায়ে হাসিব তাঁর কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে মানসুর ও নূর ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় মানসুরকে খুলনা মেডিকেলে নেওয়ার পথে জামরিলডাঙ্গা এলাকায় তাঁর মৃত্যু হয়। আহত নূর ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত হাসিব মোল্যা পালিয়ে যান।
এ ঘটনায় ইউপি সদস্য কাসেদ মোল্যা বলেন, ‘হাসিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাঁকে মাদকসেবনে নিষেধ করায় সে আমার ওপর ক্ষিপ্ত হয়ে আমাকে লাঞ্ছিত করে। এর প্রতিবাদ করতে গিয়েই মানসুরকে প্রাণ হারাতে হলো।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত হাসিবকে আটকে পুলিশের অভিযান চলছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলে বিছানায় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে হলের ১৩৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
চট্টগ্রামে বিরোধপূর্ণ একটি জায়গা জোরপূর্বক দখলের চেষ্টার মামলায় সৌদি আরবে থাকা এক ব্যক্তিকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। অভিযোগপত্রে তাঁর বিরুদ্ধে ঘটনার সময় দেশে উপস্থিত থেকে অন্য আসামিদের সঙ্গে মিলে জায়গা দখলের চেষ্টার কথা বলা...
৬ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে একটি গন্ধগোকুল উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কের রিপা মার্কেটের একটি দোকান খোলার সময় ভেতরে ঢুকে পড়ে গন্ধগোকুলটি।
১৯ মিনিট আগে
কুষ্টিয়ার খোকসায় ডাম্প ট্রাকচাপায় মুন্না (১৯) নামে শ্যালো ইঞ্জিনচালিত করিমনের এক চালক নিহত হয়েছেন। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা উপজেলার বিলজানি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে