সন্ধ্যায় ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল হাত বাঁধা মরদেহ

নড়াইলের লোহাগড়ায় নিখোঁজ হওয়ার পর আজিবর শেখ (৪৫) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে লোহাগড়া পৌরসভার লক্ষ্মীপাশা মোল্লার মাঠসংলগ্ন একটি বাড়ির ছাদ থেকে রশি দিয়ে হাত বাঁধা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আজিবর শেখ লোহাগড়া উপজেলার সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন আজিবর শেখ। রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। রাত দেড়টার দিকে মোল্লার মাঠের এক কোণে পরিত্যক্ত অবস্থায় তাঁর ভ্যানটি পাওয়া যায়।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মোল্লার মাঠসংলগ্ন একটি বাড়ির ছাদ থেকে আজিবরের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তাঁর দুই হাত রশি দিয়ে বাঁধা ছিল।
লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।









