
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনে এক যাত্রীকে কুপিয়ে তাঁর কাছ থেকে ৭০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মোস্তাক আহম্মেদ (৪১) নামে ওই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় আহত মোস্তাক আহম্মেদ বাদী হয়ে আখাউড়া রেলওয়ে থানায় মামলা করেন। এর আগে একই দিন ভোর সাড়ে ৪টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের উত্তর দিকের আউটারে রেলওয়ে পূর্ব কলোনির লোকমানের টং দোকানের সামনে চট্টগ্রাম-সিলেট রেললাইনে এ ঘটনা ঘটে।
আহত মোস্তাক আহম্মেদ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চাপুইর গ্রামের আমির আলী ভূঁইয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মোস্তাক আহম্মেদ ঢাকা থেকে আন্তনগর তূর্ণা নিশীথা এক্সপ্রেসে রাত ২টা ৪৫ মিনিটে আখাউড়া রেলওয়ে স্টেশনে নামেন। রাত গভীর হওয়ায় তিনি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের একটি চায়ের দোকানে বসে থাকেন। পরে ফজরের আজান হলে রেললাইন দিয়ে হেঁটে বাইপাস রেলগেটের দিকে রওনা হন। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি যাওয়ার কথা ছিল তাঁর।
এজাহারে আরও বলা হয়, ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে উদয় মিয়া ও অজ্ঞাতনামা আরও দু-তিনজন ধারালো চাকু ও দেশীয় অস্ত্র দেখিয়ে তাঁর হাতে থাকা বড় মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। মোস্তাক বাধা দিলে দুর্বৃত্তরা তাঁর গলায় চাকু ধরে প্রাণনাশের হুমকি দেয়।
একপর্যায়ে মানিব্যাগ দিতে অস্বীকৃতি জানালে উদয় মিয়া চাকু দিয়ে মোস্তাকের ডান হাতের কবজির নিচে, তালুর পেছনের অংশে আঘাত করেন। এতে তাঁর হাতে গুরুতর জখম হয়। পরে দুর্বৃত্তরা তাঁর কাছ থেকে মানিব্যাগটি ছিনিয়ে নেয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মানিব্যাগে একটি ভিভো ওয়াই-১১ মডেলের মোবাইল ফোন, যার মূল্য ১৬ হাজার ৯৯৯ টাকা এবং নগদ ৭০ হাজার টাকা ছিল।
আহত অবস্থায়ও মোস্তাক প্রতিরোধের চেষ্টা করলে দুর্বৃত্তরা তাঁর মুখের বাম পাশে চোখের নিচে, বাঁ বাহুর কনুইয়ের ওপর এবং পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় মোস্তাককে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে স্বজনদের সঙ্গে আলোচনা করে তিনি আখাউড়া রেলওয়ে থানায় গিয়ে মামলা করেন।
মোস্তাক আহম্মেদ বলেন, ভোরে রেললাইন দিয়ে যাওয়ার সময় কয়েকজন তাঁর পথরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে টাকা ও মোবাইল ফোনসহ মানিব্যাগটি নিয়ে তারা পালিয়ে যায়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আলোচিত দুই কিশোর গ্যাং ‘র’ ও ‘ক্রাইম সেটআপের’ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হত্যা, ছিনতাই, মাদকসহ একাধিক মামলার আসামিও রয়েছেন।
৯ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় স্থানীয় বিএনপি ও জিয়া পরিষদের দুই নেতার বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে বিএনপি নেতা ও তাঁর স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা সবাই বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার রাত ৮টার পর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের চক রোয়াইড গ্রামের....
১২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে মোবাইল ফোনে কল করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে টাঙ্গাইলের এক যুবককে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাবি রেলস্টেশন এলাকায় তাঁকে আটক করা হয়। এ সময় ওই যুবককে মারধরও করা হয়। পরে আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে....
১৮ মিনিট আগে
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, ‘কৃতী সন্তানদের এই স্বীকৃতি ও উৎসাহ প্রদান তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও বেশি অনুপ্রেরণা জোগাবে। শুধু মেধার বিকাশ নয়, শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক...
২০ মিনিট আগে