Ajker Patrika

সদর উপজেলা ভাঙার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ অবরোধ, বিলম্বিত দুই ট্রেন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সদর উপজেলা ভাঙার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ অবরোধ, বিলম্বিত দুই ট্রেন
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিন ইউনিয়নকে প্রস্তাবিত নতুন বরিশল উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে পাঘাচং এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত ৩০ মিনিটের অবরোধে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে আন্তনগর মহানগর প্রভাতী ও কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিলম্বিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামকে ওই ইউনিয়ন থেকে আলাদা করে বরিশল নামে নতুন ইউনিয়ন গঠন করে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়েছে। নতুন এই ইউনিয়নকে উপজেলা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মাছিহাতাসহ সদর উপজেলার তিনটি ইউনিয়নকে বরিশলের সঙ্গে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে বলে জানান আন্দোলনকারীরা। এর প্রতিবাদে আজ সকালে পাঘাচং রেলওয়ে স্টেশনসংলগ্ন বাজার মাঠে প্রতিবাদ সমাবেশ করেন ইউনিয়নের বাসিন্দারা।

স্থানীয় বিএনপির নেতারা সমাবেশে নেতৃত্ব দেন। বক্তব্য দেন জেলা বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও পাঘাচং গ্রামের বাসিন্দা নুরুল হুদা সরকার এবং মাছিহাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে সদর উপজেলা থেকে মাছিহাতা, বাসুদেব ও সুলতানপুর ইউনিয়নকে প্রস্তাবিত বরিশল উপজেলায় যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। পরিকল্পনার ধারাবাহিকতায় সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে প্রস্তাবটি নিরীক্ষণের জন্য জেলা প্রশাসনের কাছে দাপ্তরিক চিঠি পাঠানো হয়।

বক্তারা আরও বলেন, কোনো অবস্থাতেই মাছিহাতা ইউনিয়নবাসী বরিশলের সঙ্গে যুক্ত হবে না। দাবি মানা না হলে আন্দোলন আরও দীর্ঘায়িত হবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আলম জানান, ‘আন্দোলনকারীরা রেললাইন থেকে সরে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত