
খুলনার তেরখাদা থেকে ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতে আসেন কামরুল ও আল-আমিন। কাজের টাকা শেষ হয়ে যাওয়ায় আল-আমিন কামরুলের কাছে টাকা চাইলে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আল-আমিন সবজি কাটার ছুরি দিয়ে কামরুলের গলায় আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
হদিসবিহীন এ হত্যাকাণ্ডের তদন্তে এ তথ্য বেরিয়ে এসেছে বলে দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আজ বুধবার পিবিআই দাবি করেছে, ২৪ ঘণ্টার মধ্যে নিহতের পরিচয় ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা।
নিহত মো. কামরুল খান (৪৪) খুলনার তেরখাদা উপজেলার নয়াবরসাত এলাকার মৃত করিম খানের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত আল–আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।
তদন্তের বরাতে সংস্থাটি জানিয়েছে, কামরুল ও আল-আমিন খুলনার তেরখাদার বাসিন্দা। একই এলাকার হওয়ায় ছোটবেলা থেকেই তাঁরা ঘনিষ্ঠ। কাজের সন্ধানে ৮ আগস্ট তাঁরা খুলনা থেকে আশুলিয়ায় এসে একটি কক্ষ ভাড়া নিয়ে রাজমিস্ত্রির কাজে যোগ দেন।
পিবিআইয়ের দাবি, ১৪ আগস্ট রাতে কাজের টাকা শেষ হয়ে যাওয়ার পর আল-আমিন কামরুলের কাছে টাকা চান। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কামরুল সবজি কাটার ছুরি নিয়ে আল-আমিনকে আঘাত করতে উদ্যত হলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় আল-আমিন ছুরিটি কেড়ে নিয়ে কামরুলের গলায় আঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান আল-আমিন।
এ ঘটনায় নিহতের মামাতো ভাই মো. জামিল শেখ বাদী হয়ে ১৭ আগস্ট আশুলিয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলাটির তদন্ত কর্মকর্তা ছিলেন পিবিআই ঢাকা জেলার পুলিশ পরিদর্শক মো. জামাল উদ্দীন। একই দিনে খুলনার তেরখাদা থানা এলাকা থেকে আসামি মো. আল-আমিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আল-আমিন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।
পিবিআই জানায়, ১৬ আগস্ট আশুলিয়া থানার বাসাইদ এলাকায় রাজু সিটির সামনে আমির আলীর ভাড়া দেওয়া একটি তালাবদ্ধ কক্ষ থেকে দুর্গন্ধ ছড়ালে বাড়ির মালিক তাহেরুন্নেসা পুলিশকে খবর দেন। পরে পুলিশ কক্ষটির তালা ভেঙে অজ্ঞাতনামা এক ব্যক্তির পচন ধরা গলাকাটা মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পিবিআই ঢাকা জেলার ক্রাইম সিন টিম ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত করে।
হত্যায় ব্যবহৃত ছুরি বাথরুমের প্যানের ভেতর রেখে খুলনায় পালিয়ে যায় আল-আমিন। তাঁর কাছ থেকে নিহত কামরুলের মোবাইল ফোন ও হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখছে পিবিআই।

আধুনিক প্রযুক্তির মাধ্যমে কঠিন ও মানব বর্জ্য পরিশোধন করে জৈবসার এবং বায়োগ্যাস তৈরির উদ্যোগ নিয়েছিল টাঙ্গাইলের কালিহাতী পৌরসভা। এ জন্য সাড়ে চার বছর আগে কার্যাদেশ দেওয়া হয়েছিল ঢাকার ‘টার্ন-এনসি (জেভি)’ নামের একটি প্রতিষ্ঠানকে। কার্যাদেশ অনুযায়ী আট মাসে কাজ শেষ করার কথা।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জে গত ৬ বছর ৮ মাসে দেড় হাজার ব্যক্তির নমুনা পরীক্ষা করে ২৬ জন এইচআইভি রোগী শনাক্তের দাবি করেছে বেসরকারি সংস্থা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এর মধ্যে চলতি বছরের আগস্ট পর্যন্ত ৮ মাসেই ৯ জন রোগী শনাক্ত করা হয়। তবে জেলা স্বাস্থ্য বিভাগ বলছে...
২ ঘণ্টা আগে
রাজশাহীর পবা উপজেলার বায়া থেকে তানোর পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার সড়ক। সংস্কারের পরও এই সড়কের কিছু কিছু এলাকা খানাখন্দে ভরে যেত। তাই এবার ওই সব স্থানে আরসিসি ঢালাই দেওয়া হয়। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই সড়কটিতে ফাটল (স্ল্যাবে ক্র্যাক) দেখা দিয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।
৩ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে হত্যার শিকার তোফাজ্জল হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ১৮ সেপ্টেম্বর শুক্রবার। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানী গ্রামে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের...
৪ ঘণ্টা আগে