
চট্টগ্রামের বহদ্দারহাটে সন্ত্রাসীদের আস্তানা থেকে দেশীয় অস্ত্র, গুলি-কার্তুজ, খোসাসহ জিম্মিদের নির্যাতনের বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে পুলিশের ব্যবহৃত গুলির খোসাও পাওয়া গেছে।
গতকাল সোমবার মধ্যরাতে নগরের বহদ্দারহাট মাছের বাজারের একটি ভবনের তৃতীয় তলায় ওই সন্ত্রাসী আস্তানায় অভিযান চালায় পুলিশ ও র্যাব-৭। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনায় সংবাদ সম্মেলন করে পুলিশ।
সংবাদ সম্মেলনে বলা হয়, আস্তানা থেকে ১২টি শর্টগানের কার্তুজের খোসা ও ৯টি পিস্তলের গুলির খোসা পাওয়া গেছে। এর মধ্যে দুটি গুলির খোসা রয়েছে, যা পুলিশে ব্যবহৃত হয়। এ ছাড়া সেখান থেকে শর্টগানের দুটি তাজা কার্তুজ ও একটি গুলি জব্দ করা হয়। এ ছাড়া সন্ত্রাসীদের ওই আস্তানা একটি গোপন টর্চার সেল হিসেবেও ব্যবহৃত হয়ে আসছিল। এখানে মানুষকে ধরে এনে নির্যাতনের প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
এর আগে গতকাল দুপুরে নগরের বহদ্দারহাটের খতিবের হাট এলাকায় দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে শোডাউন ও পরে গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ওই দিন রাতেই অভিযান চালানো হয়।
সংবাদ সম্মেলনে সিএমপি উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসীদের টর্চার সেল থেকে যেসব গুলির খোসা আমরা উদ্ধার করেছি, এর মধ্যে দুটি গুলিতে বিপি (বাংলাদেশ পুলিশ) লেখা রয়েছে। আমরা ধারণা করছি, নগরীর কোনো থানা থেকে এসব গুলি লুট হয়েছিল; যা সন্ত্রাসীদের হাতে চলে আসার পর ব্যবহৃত হয়েছে।’ সন্ত্রাসীদের কাছে পুলিশের এসব গুলি কীভাবে এসেছে কিংবা আরও গুলি বা কোনো পিস্তুল আছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
উপকমিশনার জানান, আস্তানাটি চান্দগাঁওতে কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী শহিদুল ইসলাম ওরফে বুইস্যার। তাঁকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ। রাজনৈতিক মদদপুষ্ট হয়ে বুইস্যার সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে উপকমিশনার বলেন, ‘সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় নেই। সে একজন অপরাধী হিসেবে আমাদের কাছে বিবেচিত হবে।’
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে গুলি ও কার্তুজের পাশাপাশি যুক্তরাষ্ট্রের তৈরি ৯৮ হাজার ভোল্টের একটি ইলেকট্রিক শক মেশিন এবং ছুরি, রামদা, বিভিন্ন দেশীয় অস্ত্র, মাদকসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
উপকমিশনার আমিরুল ইসলাম বলেন, ‘আমরা যে টর্চার সেলের সন্ধান পেয়েছি, সেটার সম্পর্কে আরও তদন্ত চলছে। তবে একটা টর্চার সেলে যা যা থাকে, এখানে সেসব সরঞ্জাম পাওয়া গেছে। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলো তো এখানে থাকার কথা নয়। তদন্ত শেষে এই বিষয়ে বিস্তারিত বলা যাবে।’
পুলিশ জানায়, এই ঘটনায় সন্ত্রাসী বুইস্যার অন্যতম সহযোগী বোরহান উদ্দিন (৩০), শাস্ত্র মজুমদার (২০), আল আমিন (২৫), মিজানুর রহমান (৩২), রোকন উদ্দিন (২৯), অন্তর (২২), খড় পাল (২১), ফরহাদের (২৪) পাশাপাশি দুই কিশোরও জড়িত রয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, অভিযুক্ত ব্যক্তিরা মহানগরীর বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, মাদক কারবার, এলাকায় ত্রাস সৃষ্টি ও আধিপত্য বিস্তার করে জনমনে আতঙ্ক তৈরিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছেন। তাঁদের বিরুদ্ধে মারামারি, চুরি, ছিনতাই, মাদক ও অস্ত্র আইনে চান্দগাঁও থানাসহ সিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

লালমনিরহাটের আদিতমারীতে লিয়াকত আলী লাদেন হত্যা মামলার অভিযুক্ত জুয়েল হোসেন ও তাঁর ছেলে রকি আজ রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠিয়েছেন।
৯ মিনিট আগে
কুড়িগ্রামের উলিপুরে সুমন মিয়া (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোপনে বিয়ে করা এক এইচএসসি পরীক্ষার্থী (১৮) স্ত্রীর মর্যাদার দাবিতে ওই যুবকের বাড়িতে অনশনে বসেছেন...
১৩ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় কদম ফুল পাড়া নিয়ে বিরোধের জেরে আহত যুবক সজল মিয়া ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান। পরে হত্যার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে সালিসে ২০ লাখ টাকা জরিমানা করে বিষয়টি মীমাংসার অভিযোগ উঠেছে।
৩৯ মিনিট আগে
কুমিল্লায় ইসলামী ব্যাংক পিএলসির এক গ্রাহকের হিসাব থেকে ১৮ লাখ ৯০ হাজার টাকা অন্য হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নম্বরে স্থানান্তরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. হাসান মজুমদার (৪৬) বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।
১ ঘণ্টা আগে