
১০ মাসের শিশু সন্তানকে নিয়ে ফ্যামিলি কার্ড শুমারির জরিপকারীর ব্যবহারিক পরীক্ষা দিতে এসেছিলেন মা সাবিনা ইয়াসমিন (২৮)। বিষয়টি নজরে এলে শিশুটিকে কোলে তুলে নেন উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এরপর তিনি শিশুর মা সাবিনাকে নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন।
আজ শনিবার সকাল ১০টার দিকে রাজশাহীর দুর্গাপুর সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিশু সন্তানকে কোলে তুলে নেন ইউএনও উম্মে হাবিবা ফারজানা।
শিশুর মা সাবিনা ইয়াসমিন বলেন, ‘তাড়াহুড়ো করে বাচ্চাকে নিয়েই পরীক্ষা দিতে কেন্দ্রে চলে আসি। কিন্তু বাচ্চাকে রাখার জন্য কাউকে পাচ্ছিলাম না। বিষয়টা ইউএনও স্যার দেখে বাচ্চাকে কোলে নিয়ে আমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেন। ইউএনও স্যার মহানুভবতার পরিচয় দিয়েছেন, তাঁর প্রতি কৃতজ্ঞতা।’
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার ফ্যামিলি কার্ড শুমারির জরিপকারীর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে মোট ৬৫০ জন পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে তথ্য সংগ্রহকারী পদে পরীক্ষা দিতে ১০ মাসের সন্তানকে নিয়ে কেন্দ্রে আসেন সাবিনা ইয়াসমিন।
পরীক্ষাকেন্দ্রের ১২৫ নম্বর কক্ষের পরীক্ষার্থী আশরাফুল হক বলেন, ‘আমাদের পরীক্ষার সময় ইউএনও স্যার বাচ্চা কোলে নিয়ে কক্ষ পরিদর্শন করছিলেন। ভেবেছিলাম বাচ্চাটি তাঁরই। কিন্তু পরীক্ষা শেষে ঘটনা জানতে পারি। ইউএনও বাচ্চা কোলে নিয়ে একজনকে পরীক্ষা দিতে সুযোগ করে দিয়েছেন, এটা উপস্থিত সবার ভালো লেগেছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা বলেন, ‘আমি যখন বিসিএস পরীক্ষা দিই, তখন আমার বাচ্চা ছোট ছিল। পরীক্ষাকেন্দ্রে গিয়ে বাচ্চা নিয়ে বিড়ম্বনায় পড়েছিলাম। পরে অন্যের কোলে তুলে দিয়ে আমি পরীক্ষা দিয়েছিলাম। বিষয়গুলো আমি অনুভব করি। পরীক্ষার্থীরা যেন কোনো প্রতিবন্ধকতার শিকার না হয় সেটা লক্ষ রাখি। এটা আমার ভালো লাগে।’
ইউএনও আরও বলেন, ‘আমিও একজন মা। সন্তানের অনুভূতি আমি বুঝি। একজন মা যদি সন্তানের কারণে পরীক্ষা দিতে না পারে, সেটা সবার জন্যই কষ্টের। তাই ক্ষুদ্র এই চেষ্টা।’

দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন সিলেটের চা-শ্রমিকেরা। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে খাদিম চা-বাগানে তাঁরা এই কর্মসূচি পালন করেন। শ্রমিকেরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন এবং সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেন।
৩ মিনিট আগে
আজ ভোররাতে ১০-১২ জনের একটি ডাকাত দল বাড়ির ভেতরে প্রবেশ করে। ডাকাতেরা প্রথমেই মাথায় অস্ত্র ঠেকিয়ে পরিবারের সবাইকে একটি কক্ষে নিয়ে জিম্মি করে ফেলে। এরপর তারা বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে ৭ ভরি স্বর্ণালংকার, নগদ ২৫ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
৯ মিনিট আগে
বগুড়ার ধুনট উপজেলায় মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের গুয়াডহরী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১১ মিনিট আগে
গত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে কয়েকজন ইজিবাইক চালকের দুর্ব্যবহারের একটি ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে আজ বিকেলে ছাত্রপ্রতিনিধিরা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় চালকদের সঙ্গে কথা বলতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে কয়েকজন ইজিবাইকচালক ছাত্রদের ওপর হামলা চালান।
২১ মিনিট আগে