Ajker Patrika

চলন্ত মাহিন্দ্রা থেকে লাফ দিয়েও বাঁচতে পারল না কিশোর হেলপার

ভৈরব প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ২৩: ১৬
চলন্ত মাহিন্দ্রা থেকে লাফ দিয়েও বাঁচতে পারল না কিশোর হেলপার
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে ইটবাহী মাহিন্দ্রা ট্রাক্টর উল্টে চাপা পড়ে নূর আলম সিকদার (১৫) নামের এক কিশোর হেলপারের মৃত্যু হয়েছে। ট্রাক্টর উল্টে যাওয়ার সময় প্রাণ বাঁচাতে লাফ দিলেও শেষ রক্ষা হয়নি তার। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার আগানগর ইউনিয়নের খলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূর আলম আগানগর ইউনিয়নের লুন্দিয়া খলাপাড়া এলাকার আজগর আলী সিকদারের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই ভাই ও তিন বোনের মধ্যে নূর আলম ছিল দ্বিতীয়। অসুস্থ বাবার সংসারের হাল ধরতে সে ইট বহনকারী মাহিন্দ্রা ট্রাক্টরে হেলপার হিসেবে কাজ করত।

আজ সকালে চালক কাইয়ুম মিয়ার সঙ্গে কাজে বের হয় নূর আলম। বিকেলে খলাপাড়া এলাকায় গ্রাহকদের বাড়িতে ইট পৌঁছে দিয়ে ফেরার পথে পাকা সড়ক থেকে কাঁচা রাস্তায় নামার সময় ট্রাক্টরটি উল্টে যায়।

ট্রাক্টর উল্টে যাওয়ার সময় নূর আলম লাফ দিয়ে বাঁচার চেষ্টা করে। কিন্তু উল্টে যাওয়া ট্রাক্টরের নিচে চাপা পড়ে সে গুরুতর আহত হয়। চালক ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নূর আলমের বাবা আজগর আলী সিকদার বলেন, ‘আমি অসুস্থ থাকায় কাজ করতে পারি না। ছেলেটা শ্রমিকের কাজ করে পরিবারের হাল ধরেছিল। পুরো পরিবার ছেলের আয়ের ওপর নির্ভরশীল ছিল। কাঁচা রাস্তায় গাড়ি উল্টে নিচে চাপা পড়ে সে মারা গেল।’

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উম্মে হাবীবা জুঁই বলেন, বিকেল ৫টার দিকে স্থানীয় লোকজন নূর আলম নামের এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির নিচে চাপা পড়েই তার মৃত্যু হয়েছে। পরে পুলিশে খবর দেওয়া হয়।

ভৈরব থানার উপপরিদর্শক শাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত