
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফকে ঘিরে চলমান বিতর্কে উত্তপ্ত স্থানীয় রাজনৈতিক অঙ্গণ। এসিল্যান্ডের বিরুদ্ধে ওঠা অভিযোগকে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষে মানববন্ধন করছেন বিএনপির সহযোগী সংগঠনগুলোর স্থানীয় নেতা-কর্মীরা।
আজ মঙ্গলবার (২৭ মে) বেলা ১১টার দিকে জেলার গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন হয়। এতে এসিল্যান্ড মামুন শরীফের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, দুর্নীতি, অনিয়ম ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ তোলা হয়। এই কর্মসূচিতে বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে উপজেলা যুবদল নেতা মাসুম আহমেদ বলেন, মামুন শরীফ দায়িত্ব নেওয়ার পর থেকেই ভূমি অফিসে ঘুষ-বাণিজ্য, দুর্ব্যবহার ও হয়রানি বেড়েছে। সাধারণ মানুষ সেবা নিতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন। যুবদলের এই নেতা ২৪ ঘণ্টার মধ্যে এসিল্যান্ড মামুন শরীফকে অপসারণের দাবি জানান। এটি না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।
এর আগে এসিল্যান্ডের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘অপপ্রচার’ বলে দাবি করে গতকাল সোমবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে আরেকটি মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেন একই দলের (বিএনপি) অন্য একটি অংশের নেতা-কর্মীরা। তাঁরা বলেন, এসিল্যান্ডকে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। গজারিয়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নাদিম মাহমুদ অপুর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক জিএস ওয়াহিদুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক হারুন সরদার, জেলা যুবদলের সাবেকসহ সাংগঠনিক সম্পাদক এম এ হানিফ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী হোসেন প্রমুখ। মানববন্ধনে ওয়াহিদুজ্জামান বলেন, ‘আমরা কোনো ব্যক্তির প্ররোচনায় নয়, আমাদের বিবেকের তাড়নায় এই মানববন্ধনে দাঁড়িয়েছি। আপনারা এসিল্যান্ডকে তাড়িয়ে দিয়ে নিজেদের রাস্তা পরিষ্কার করার চেষ্টা করবেন, এটা হতে দেওয়া যাবে না। আমরা তাঁর বিরুদ্ধে করা সব অপপ্রচারের নিন্দা জানাই।’ বিল্লাল হোসেন বলেন, ‘যদি সামগ্রিক মূল্যায়ন করি, তবে গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ তাঁর দায়িত্বে সফল। তিনি মেঘনা নদীর গুয়াগাছিয়া অংশে অবৈধ বালুমহাল পরিচালনাকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করেছেন। তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানোর বিষয়টি আমরা তীব্রভাবে প্রতিরোধ করছি। আমরা তাদের সতর্ক করতে চাই, যদি তারা এসব অপপ্রচার বন্ধ না করে, তবে আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করব।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি ফেসবুক ও হোয়াটসঅ্যাপে এসিল্যান্ড মামুন শরীফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগসংবলিত অডিও ক্লিপ ও কথোপকথন ভাইরাল হয়। এ নিয়ে স্থানীয় রাজনীতিতে উত্তেজনা তৈরি হয়েছে।
এদিকে এসিল্যান্ডকে ঘিরে এ ধরনের অভিযোগ ও রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্য প্রশাসনের প্রতি জনগণের আস্থাকে নড়বড়ে করে তুলতে পারে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা দ্রুত বিষয়টির নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘একজন সরকারি কর্মকর্তাকে ঘিরে রাজনৈতিক বিভক্তি আমাদের জন্য দুর্ভাগ্যজনক। প্রশাসন যদি সত্য-মিথ্যার সঠিক তদন্ত না করে, তাহলে সাধারণ মানুষ কার কাছে যাবে?’
এ বিষয়ে অভিযোগের ব্যাপারে এসিল্যান্ড মামুন শরীফ বলেন, ‘যে অডিও রেকর্ড ভাইরাল হয়েছে, সেটিতে আমার কণ্ঠ নয়। ব্যাংক রশিদের মালিক আলমগীর মল্লিক তাকেও আমি চিনি না। ঢাকায় আমার কোনো বাড়ি-গাড়ি বা জমিও নেই।’ তিনি আরও বলেন, ‘আমি সব সময় নিয়মের মধ্যে থেকে দায়িত্ব পালন করি। একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপচেষ্টা করছে।’

চট্টগ্রামের ফটিকছড়ি থানা এলাকায় গাছ, বাঁশ, বালু কিংবা মাটি পরিবহনের ক্ষেত্রে চাঁদাবাজি যেন অলিখিত নিয়মে পরিণত হয়েছে। এই চাঁদার কারবার চলে থানার ওসির নামে। প্রতি মাসে আদায় হয় ৪ থেকে ৫ লাখ টাকা। এর মধ্যে ২ লাখ টাকা যায় ফটিকছড়ি থানার ওসি মুহাম্মদ সেলিমের পকেটে। চাঁদা আদায়ের বিষয়টি স্বীকার করেছেন...
২ ঘণ্টা আগে
রিক্রুটিং এজেন্সি জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল অটোরিকশাচালক মোহাম্মদ সোনা মিয়াকে কিরগিজস্তানে চাকরি দেওয়ার কথা বলে ২০২৪ সালে ৫ লাখ টাকা নিয়েছিল। সোনা মিয়াকে ৬০-৬৫ হাজার টাকা বেতনে কার ওয়াশের (গাড়ি ধোয়া) কাজ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু বিমানবন্দরে গিয়ে তিনি জানতে পারেন, সব কাগজপত্রই জাল।
৩ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের ছয় ঘণ্টা পর মাদ্রাসার পুকুর থেকে মারুফ হাসান (১০) নামের এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মোস্তফাগঞ্জ মাদ্রাসার পুকুরের নতুন ঘাটলার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৩ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে পৌর এলাকায় পূর্ববিরোধকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে চার্জ লাইট জ্বালিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েছে দুটি গ্রাম। শনিবার (৪ এপ্রিল) রাত রাত সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে। এতে বন্ধ রয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল। এ সময় বেশ কিছু যানবাহন ভাঙচুরের...
৫ ঘণ্টা আগে