Ajker Patrika

অনিয়ম ও অসৌজন্য আচরণ: রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ওএসডি

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি 
অনিয়ম ও অসৌজন্য আচরণ: রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ওএসডি
ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান। ছবি: সংগৃহীত

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাঁকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদকে নিজ দায়িত্বের পাশাপাশি সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ। এর আগে বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নানকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। ডা. এস এম মাসুদকে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নানের বিরুদ্ধে রাজবাড়ী সদর হাসপাতালে বিভিন্ন অনিয়ম ও রোগীদের সঙ্গে অসৌজন্য আচরণের অভিযোগ রয়েছে। এর মধ্যেই সম্প্রতি রাজবাড়ী শহরের বড়পুল এলাকার আরোগ্য ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর সোমা আক্তার (২৫) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনা আলোচনায় আসে।

পরিবার সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের কোনাইল গ্রামের রবিউল ইসলামের স্ত্রী সোমা আক্তার গত ২২ সেপ্টেম্বর সন্তান প্রসবের জন্য আরোগ্য ক্লিনিকে ভর্তি হন। সেখানে ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান তাঁর সিজারিয়ান অপারেশন করেন। অপারেশনের পর সোমার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সোমার পরিবারের অভিযোগ, চিকিৎসকের অবহেলার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। তবে ক্লিনিক কর্তৃপক্ষের দাবি, সোমার হৃদ্‌যন্ত্রের ভালভে আগে থেকেই জটিলতা ছিল। অপারেশনকারী চিকিৎসকের দাবি, সিজারিয়ান অপারেশন ভালোভাবেই সম্পন্ন হয়েছিল। পরে রোগীর শ্বাসকষ্ট বেড়ে গেলে আইসিইউ সাপোর্টের প্রয়োজন হওয়ায় তাঁকে ফরিদপুরে পাঠানো হয়।

এ ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিতে ফরিদপুর মেডিকেল কলেজের গাইনি ও অবস বিভাগের সহযোগী অধ্যাপক শাহানা পারভীন, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল-১ শাখার সহকারী পরিচালক ডা. মো. মাহমুদুর রহমান এবং সদস্যসচিব হিসেবে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ রয়েছেন। কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ওএসডি করার বিষয়ে ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নানের বক্তব্য জানতে তাঁর সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত