
মানিকগঞ্জের সাটুরিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক পদধারী নেতার জামিনের জন্য বিএনপি ও জাতীয়তাবাদী তাঁতী দলের স্থানীয় নেতাদের দেওয়া দুটি প্রত্যয়নপত্র নিয়ে প্রশ্ন উঠেছে। প্রত্যয়নপত্রে তাঁকে বিএনপির সঙ্গে ‘ওতপ্রোতভাবে জড়িত’ এবং কখনো আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে দাবি করা হয়েছে। তবে ২০২৩ সালে ঘোষিত আওয়ামী লীগের কমিটিতে তাঁর নাম ইউনিয়ন কমিটির আইনবিষয়ক সম্পাদক হিসেবে রয়েছে।
কারাবন্দী ওই নেতার নাম মুহাম্মদ রুহুল আমিন রুবেল। তিনি সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাভার গ্রামের আলমাছ উদ্দিনের ছেলে।
উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি মো. ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন স্বাক্ষরিত ২০২৩ সালের ১০ অক্টোবরের কমিটিতে রুহুল আমিনকে বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি এখনো ওই পদে রয়েছেন।
সাটুরিয়া থানার পুলিশ সূত্রে জানা যায়, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, নাশকতার পরিকল্পনা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে গত ২২ সেপ্টেম্বর রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এরপর ২৪ সেপ্টেম্বর বরাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হামিদ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন ও ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুল মান্নানের স্বাক্ষরে একটি প্রত্যয়নপত্র দেওয়া হয়। প্রত্যয়নপত্রে বলা হয়, রুহুল আমিন ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং বিএনপির সব কার্যক্রমে সহযোগিতা করেছেন।
প্রত্যয়নপত্রে আরও দাবি করা হয়, রুহুল আমিন কখনো আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন না এবং তিনি বিএনপির সংগ্রামী কর্মী।
এর আগে উপজেলা তাঁতী দলের সভাপতি মো. বাবুল হোসেনের স্বাক্ষরে ২৩ সেপ্টেম্বর আরেকটি প্রত্যয়নপত্র দেওয়া হয়। এতে রুহুল আমিন ও তাঁর পরিবারকে বিএনপির সঙ্গে সম্পৃক্ত এবং ৫ আগস্টের আগের সরকারের উৎখাতের আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণকারী হিসেবে উল্লেখ করা হয়।

তাঁতী দলের প্রত্যয়নপত্রেও রুহুল আমিন কখনো আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন না বলে দাবি করা হয়।
স্থানীয় একটি সূত্রের ভাষ্য অনুযায়ী, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন সংগঠনের প্যাডে নিজেকে সভাপতি উল্লেখ করে প্রত্যয়নপত্রে স্বাক্ষর করেন। বাবুল হোসেন প্রত্যয়ন দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘প্রত্যয়ন দিয়েছি, এটা ঠিক। তবে এর সঙ্গে আরও অনেক বিষয় জড়িত আছে। এ বিষয়ে ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলাপ করে কথা বলব।’
ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুল মান্নান বলেন, অন্য নেতাদের স্বাক্ষর দেখে তিনিও প্রত্যয়নপত্রে স্বাক্ষর করেছেন। উপজেলা বিএনপির সভাপতি আবদুল কুদ্দুস খান মজলিশ মাখনের কথা বলে তাঁকে স্বাক্ষর করতে বলা হয়েছিল বলেও জানান তিনি।
রুহুল আমিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কি না—জানতে চাইলে আবদুল মান্নান বলেন, তিনি রুহুল আমিনকে আওয়ামী লীগের মিছিল, মিটিং বা কোনো কর্মসূচিতে দেখেননি। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে রুহুল আমিনের কোনো ছবি দেখেননি বলেও জানান তিনি।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল কুদ্দুস খান মজলিশ মাখন বলেন, প্রত্যয়ন দেওয়ার বিষয়ে তাঁর সঙ্গে কারও কথা হয়নি। রুহুল আমিনের পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে তিনি জানতেন। রুহুল আমিন আওয়ামী লীগে কোনো পদে ছিলেন কি না, তা তাঁর জানা ছিল না।
বরাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হামিদ বলেন, ‘প্রত্যয়নপত্র দেওয়াটা ভুল হয়েছে। রুহুল আমিনের আওয়ামী লীগে পদ-পদবি আছে, তা জানা ছিল না। প্রত্যয়নপত্র তুলে নেওয়া হবে।’
স্থানীয় বিএনপির একাংশের নেতারা বলছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদধারী একজন নেতাকে বিএনপির কর্মী হিসেবে প্রত্যয়ন দেওয়ার বিষয়টি দলের ভাবমূর্তি ও সাংগঠনিক শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
সুশাসনের জন্য নাগরিকের মানিকগঞ্জ জেলা কমিটির সহসভাপতি ইকবাল হোসেন বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কারও বিচার পাওয়ার অধিকার নষ্ট হওয়া উচিত নয়। তবে কোনো ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকলে তাঁর পক্ষে প্রত্যয়ন দেওয়ার আগে অভিযোগের বিষয়গুলো যথাযথভাবে যাচাই করা প্রয়োজন।
জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি নূরতাজ আলম বাহার বলেন, কোনো আসামির পক্ষে প্রত্যয়ন বা সুপারিশ দেওয়া এবং আদালতে তাঁর অপরাধ প্রমাণিত হওয়া বা খালাস পাওয়া এক বিষয় নয়। মামলার অভিযোগের সত্যতা নির্ধারণের এখতিয়ার আদালতের। প্রত্যয়নপত্র আদালতের সিদ্ধান্তের বিকল্প নয়।
রুহুল আমিন রুবেলের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা যায়নি।

ময়মনসিংহের নান্দাইলে একটি বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মসজিদের ইমামকে আটক করা হয়েছে। আটক ইমামের নাম মো. রুবেল মিয়া (৩০)। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত মো. রুবেল মিয়া ওই উপজেলার একটি মসজিদে ইমামতি করতেন...
১ ঘণ্টা আগে
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী জাবের আহমেদ। তিনি উপাধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। আজ বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম অবসরে যাওয়ায় অধ্যাপক জাবের এ দায়িত্ব গ্রহণ করেন।
১ ঘণ্টা আগে
৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে টানা ১০ দিন ধরে অচলাবস্থায় রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। আজ বৃহস্পতিবার ক্যাম্পাসে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা টানা পঞ্চম দিনের মতো প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পাল
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) সেপ্টেম্বর মাসে রাজস্ব আদায় করেছে ২৮ কোটি ২৫ লাখ ৮৫ হাজার টাকা। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ওয়াসার মাসিক রাজস্ব আদায় ১৮ থেকে ২০ কোটি টাকার মধ্যে ঘুরপাক খাচ্ছিল বলে জানান চট্টগ্রাম ওয়াসার জনসংযোগ কর্মকর্তা মো. আবুল কাসেম।
২ ঘণ্টা আগে