
মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ বাহাউদ্দিনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ছাত্র-জনতা ও জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিরা। তবে আনীত অভিযোগ অস্বীকার করেছেন বাহাউদ্দিন।
আজ বুধবার দুপুরে ‘মানিকগঞ্জ জেলার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। পরে হাসপাতালের প্রবেশপথ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মূল ভবনের সামনে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বিক্ষোভকারীরা বিভিন্ন অভিযোগসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং তত্ত্বাবধায়কের অপসারণের দাবিতে স্লোগান দেন। কয়েকটি প্ল্যাকার্ডে তত্ত্বাবধায়কের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক ছবিও প্রদর্শন করা হয়।
বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের আমলে দায়িত্ব পালনের সময় ডা. বাহাউদ্দিন ক্ষমতার প্রভাব ব্যবহার করেছেন। তাঁদের দাবি, ২০২৪ সালের ৪ আগস্ট মানিকগঞ্জে আন্দোলনকারীদের ওপর হামলার সময় আহত ছাত্র-জনতা যাতে হাসপাতালে চিকিৎসা নিতে না পারেন, সে সময় হাসপাতালের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়েছিল।
বিক্ষোভকারীদের আরও অভিযোগ, তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দিয়ে অনৈতিক সুবিধা নিয়েছেন। অভিযোগগুলো তদন্ত করে তাঁকে দ্রুত অপসারণের দাবি জানান তাঁরা। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন বক্তারা।
কর্মসূচিতে আমীর হামজা পিন্টু, আনোয়ার হোসেন, সাইদুর রহমান ও নূরুল ইসলামসহ অনেকে বক্তব্য দেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে হাসপাতালে গেলে প্রশাসনিক ভবনের প্রবেশপথে বাইরে থেকে তালা ঝুলতে দেখা যায়। পরে হাসপাতালের একজন দায়িত্বশীল কর্মকর্তার মাধ্যমে বিকল্প পথের তালা খুলে দেওয়া হলে কিছুক্ষণ অপেক্ষার পর তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন এই প্রতিবেদকের সঙ্গে কথা বলেন।
প্রধান ফটকে তালা থাকার বিষয়ে জানতে চাইলে ডা. বাহাউদ্দিন বলেন, হাসপাতালে অনেক রোগী ভর্তি রয়েছেন। ভুল করে কেউ যাতে ওই পথে প্রবেশ না করেন, সে কারণেই প্রবেশপথটি বন্ধ রাখা হয়েছে।
অনিয়ম-দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বাহাউদ্দিন বলেন, ‘আমাদের সব সরকারের সঙ্গেই কাজ করতে হয়।’

রাজধানীর গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার (উড়ালসড়ক) যানজট কমানোর বদলে যানজটের নতুন কেন্দ্র হয়ে উঠেছে। অনেক দিন ধরে ফ্লাইওভারের টোল প্লাজা, ওঠার র্যাম্প, সংযোগ সড়ক এবং আশপাশের বাস টার্মিনাল ঘিরে যান চলাচলে জটিলতা তৈরি হচ্ছে। এই পরিস্থিতির সমাধান করতে ফ্লাইওভারটি টোলমুক্ত করা, নিচের সড়ক প্রশস্ত...
১ ঘণ্টা আগে
টিকিট উধাওয়ের বিষয়টি নিয়ে আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার আশফাক নিপুন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, সেজো মামা, মামী আর মামাতো বোন এই পূজার ছুটিতে কক্সবাজার ঘুরে আসতে চান। যেহেতু লং জার্নিতে বয়স এবং স্বাস্থ্যের কারণে মামার পক্ষে টানা...
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ইটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য গোপন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে গুরুত্বপূর্ণ পদ নেওয়ার অভিযোগে দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃত দুই নেতা হলেন ইটনা উপজেলার ৬ নম্বর বড়িবাড়ি ইউনিয়ন এনসিপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির...
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিংকে বিশ্বমঞ্চে আরও অনন্য ও মর্যাদাপূর্ণভাবে তুলে ধরতে ইউনেসকো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ বুধবার ঢাকায় ইউনেসকোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।
৩ ঘণ্টা আগে