
বেনাপোল স্থলবন্দরের ৩৭ নম্বর শেড থেকে প্রায় ৬ কোটি টাকা মূল্যের জব্দ করা ভারতীয় পণ্য আত্মসাতের অভিযোগে ১৮ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে কাস্টমস। আজ বুধবার সন্ধ্যায় বেনাপোল কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা আমির মাহামুদ আরেফিন মামলাটি দায়ের করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭ জনকে আসামি করা হয়েছে। তবে আসামিদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
কাস্টমস সূত্রে জানা গেছে, যশোরের আমদানিকারক প্রতিষ্ঠান ‘সাফা ইমপেক্স’ গত ১২ মার্চ ভারত থেকে একটি পণ্যের চালান আমদানি করে। সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে চালানটি গ্রহণ করে বেনাপোলের মেসার্স হুদা এন্টারপ্রাইজ। পরে চালানটি বেনাপোল স্থলবন্দরের ৩৭ নম্বর শেডে রাখা হয়। আমদানি নথিতে পণ্য হিসেবে বেকিং পাউডারের ঘোষণা দেওয়া হলেও কাস্টমসের কায়িক পরীক্ষায় সম্পূর্ণ ভিন্ন তথ্য পাওয়া যায়। পরীক্ষাকালে ১০৮ কার্টনে ঘোষণাবহির্ভূত প্রায় ৬ কোটি টাকা মূল্যের ভারতীয় দামি শাড়ি, থ্রি-পিস, বেবিওয়্যার, ফেসওয়াশ, ক্রিম, লোশনসহ বিভিন্ন প্রসাধনী পাওয়া যায়। এসব পণ্য মিথ্যা ঘোষণায় আমদানির মাধ্যমে ২ কোটি ৩২ লাখ ৬৪ হাজার ৫১৫ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা করা হচ্ছিল। পরে ১৪ মার্চ এসব ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও প্রসাধনী জব্দ করে বন্দরের ৩৭ নম্বর শেডে রাখা হয়। ২ জুন পরিদর্শনে গিয়ে দেখা যায়, সেখান থেকে দামি পণ্য সরিয়ে নিম্নমানের দেশীয় পণ্য রাখা হয়েছে। এই ঘটনায় বন্দরের অভ্যন্তরীণ যোগসাজশের সন্দেহ করছে কাস্টমস। ইতিমধ্যে বন্দর কর্তৃপক্ষকে প্রায় ২ কোটি ৩৩ লাখ টাকার রাজস্ব পরিশোধের নোটিশ দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং শেড ইনচার্জকে প্রত্যাহার করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কাস্টমসের দাবি, পুরো ঘটনায় বন্দর কর্মকর্তা, কর্মচারীসহ একটি সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে।
অভিযুক্ত সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স হুদা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আনিসুর রহমান দাবি করেন, জব্দ হওয়া চালানটি খালাসের জন্য তাদের প্রতিষ্ঠান কোনো বিল অব এন্ট্রি দাখিল করেনি। রাজু নামের এক ব্যক্তি তাদের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এসব অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করেছেন। অভিযুক্ত ব্যক্তির পরিচয় কাস্টমসকে জানানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান বলেন, আমদানি করা ভারতীয় দামি পণ্যের পরিবর্তে যে দেশীয় পণ্য পাওয়া গেছে, সেগুলো বাংলাদেশি বসুন্ধরা ও মেঘনা শিল্পগ্রুপের বিভিন্ন কোম্পানির নাম মুদ্রিত কার্টনে রাখা ছিল। এ ছাড়া দেশীয় সংবাদপত্রে মোড়ানো এবং বিভিন্ন কুরিয়ার সার্ভিসের স্টিকারযুক্ত পিপি বস্তাও পাওয়া গেছে। এসব আলামত প্রমাণ করে পণ্যগুলো দেশের ভেতর থেকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, বন্দর থেকে পণ্য গায়েবের ঘটনায় কাস্টমস কর্মকর্তা বাদী হয়ে ১৮ জনের নামে মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাষ্ট্রায়ত্ত ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেছে। প্রজ্ঞাপন জারির পর এত দিন পার হলেও কিছু প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় নিয়োগপ্রাপ্ত ব্যক্তি এখনো পদে যোগ দিতে পারেননি। অন্তর্বর্তীকালীন....
২৬ মিনিট আগে
রংপুর বিভাগের আট জেলার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি রয়েছেন মাত্র পাঁচজন। জনবলের অভাবে ঘটনাস্থলে পৌঁছাতে দীর্ঘ সময় লাগায় বাড়ছে মৃতের সংখ্যা। স্থানীয়দের অভিযোগ, ডুবুরিরা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন শুধু মরদেহই অপেক্ষা করে।
২৬ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে কিশোর গ্যাং সদস্যরা মো. হৃদয় (১৯) নামে এক সিএনজি অটোচালককে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারে। নিহত হৃদয় ওই ইউনিয়নের শাকতলা গ্রামের হেদায়েতুল্লার ছেলে।
৪ ঘণ্টা আগে
ঝড়ে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে যায় পুকুরে। আর সেই পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান মা ও তাঁর দুই বছর বয়সী সন্তান। বুধবার (১০ জুন) বিকেলে বরগুনা সদরের ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম নুপুর বেগম (৩০)। তাঁর ছেলে শাহাদাৎ (২)।
৬ ঘণ্টা আগে