
বাগেরহাটে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। পূর্বনির্ধারিত সময় আজ বৃহস্পতিবার সকাল ৭টায় প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন খানজাহান (রহ.) মাজার-সংলগ্ন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. খালিদ।
প্রথম জামাতে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ফকরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ সরকার-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন স্থান থেকে আসা দুই সহস্রাধিক মুসল্লি অংশ নেন।
প্রথম জামাত শেষে সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম ও খতিব মো. নাসির উদ্দিন। সকাল ৯টায় তৃতীয় ও শেষ জামাতে ইমামতি করেন বায়তুশ শরফ এতিমখানা ও মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা মো. এনামুল হক।
ঈদুল আজহার নামাজ উপলক্ষে ভোর থেকে বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা জড়ো হতে থাকেন ষাটগম্বুজ মসজিদে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুসল্লিদের পদচারণে মুখর হয়ে ওঠে ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণ। তিনটি জামাতে পাঁচ সহস্রাধিক মুসল্লি নামাজ আদায় করেন এই মসজিদে।
প্রতিটি জামাত শেষে মোনাজাতে সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি কামনা করা হয়। সেই সঙ্গে বাংলাদেশে হাম ও ধর্ষকদের কবল থেকে শিশুদের রক্ষার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন মুসল্লিরা।
এদিকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই মসজিদে মুসল্লিরা যাতে নির্বিঘ্নে জামাত আদায় করতে পারেন, সে জন্য কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা ছিল মসজিদ কমপ্লেক্স। আনসার, পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও র্যাব সদস্যরা মোতায়েন ছিলেন।
ঈদের নামাজ শেষে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, ঈদুল আজহা ত্যাগ ও মহিমার শিক্ষা দেয়। বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানরা নির্যাতিত ও নিপীড়িত হচ্ছেন উল্লেখ করে তিনি তাঁদের জন্য দোয়া করার আহ্বান জানান। তিনি বলেন, ‘ঈদ শুধু আনন্দের নয়, ঈদ মানে ত্যাগ। জাতি, সমাজ ও দেশের শান্তির জন্য ত্যাগের কোনো বিকল্প নেই। ঈদুল আজহা আমাদের সেই ত্যাগের শিক্ষাই দেয়।’
এ ছাড়া বাগেরহাট পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদ, আলিয়া মাদ্রাসা জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ, হরিণখানা জামে মসজিদ, সরকারি পিসি কলেজ জামে মসজিদ, খানজাহান আলী (রহ.)-এর মাজার-দরগা জামে মসজিদ, নাগের বাজার হাজি আরিফ জামে মসজিদ, সড়ক ও জনপথ জামে মসজিদ, সরুই মাদ্রাসা জামে মসজিদসহ জেলা শহর ও উপজেলা সদরের বেশির ভাগ জামে মসজিদে সকাল ৭টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুরের গাংনী উপজেলায় কোরবানির পশুর চামড়ার দাম এবারও আশানুরূপ নয়। গরুর চামড়া ৬০০ থেকে ৭০০ টাকা এবং ছাগলের চামড়া ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। কম দামের কারণে অনেকেই ন্যায্য দাম না পেলে চামড়া মাটিতে পুঁতে রাখার কথা বলছেন।
১ সেকেন্ড আগে
ত্যাগের মহিমায় চট্টগ্রামে ঈদুল আজহা উদ্যাপিত হয়েছে। চট্টগ্রাম নগরে প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে
৬ মিনিট আগে
পবিত্র ঈদুল আজহার আগে উত্তর ও দক্ষিণাঞ্চলের ঘরমুখী মানুষের চাপ ছিল যমুনা সেতু ও সংযোগ মহাসড়কে। ঈদযাত্রার ছয় দিনে সেতুটি দিয়ে ২ লাখ ৬২ হাজার ৯০৮টি যানবাহন পারাপার হয়েছে।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালা উপজেলায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রধান নামাজ তালা মডেল মসজিদে আজ বৃহস্পতিবার সকাল ৭টায় অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে