নেপালকে ২৪০ বিলিয়ন রুপি সহায়তা দিতে চায় ভারত, শর্তের বেড়াজালে অসম্ভব ব্যয়

নেপালের অমৃত সায়েন্স ক্যাম্পাসের শিক্ষার্থীরা এখনো ২০১৫ সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পুরোনো ও জরাজীর্ণ ভবনে ক্লাস করছেন। ভূমিকম্পের প্রায় ১২ বছর পেরিয়ে গেলেও ভবনগুলোর পুনর্নির্মাণ শুরু হয়নি। অথচ পুনর্নির্মাণের জন্য মাস্টারপ্ল্যান ও বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (ডিপিআর) তৈরিতে ইতিমধ্যে ১০ কোটি নেপালি রুপি খরচ করেছে কলেজ কর্তৃপক্ষ। তারপরও নির্মাণকাজ শুরু করা সম্ভব হয়নি।
সেই ভূমিকম্পের পর ভারতের সহায়তায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠান পুনর্নির্মাণের তালিকায় রাখা হয়েছিল, অমৃত সায়েন্স ক্যাম্পাস তার একটি। কিন্তু ভারতীয় সহায়তার অর্থ পাওয়া যায়নি। অন্যদিকে, নিজেদের অর্থায়নেও ভবন নির্মাণ করতে পারছে না প্রতিষ্ঠানটি। কারণ, পুনর্নির্মাণের জন্য ভারতের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক বা এক্সিম ব্যাংকের সঙ্গে করা ঋণচুক্তিটি এখনো কার্যকর।
ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের অধীন ৩৯টি প্রতিষ্ঠানের অবস্থাও প্রায় একই। ভারতের প্রতিশ্রুত স্বল্প সুদের ঋণ কাজে লাগানো সম্ভব না হওয়ায় এসব কলেজ ও স্বাস্থ্যকেন্দ্র প্রায় এক দশক ধরে পুনর্নির্মাণের অপেক্ষায় রয়েছে। অমৃত সায়েন্স ক্যাম্পাসের প্রধান হোম বাহাদুর বানিয়া বলেন, এখনো পুরোনো ভবনগুলোতেই ক্লাস চলছে। অথচ ভবনগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
এমন পরিস্থিতির মধ্যেই ভোতেকোশি অঞ্চলের বন্যার পর পুনর্গঠন এবং নেপালের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য দেশটিকে ২৪ হাজার কোটি নেপালি রুপির আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। গতকাল সোমবার নয়া দিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের ভারত সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ সহায়তার ঘোষণা দেন।
এই সহায়তার মাধ্যমে নেপালের পুনর্গঠন ও অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য অর্থের জোগান হবে বলে আশা করা হচ্ছে। তবে অতীতে ভারতের দেওয়া প্রতিশ্রুতির অর্থ কাজে লাগাতে না পারার অভিজ্ঞতা নতুন করে প্রশ্ন তুলেছে, এবার ঘোষিত অর্থও বাস্তবে প্রকল্পে রূপ নেবে কি না।
নেপালের প্রধানমন্ত্রীর ভারত সফর শেষে দুই দেশের প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, নতুন সহায়তা প্যাকেজের মধ্যে ৫ হাজার ৬০০ কোটি রুপি অনুদান এবং ১৮ হাজার ৪০০ কোটি রুপি স্বল্প সুদের ঋণ রয়েছে। অনুদানের অর্থ দুর্যোগ-পরবর্তী পুনর্গঠন ও নতুন অবকাঠামো প্রকল্পে ব্যয় করা হবে। অন্যদিকে, ঋণের অর্থ দেওয়া হবে জ্বালানি খাতের বিভিন্ন প্রকল্পে।
যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, কোন কোন প্রকল্পের জন্য এই অর্থ ব্যবহার করা হবে এবং কীভাবে সহায়তার অর্থ ছাড় ও কাজে লাগানো হবে, তা দুই দেশ আলোচনার মাধ্যমে ঠিক করবে। নরেন্দ্র মোদি বলেছেন, এই সহায়তা দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করবে। পাশাপাশি নতুন কর্মসংস্থান ও সুযোগ তৈরি করবে এবং ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় নেপালের সক্ষমতা বাড়াবে।
তবে নেপালের অভিজ্ঞতা বলছে, বিদেশি সহায়তা পাওয়াই একমাত্র চ্যালেঞ্জ নয়। বরং অর্থ যথাসময়ে ব্যয় করার মতো কার্যকর প্রকল্প তৈরি এবং সেগুলো বাস্তবায়নের উপযুক্ত ব্যবস্থা গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। ২০১৫ সালের ভূমিকম্পের পর নেপালকে পুনর্গঠনের জন্য ১০০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল ভারত। এর মধ্যে ২৫ কোটি ডলার ছিল অনুদান এবং ৭৫ কোটি ডলার স্বল্প সুদের ঋণ।
নেপালের জাতীয় পুনর্গঠন কর্তৃপক্ষের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সুশীল গেওয়ালির দেওয়া তথ্য অনুযায়ী, অনুদানের অর্থ পুনর্গঠনের কাজে ব্যয় করা হয়েছিল। তবে ঋণের বড় একটি অংশ অব্যবহৃত থেকে যায়। তিনি বলেন, ‘ভারতের এক্সিম ব্যাংকের মাধ্যমে ঋণ নেওয়ার জন্য একটি চুক্তি হয়েছিল। কিন্তু চুক্তির শর্তগুলো পূরণ করা সম্ভব না হওয়ায় সেটি বাস্তবায়ন করা যায়নি।’
২০১৬ সালের সেপ্টেম্বরে ভারত ও নেপালের মধ্যে এই ঋণের অর্থ ব্যবহারের বিষয়ে একটি চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, প্রকল্পের কাজে ভারতীয় নির্মাণসামগ্রী ব্যবহার এবং ভারতীয় ঠিকাদার নিয়োগ বাধ্যতামূলক ছিল। সে সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, প্রকল্পের অন্তত ৭৫ শতাংশ উপকরণ, যন্ত্রপাতি ও সেবা ভারত থেকে নিতে হতো। পাশাপাশি ভবন ও অন্যান্য অবকাঠামো নির্মাণে ব্যবহৃত উপকরণের অন্তত ৫০ শতাংশও ভারত থেকে সংগ্রহ করার শর্ত ছিল।
এসব শর্তের কারণে নেপালের পক্ষে নিজেদের প্রয়োজন ও অগ্রাধিকার অনুযায়ী প্রকল্প নির্বাচন এবং নির্মাণকাজ পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। ঋণের অর্থ ব্যবহারের ক্ষেত্রে প্রকল্প নির্বাচন থেকে শুরু করে দরপত্র, কেনাকাটা ও বাস্তবায়ন পর্যন্ত দুই দেশের বিভিন্ন সংস্থার অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতাও ছিল। দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা ছোট ছোট প্রকল্পের ক্ষেত্রে এই প্রক্রিয়া বেশ জটিল হয়ে ওঠে।
নেপাল এই ঋণের অর্থ দিয়ে স্কুল, স্বাস্থ্যকেন্দ্র এবং স্থানীয় পর্যায়ের অন্যান্য অবকাঠামো পুনর্নির্মাণ করতে চেয়েছিল। কিন্তু এসব প্রকল্পে ভারতীয় নির্মাণসামগ্রী ও ঠিকাদার ব্যবহারের শর্ত পূরণ করা কঠিন ছিল বলে প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন।
নেপালের অর্থ মন্ত্রণালয়ের সাবেক এক কর্মকর্তা বলেন, ‘ভারতের ঋণটি দেখে মনে হয়েছিল, নিজেদের পণ্য রপ্তানি করাই তাদের মূল লক্ষ্য। আমরা পুনর্গঠনের কাজে যতটা সম্ভব স্থানীয় নির্মাণসামগ্রী ব্যবহার করতে চেয়েছিলাম। কিন্তু তারা রপ্তানির ওপর বেশি গুরুত্ব দিয়েছিল। শর্ত দিয়েছিল, ভারতের নির্মাণসামগ্রী ব্যবহার করতে হবে এবং ঠিকাদারও ভারত থেকে আনতে হবে।’
ঋণের অর্থ ব্যবহারের প্রক্রিয়া এগোতে না পারায় ২০১৮ সালে নেপালের জাতীয় পুনর্গঠন কর্তৃপক্ষ অর্থ মন্ত্রণালয়কে চুক্তির শর্ত পরিবর্তনের উদ্যোগ নিতে বলে। এ সময় প্রকল্প নির্বাচনের প্রক্রিয়া সহজ করা, কেনাকাটা ও দরপত্রের নিয়ম শিথিল করা এবং ছোট প্রকল্পের পরিবর্তে বড় প্রকল্পে ঋণের অর্থ ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখার প্রস্তাব দেওয়া হয়। তবে এসব প্রস্তাবেও প্রত্যাশিত অগ্রগতি আসেনি।
সুশীল গেওয়ালি বলেন, ঋণের শর্ত পূরণ করতে পারে এমন প্রকল্প নির্বাচন করা এবং সেগুলো বাস্তবায়নের জন্য স্থানীয় জনবলকে প্রয়োজনীয়ভাবে প্রস্তুত করা দরকার ছিল। পাশাপাশি এক্সিম ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলোর সরাসরি সমন্বয়ের অভাবও অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল।
তিনি বলেন, ‘আমরা বিনিয়োগের প্রক্রিয়া সহজ করার, তাদের প্রতিনিধিদের কাঠমান্ডুতে রাখার এবং নেপালের ভেতরেই অর্থ ছাড়ের ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দিয়েছিলাম। কাঠমান্ডুতে ভারতের এক্সিম ব্যাংকের একটি যোগাযোগ কার্যালয় স্থাপনের প্রস্তাবও দিয়েছিলাম।’
গেওয়ালি বলেন, নেপাল যদি শুরু থেকেই ঋণের শর্ত পূরণে সক্ষম এমন প্রকল্প নির্বাচন করত, তাহলে সেগুলো বাস্তবায়ন করা অনেক সহজ হতো।
ভারতে নিযুক্ত নেপালের সাবেক রাষ্ট্রদূত ও অর্থনীতিবিদ শঙ্কর শর্মাও মনে করেন, স্বল্প সুদের ঋণের অর্থ ছোট প্রকল্পের তুলনায় বড় প্রকল্পে ব্যবহার করা বেশি উপযোগী। তিনি বলেন, ‘ভূমিকম্প-পরবর্তী পুনর্গঠনের সময় ঋণের শর্তের কারণে আংশিকভাবে এই অর্থ ব্যবহার করা সম্ভব হয়নি। এ ধরনের অর্থ দিয়ে ছোট প্রকল্প বাস্তবায়ন করা কঠিন। এবার সরকার বড় জলবিদ্যুৎ প্রকল্প এবং বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণে অর্থ ব্যয়ের পরিকল্পনা করছে। বড় প্রকল্পে অর্থায়ন ও ঋণের অর্থ ব্যবহার করা তুলনামূলক সহজ।’
তবে শুধু বড় প্রকল্প নির্বাচন করলেই সমস্যার সমাধান হবে না বলে মনে করেন শর্মা। তাঁর মতে, নির্মাণসামগ্রী ও শ্রমিক ব্যবহারের ক্ষেত্রে আগের মতো শর্ত থাকলে এবারও প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত হতে পারে। তিনি বলেন, ‘ঋণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের ক্ষেত্রেও স্থানীয় বাস্তবতা বিবেচনায় নেওয়া জরুরি। নির্মাণসামগ্রী ও শ্রমিক স্থানীয়ভাবেই পাওয়া যায়। সেগুলো ভারত থেকে নিয়ে আসার বাধ্যবাধকতা থাকলে সমস্যা তৈরি হতে পারে।’ শর্মা আরও বলেন, ‘ঠিকাদার ভারতীয় হলেও স্থানীয় ঠিকাদারদের মাধ্যমে কাজ করানোর ব্যবস্থা করা সম্ভব।’
তথ্যসূত্র: কাঠমান্ডু পোস্ট









