রোহিঙ্গা গণহত্যা: রায় তো হলো, এখন কী

গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর পরিচালিত সামরিক অভিযানে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করেছেন। ১৯৪৮ সালের গণহত্যা সনদের আওতায় ২০১৯ সালে গাম্বিয়ার করা মামলার পরিপ্রেক্ষিতে এ রায় দেন আদালত।
রায়ে বলা হয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং রোহিঙ্গাদের গ্রাম ধ্বংসের মতো অপরাধ সংঘটিত করেছে। এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য ছিল রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে নিশ্চিহ্ন করা। গণহত্যা প্রতিরোধ এবং অপরাধের প্রমাণ সংরক্ষণেও মিয়ানমার ব্যর্থ হয়েছে। জাতিসংঘের স্বাধীন অনুসন্ধানী মিশনের ২০১৮ সালের প্রতিবেদন অনুযায়ী, ওই অভিযানে ১০ হাজারের বেশি মানুষ নিহত হন।
কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে অভিযুক্ত করে আইসিজের এমন রায় এটিই প্রথম। আদালত মিয়ানমারকে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধ, অপরাধীদের তদন্ত ও শাস্তি নিশ্চিত, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। রায়ে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং বিচ্ছিন্ন পরিবারগুলোকে পুনর্মিলনের বিষয়েও দায়িত্বের কথা বলা হয়েছে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, এই রায় মানেই যে দ্রুত প্রত্যাবাসন শুরু হয়ে যাবে, এমনটি নয়। আদালতের নিজস্ব কোনো সরাসরি বাস্তবায়নকারী ব্যবস্থা নেই। রায় অমান্য করা হলে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো যেতে পারে। রায়ের পরদিনই মিয়ানমার সরকার এই রায়কে অন্যায্য আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে।
প্রত্যাবাসনের পথে বাধা
বাংলাদেশে বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। তাঁদের অধিকাংশই কক্সবাজারের ঘনবসতিপূর্ণ শিবিরগুলোতে বসবাস করছেন। ২০১৭ সালের সামরিক অভিযানে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। পরবর্তী সংঘাতেও বাস্তুচ্যুত হয়েছেন অনেকে।
২০২৩ সালের শেষ দিকে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির নতুন করে সংঘাত শুরু হওয়ার পর রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে। বর্তমানে রাজ্যটির প্রায় পুরো এলাকা, এমনকি রোহিঙ্গাদের সম্ভাব্য প্রত্যাবাসন এলাকাগুলোর নিয়ন্ত্রণও আরাকান আর্মির হাতে। এই সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধেও রোহিঙ্গাদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে।
মিয়ানমার গত আগস্টে বাংলাদেশে আশ্রিত ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই করার কথা জানায়। তবে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রত্যাবাসন শুরু করা সম্ভব নয় বলে জানায় দেশটি।
রাখাইনে এখনো প্রায় ছয় লাখ রোহিঙ্গা রয়েছেন। তাঁদের মধ্যে আনুমানিক ১ লাখ ৪০ হাজার বাস্তুচ্যুত শিবিরে বসবাস করছেন। নাগরিকত্ব অস্বীকার, চলাচলে বিধিনিষেধ ও দীর্ঘদিনের বৈষম্যের কারণে তাঁদের জীবনও অনিশ্চিত।
আরাকান প্রজেক্টের পরিচালক ক্রিস লেওয়া বলেন, নাগরিকত্ব, অধিকার ও প্রকৃত নিরাপত্তা ছাড়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব নয়।
চাপে বাংলাদেশ, কমছে সহায়তা
রোববার (২২ নভেম্বর) প্রকাশিত এক নিবন্ধে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট মত দিয়েছে, আইসিজের রায় রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করেছে। তবে প্রত্যাবাসন নিয়ে এখন মিয়ানমার সরকার এবং রাখাইনের নিয়ন্ত্রণে থাকা আরাকান আর্মি—উভয়ের সঙ্গেই আলোচনার প্রয়োজন দেখা দিয়েছে।
ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্সকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে নিরাপদ প্রত্যাবাসনের পথ তৈরি করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে বহুপক্ষীয়ভাবে চাপ প্রয়োগ করা হবে।
এদিকে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তা কমছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মানবিক সহায়তা পরিকল্পনায় প্রয়োজনীয় ৭১ কোটি ডলারের মাত্র ৬৯ শতাংশ অর্থের সংস্থান হয়েছে। প্রায় ১৭ কোটি ৫০ লাখ জনসংখ্যার বাংলাদেশে রোহিঙ্গাদের অবাধে কাজ করার সুযোগ নেই। ফলে তাঁদের দীর্ঘমেয়াদি আশ্রয় ও সহায়তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, আইসিজের রায় চূড়ান্ত, বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। রায় বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাও চেয়েছেন তিনি।
তবে বছরের পর বছর শিবিরে কাটানো রোহিঙ্গাদের কাছে আইনি স্বীকৃতির চেয়েও বড় আকাঙ্ক্ষা নিজেদের ভূমিতে ফিরে যাওয়া।
বাংলাদেশে আশ্রিত ২৪ বছর বয়সী রোহিঙ্গা যুবক মোহাম্মদ জুবায়ের রয়টার্সকে বলেন, এ রায় তাঁর মনে নতুন শক্তি ও আশার সঞ্চার করেছে। তাঁর সবচেয়ে বড় স্বপ্ন শুধু বিশ্ববাসীর কাছে নির্যাতনের স্বীকৃতি পাওয়া নয়; বরং এমন একটি দিন দেখা, যেদিন তাঁরা নিজেদের পূর্বপুরুষের মাটিতে স্বাধীনভাবে হাঁটতে পারবেন।









