ইরান কীভাবে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে মার্কিন স্থাপনায় হামলা করল

ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলার জবাবে ইরান মার্কিন বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানে স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবাকে ব্যাকআপ যোগাযোগ ব্যবস্থা হিসেবে ব্যবহার করেছে। এই ঘটনা শুধু একটি সামরিক কৌশল নয়, বরং আধুনিক যুদ্ধে বেসামরিক প্রযুক্তির দ্বৈত ব্যবহার এবং নিয়ন্ত্রণহীনতার গুরুতর প্রশ্ন তুলে ধরেছে।
গত ২৮ ফেব্রুয়ারির দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সমন্বিত হামলা চালায়। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি ও স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। মার্কিন হামলায় ইরানের প্রচলিত যোগাযোগ নেটওয়ার্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ পরিস্থিতিতে ইরানি বাহিনী স্টারলিংক টার্মিনালকে বিকল্প হিসেবে কাজে লাগায়। এই টার্মিনালগুলো ইরানে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত নয়। এগুলো আগে থেকেই চোরাচালান বা অন্যান্য মাধ্যমে দেশটিতে প্রবেশ করেছিল এবং বিক্ষোভের সময়ও ব্যবহৃত হয়েছিল।
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম-এর গোপনীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান স্টারলিংক ব্যবহার করে বাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল পরিচালনা করেছে এবং একমুখী আক্রমণাত্মক ড্রোন অভিযান তদারকি করেছে। গত গ্রীষ্মে এই প্রতিবেদন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে পেশ করা হয়েছিল। একাধিক সূত্র এবং স্পেসএক্সের অভ্যন্তরীণ আলোচনায়ও ইরানি সামরিক বাহিনীর এই ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিশেষভাবে উল্লেখযোগ্য একটি ঘটনা হলো গত ১ মার্চ কুয়েতের পোর্ট শুয়াইবায় মার্কিন ট্যাকটিক্যাল অপারেশনস সেন্টারে ইরানি ড্রোন হামলা। এতে ছয়জন মার্কিন সেনা নিহত এবং ৩০ জনের বেশি আহত হন। যদিও ওয়াশিংটন পোস্ট স্পষ্টভাবে বলতে পারেনি যে ওই নির্দিষ্ট হামলায় স্টারলিংক ব্যবহার করা হয়েছিল, তবুও সামগ্রিক প্রেক্ষাপটে স্টারলিংকের ভূমিকা উদ্বেগজনক।
ইলন মাস্ক এই তথ্য জানার পর ক্ষুব্ধ হন। স্পেসএক্স পরে কয়েকজন নির্বাহীকে বরখাস্তও করে। হামলার কয়েক ঘণ্টার মধ্যেই স্পেসএক্স বিমানের জন্য পরিচয় যাচাইয়ের নিয়ম আরোপ করে এবং পরবর্তীতে বিক্রয় সীমাবদ্ধতা ও রিসেলার প্রোগ্রাম স্থগিত করে। তবে একবার টার্মিনাল ছড়িয়ে পড়লে তা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা কঠিন—ইউক্রেন যুদ্ধেও স্টারলিংকের দ্বৈত ব্যবহারের অভিজ্ঞতা এর প্রমাণ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের তথ্য অনুযায়ী, ইলন মাস্ককে জানানো হয়েছিল, মার্কিন সামরিক বাহিনী স্টারলিংকের সামরিক সংস্করণ—যা ‘স্টারশিল্ড’ নামে পরিচিত—সেটি ব্যবহার করে ‘ওয়ান-ওয়ে’ (একমুখী) ড্রোন পরিচালনা করেছে। তবে তারা এর জন্য স্থল অভিযানের উপযোগী একটি সাশ্রয়ী সাবস্ক্রিনশন প্ল্যান বেছে নিয়েছিল।
এই ঘটনা আধুনিক যুদ্ধক্ষেত্রে বেসামরিক প্রযুক্তির সামরিকীকরণের বাস্তবতাকে স্পষ্ট করে তোলে। স্টারলিংকের মতো লো-আর্থ অরবিট স্যাটেলাইট নেটওয়ার্ক দ্রুত, নির্ভরযোগ্য এবং সহজে স্থাপনযোগ্য। ফলে যুদ্ধকালীন যোগাযোগ বিচ্ছিন্ন হলেও এটি বিকল্প হিসেবে কাজ করতে পারে। ইরানের মতো দেশ, যারা নিজেদের যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হওয়ার পরও প্রতিরোধ গড়ে তুলতে চায়, তাদের জন্য এটি আকর্ষণীয়।
তবে এর ফলে গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। একদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নিজেরাই স্টারলিংক ও স্টারশিল্ড ব্যবহার করছে, অন্যদিকে প্রতিপক্ষও একই প্রযুক্তি কাজে লাগাচ্ছে। প্রযুক্তি নিয়ন্ত্রণে ব্যর্থতা যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। পাশাপাশি, বেসামরিক ব্যবহারকারীদের জন্য তৈরি প্রযুক্তি যখন সামরিক হামলায় ব্যবহৃত হয়, তখন আন্তর্জাতিক আইন ও নৈতিক প্রশ্নও উঠে আসে।
স্যাটেলাইট ইন্টারনেটের মতো প্রযুক্তি যেমন উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলায় সহায়ক, তেমনি যুদ্ধকালীন সময়ে তা দ্বৈত ব্যবহারের ঝুঁকিও বহন করে। ভবিষ্যতে এ ধরনের প্রযুক্তির রপ্তানি, ব্যবহার ও নিয়ন্ত্রণ নিয়ে আরও কঠোর আন্তর্জাতিক কাঠামো প্রয়োজন।
মার্কিন প্রতিরক্ষা বিভাগ বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি। স্পেসএক্স ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদন স্পষ্ট করে দিয়েছে যে, ভবিষ্যতের যুদ্ধ শুধু অস্ত্রের লড়াই নয়—যোগাযোগ ও তথ্যপ্রযুক্তির নিয়ন্ত্রণই হবে অন্যতম নির্ধারক বিষয়।










-a05f78-256x144.webp)