বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে উৎখাত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে প্রতিবেশী দেশটির ‘কূটনৈতিক মাথাব্যথা’ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। বাংলাদেশের ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রীর ১৫ বছরের শাসনামলে মানবাধিকার লঙ্ঘন ও দমন-পীড়নের অজস্র অভিযোগ রয়েছে। সর্বশেষ গণ-আন্দোলনে গুলি চালিয়ে শত শত মানুষকে হত্যার অভিযোগে তাঁর বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। এরই মধ্যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি উঠেছে।
কিন্তু ৭৬ বছর বয়সী হাসিনাকে ফেরত পাঠাতে হলে দক্ষিণ এশিয়ার অন্য প্রতিবেশীদের কাছে ভারতের অবস্থান ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি রয়েছে৷ বিশেষ করে, দক্ষিণ এশিয়ায় আধিপত্য বিস্তারে চীনের সঙ্গে দ্বৈরথ চলার সময় এই উদাহরণ অনেকেই হয়ত ভালো চোখে দেখবে না।
সংঘাত প্রশমনবিষয়ক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের টমাস কিন বার্তাসংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ভারত স্পষ্টতই তাঁকে (হাসিনা) বাংলাদেশে ফেরত পাঠাতে চায় না। এর ফলে নয়াদিল্লির সঙ্গে সুসম্পর্কে থাকা এই অঞ্চলের অন্য নেতাদের কাছে এমন বার্তা যাবে যে, শেষ পর্যন্ত ভারত আপনাকে রক্ষা করবে না। বিষয়টা ভারতের জন্য খুব ইতিবাচক হবে না।’
গত বছর মালদ্বীপে এমন একজন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, যিনি জয়ের পরপরই নয়াদিল্লির বদলে কৌশলগতভাবে বেইজিংয়ের দিকে বেশি ঝুঁকে পড়েছেন। হাসিনার পতনের ফলে ভারত এই অঞ্চলে তার ঘনিষ্ঠতম মিত্রকে হারিয়েছে৷
শেখ হাসিনার আমলে যাঁরা নির্যাতিত হয়েছেন, তাঁরা এর জন্য ভারতকেই অনেকাংশে দায়ী করেন। ভারতের হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কূটনীতিও সেই বৈরিতা ছড়াতে ভূমিকা রেখেছে৷
৮৪ বছর বয়সী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন মোদি। বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের রক্ষার জন্য ইউনূসের প্রশাসনকে বারবার অনুরোধ করেছেন মোদি৷
ভারতের স্বাধীনতা দিবসে সপ্তদশ শতকের লাল কেল্লা থেকে দেওয়া ভাষণে বাংলাদেশি হিন্দুদের বিপদে পড়ার কথা তুলে ধরেন মোদি। পরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপেও বিষয়টি উত্থাপন করেছেন বলে তিনি দাবি করেন।
শেখ হাসিনার পতনের পর বিশৃঙ্খল পরিস্থিতিতে হিন্দু ধর্মাবলম্বী ও মন্দিরের ওপর বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে। বাংলাদেশে সরকারপতনের আন্দোলনের নেতৃত্বদাতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এসব ঘটনার নিন্দাও জানানো হয়েছে। কিন্তু ভারতের সরকার সমর্থক বেশ কিছু সংবাদমাধ্যমে এসব ঘটনার অতিরঞ্জিত বিবরণ বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে নেতিবাচক ধারণা ছড়িয়েছে৷
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত হাসিনাকে সমর্থন করে ‘তার সব ফল এক ঝুড়িতে রেখে দিয়েছে’ এবং পরিস্থিতি কীভাবে বদলাতে হবে সেটা বুঝতে পারেনি৷
হাসিনার আমলে গ্রেপ্তার হওয়া বিএনপির হাজার হাজার নেতা-কর্মীর একজন মির্জা ফখরুল এএফপিকে বলেন, ‘বাংলাদেশের জনগণ ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায়, কিন্তু সেটা নিজেদের স্বার্থের বিনিময়ে নয়।’
তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, ভারতের মনোভাব এই আত্মবিশ্বাস তৈরির জন্য অনুকূল নয়।’
এমন অনাস্থা ও অবিশ্বাসের পরিস্থিতিতেই আগস্ট মাসে ভয়াবহ বন্যায় আক্রান্ত হয় দুই দেশই। এই বন্যার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বসহ অনেক বাংলাদেশি ভারতকে দায়ী করেছেন।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনো প্রকাশ্যে ‘শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার বিষয়টি’ নয়াদিল্লির কাছে তোলেনি। কিন্তু অন্তর্বর্তী সরকার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করায় হাসিনার অন্য কোনো দেশে যাওয়াটাও কঠিন হয়ে পড়েছে। তিনি নয়াদিল্লির কাছে হিন্দন সামরিক বিমানঘাঁটিতে অবস্থান করছেন।
২০১৩ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় প্রত্যাবাসন চুক্তি হয়েছিল। এর অধীনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার সুযোগ রয়েছে৷
তবে চুক্তির একটি ধারায় অপরাধ ‘রাজনৈতিক চরিত্রের’ হলে দুই দেশকেই ফেরত পাঠানোর অনুরোধ প্রত্যাখ্যানের সুযোগও দেওয়া আছে।
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী এএফপিকে বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চাপ দেওয়ার চেয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক রক্ষা বাংলাদেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ৷
তিনি বলেন, ‘যে কোনো বুদ্ধিমান সরকার বুঝতে পারবে যে, হাসিনার ভারতে থাকার বিষয়টিকে ইস্যুতে পরিণত করা তাদের জন্য কোনো সুবিধা তৈরি করবে না।’

যুক্তরাষ্ট্র ২০২২ সালে সৌদি আরবের লোহিত সাগর উপকূলবর্তী ইয়ানবু শহরের কাছে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ চলাকালে এই ঘাঁটিতে তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। কারণ, ইরানের উপকূলের কাছাকাছি অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হামলা...
১৬ ঘণ্টা আগে
স্পাইং বা গুপ্তচরবৃত্তির কাহিনিগুলোতে সাইলেন্সার লাগানো পিস্তল, গোপন নম্বরের ব্যাংক অ্যাকাউন্ট আর ঝলমলে হীরার গল্পই বেশি শোনা যায়। কিন্তু বিদেশিদের তথ্যদাতা বা গুপ্তচর হিসেবে নিয়োগ দিতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ বাস্তবে যে কৌশল ব্যবহার করে, তা অনেক বেশি অদ্ভুত, অনেক বেশি মানবিক।
২০ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসময় যুক্তরাষ্ট্র–ইসরায়েল সম্পর্ক পুনর্মূল্যায়ন করবেন, এটা এখন বেশিরভাগ ইসরায়েলির কাছেই প্রায় অনিবার্য বলে মনে হচ্ছে। ১৯৪৮ সালে বিভিন্ন জায়নবাদী সশস্ত্র গোষ্ঠীকে একত্র করে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই এই জোট ইসরায়েলি সামরিক বাহিনীকে টিকিয়ে রাখতে
২ দিন আগে
বাংলাদেশের নতুন সরকার প্রায় স্থবির হয়ে পড়া অর্থনীতি পুনরুজ্জীবিত করতে আরও বেশি চীনা বিনিয়োগ ও অংশীদারত্ব প্রত্যাশা করছে। একই সঙ্গে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কেও নতুন ভারসাম্য আনার চেষ্টা করছে ঢাকা। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান গত মাসে প্রথম সরকারি সফরে মালয়েশিয়া ও চীন সফর করেন।
২ দিন আগে