একের পর এক ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজা যখন প্রায় ধুলার সঙ্গে মিশে গেছে, তখন হঠাৎ করেই ইসরায়েল ও লেবাননের মধ্যে সংঘাত বিশ্বজুড়ে মনোযোগ কেড়েছে। বিশেষ করে, গত সোমবার (২৩ সেপ্টেম্বর) লেবাননের শহরগুলোতে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা নতুন একটি যুদ্ধের সূত্রপাত করেছে।
লেবাননে ইসরায়েলের হামলায় একটি মর্মান্তিক মানবিক সংকট তৈরি হয়েছে। মাত্র এক দিনের ব্যবধানে এই হামলায় এখন পর্যন্ত ৫৫৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে অনেক নারী এবং শিশুও আছে। হামলা থেকে বাঁচতে নিজের ঘর-বাড়ি ফেলে পালিয়ে যাচ্ছে অসংখ্য পরিবার। বাস্তুচ্যুত হয়েছে হাজার হাজার মানুষ।
লেবাননে ইসরায়েলের এই সামরিক অভিযানকে গাজার সঙ্গে বিস্তৃত সংঘাতের একটি ‘নতুন পর্যায়’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। প্রাথমিকভাবে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের সামরিক সক্ষমতা ধ্বংস করাই এই হামলার লক্ষ্যে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট হামলার আগে ঘোষণা দিয়েছিলেন—হিজবুল্লাহর কাছ থেকে অনুভূত হুমকির কারণে লেবাননের সীমান্ত সংলগ্ন ইসরায়েলি বসতিগুলো থেকে অসংখ্য মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল। সেই সব মানুষকে তাঁদের বাড়িতে ফিরিয়ে নিতে হিজবুল্লাহর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা পরিচালনা করা হচ্ছে।
আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, লেবাননে ইসরায়েলের সর্বশেষ হামলা ঘটনাটি শুরু হয়েছিল সোমবার সকাল থেকে। লেবাননের বন্দর শহর বাইব্লোসের কাছে একটি কম জনবহুল এলাকায় প্রথম বোমা হামলাটি করে ইসরায়েল। পরবর্তীতে হিজবুল্লাহর আস্তানা সন্দেহে আরও ১ হাজার ৩০০টি অবস্থান লক্ষ্য করে বোমা ফেলা হয়। সাধারণত লেবাননের দক্ষিণ অংশ এবং বেকা উপত্যকা অঞ্চলেই হিজবুল্লাহ যোদ্ধাদের বেশি উপস্থিতি এবং নিয়ন্ত্রণ রয়েছে। বোমা হামলার আগে ইসরায়েলের সামরিক বাহিনী ওই অঞ্চলগুলোতে ৮০ হাজারেরও বেশি স্বয়ংক্রিয় কল পরিচালনা করেছিল। ওই কলগুলোতে লেবাননের নাগরিকদের এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। ফলে অসংখ্য পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপদে পালানোর চেষ্টা করতে গিয়ে বড় ধরনের যানজটের কবলে পড়ে।
বড় ধরনের বিমান হামলা শুরুর আগে গত সপ্তাহেই দুই ধাপে হিজবুল্লাহ গেরিলাদের ব্যবহৃত পেজার ও ওয়াকি-টকির মতো যোগাযোগের অসংখ্য যন্ত্র একযোগে বিস্ফোরিত হয়েছিল। এই ঘটনার জন্যও ইসরায়েলকে দায়ী করে আসছিল সংগঠনটি।
ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হবে বলে প্রতিক্রিয়া জানিয়েছে হিজবুল্লাহ গোষ্ঠী। দুই পক্ষের মধ্যে ইতিমধ্যে সীমান্তে গুলি বিনিময় শুরু হয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে রকেট কিংবা অন্যান্য গোলা-বারুদ ছুড়েও জবাব দিচ্ছে হিজবুল্লাহরা। ফলে এই সংঘাত একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের উদ্বেগ বাড়িয়েছে।

২০১৬ সালের ১৫ জুলাইয়ের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের এক দশক পূর্তিতে তুরস্কে বেসামরিক-সামরিক সম্পর্ক, গণতন্ত্র, ফেতোবিরোধী অভিযান এবং এরদোয়ান সরকারের নীতির দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। বিশেষজ্ঞরা বলছেন, আরেকটি প্রচলিত সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা এখন খুবই কম হলেও গণতান্ত্রিক...
২ ঘণ্টা আগে
পৃথিবীর এক প্রান্তের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। একটি বিমান নেমে এলেন মোসাদের একদল এজেন্ট। তাঁরা নিজেদের ফোন চালু করেই দেখলেন, গাজার সীমান্তবর্তী ইসরায়েলি অঞ্চলে কয়েক শ মানুষ নিহত, অজানা সংখ্যক ইসরায়েলি জিম্মি, আর পুরো একটি এলাকা হামাসের নিয়ন্ত্রণে।
১ দিন আগে
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের ব্যাখ্যাগত বিরোধ আবারও দুই দেশকে যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ অ্যালান আইয়ার। তাঁর মতে, এই বিরোধের সমাধান ছাড়া পারমাণবিক চুক্তিতে অগ্রগতি সম্ভব নয়। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র...
২ দিন আগে
ইরানের শাসকগোষ্ঠীর কাছে হরমুজ প্রণালিতে নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণ ধরে রাখাটা ট্রাম্প প্রশাসনের দেওয়া হাজার কোটি ডলারের নিষেধাজ্ঞা মওকুফের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর কারণ হলো—তেহরান আসলে একটি দীর্ঘমেয়াদি খেলা খেলছে। ইরানি কর্মকর্তাদের বিশ্বাস, গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধে...
৩ দিন আগে