গাজীপুরের শ্রীপুরে দুই বছরের বকেয়া বাৎসরিক ইনক্রিমেন্ট পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আরএকে সিরামিক কারখানার শত শত শ্রমিক। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় দুপাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েছে বিভিন্ন পরিবহনের হাজারো যাত্রী। ইতিমধ্যে ঘটনাস্থলে শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর এলাকার আরএকে সিরামিক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ শুরু করে।
আরএকে সিরামিক কারখানার শ্রমিক খায়রুল ইসলাম বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করছে না। আমাদের দুই বছরের বাৎসরিক ইনক্রিমেন্ট বকেয়া রেখেছে। দেই-দিচ্ছে করে শুধু সময় পার করছে। আমরা শ্রমিকেরা শুধু আশ্বাসের বুলি শুনছি। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে আমাদের কাছে একটা টাকার যে কত মূল্য, তা ওপরের তলার লোকজন বুঝবে না।’
একই কারখানার শ্রমিক শাকিল আহমেদ বলেন, ‘দুই বছর আগে দুই থেকে তিন মাস পরপর বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করা হতো। কিন্তু গত দুই বছরের ইনক্রিমেন্ট বকেয়া থাকলেও তা পরিশোধ করছে না কারখানা কর্তৃপক্ষ। এসব দাবি নিয়ে কর্তৃপক্ষের কাছে কথা বলতে গেলে আমাদের অনেক বকাঝকা খেতে হয়। অনেকে আবার চাকরিচ্যুত হয়।’
কারখানার শ্রমিক আরিফ মিয়া বলেন, ‘আরএকে সিরামিক কারখানা ইনক্রিমেন্ট বাস্তবায়ন না করে পূর্বের গেজেট আকারে বেতন পরিশোধ করছে। এতে করে আমাদের অনেক সমস্যা হচ্ছে। যে পরিমাণ বেতন পাই, তা দিয়ে সংসার চালাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। স্ত্রী-সন্তানের মুখে দুমুঠো ভাত তুলে দিতে সমস্যা হচ্ছে। আমাদের ন্যায্য পাওনা বাৎসরিক ইনক্রিমেন্ট বাস্তবায়ন হলে আর তা যথা সময়ে পরিশোধ করলে আমাদের মতো শ্রমিকদের একটু হলেও উপকার হয়। কারখানা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছিল গত মাসের বেতনের সঙ্গে বাৎসরিক ইনক্রিমেন্ট দেওয়া হবে। কিন্তু গত মাসে দেয়নি। এ মাসেও দেবে না বলে জানিয়েছে।’
আরএকে সিরামিক কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘শ্রমিকদের বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদানের জন্য কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। একটা সিদ্ধান্ত হচ্ছে এ বিষয়ে। কিন্তু কারখানার শ্রমিকদের দাবি, আজকের মধ্যে বাৎসরিক ইনক্রিমেন্ট বকেয়া পাওনা পরিশোধ করতে হবে। এটা কোনোভাবেই সম্ভব নয় বলে জানানোর সঙ্গে সঙ্গে শ্রমিকেরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সোহেল রানা বলেন, ‘মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বাৎসরিক ইনক্রিমেন্ট বকেয়া পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকেরা। বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হচ্ছে। তিনি আরও জানান, সকাল সাড়ে ৮টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।’

ফরিদপুরের আলফাডাঙ্গায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে হোয়াটসঅ্যাপে যৌন হয়রানি ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে তদন্তে সত্যতা মিলেছে। এর মধ্যে অভিযুক্ত শিক্ষক তিন মাসের চিকিৎসা ছুটির আবেদন করেছেন। নিরাপত্তা শঙ্কা ও মানসিক চাপে বিদ্যালয় ছেড়েছে ভুক্তভোগী শিক্ষার্থী।
৮ মিনিট আগে
কয়েক বছর ধরে নদী ভাঙনে উপজেলার মেখলি এলাকার শত শত বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখনো ভাঙন ঝুঁকিতে রয়েছে অসংখ্য বসতবাড়ি ও আবাদি জমি। প্রতিনিয়ত নদীভাঙনে ছোট হয়ে আসছে এলাকার মানচিত্র।
১৪ মিনিট আগে
মুন্সিগঞ্জের গজারিয়ায় ভুয়া ডিবি পরিচয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে আন্তঃজেলা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ, দুটি ওয়াকিটকি এবং তিনটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
২৩ মিনিট আগে
কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে ৭ বাংলাদেশির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। দুই দেশের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনা হবে। এ ঘটনায় হোটেলের ইজারাদার আবু জাফরকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।
২৮ মিনিট আগে