নির্বাচনী সভায় গুলিতে আহত ট্রাম্প, বন্দুকধারী নিহত

পেনসিলভানিয়ায় নির্বাচনী সভায় বক্তৃতা দেওয়ার সময় গুলিবিদ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে গেছে। সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
বাটলার কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি গণমাধ্যমে জানিয়েছেন, এ ঘটনায় বন্দুকধারী ও আরেকজন সমর্থক নিহত হয়েছেন। সেই সঙ্গে দুজন সন্দেহভাজন আহত হয়েছেন।
এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ গুলির শব্দ হয়। নিজের কান হাত দিয়ে ধরে সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন ট্রাম্প। এ সময় তাঁর সমর্থকদের চিৎকার করতে শোনা যায়।
ট্রাম্পের প্রচার শিবির বলেছে, ট্রাম্পকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আঘাতটি গুরুতর নয়।
একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ট্রাম্প মঞ্চে ওঠার কিছুক্ষণ পরেই হাতে রাইফেল নিয়ে পাশের একটি ভবনের ছাদে ওঠেন সন্দেহভাজন হামলাকারী।
এক বিবৃতিতে ট্রাম্পের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, পেনসিলভানিয়ায় সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত।
তিনি আরও বলেন, ‘আমরা এ ধরনের ঘটনা মেনে নিতে পারি না।’
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেশটির সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। হামলাকারী গুলি ছোড়ার সঙ্গে সঙ্গেই দ্রুত পদক্ষেপ নেওয়ায় জন্যও তাঁদের ধন্যবাদ দেন।
ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা সম্পর্কিত আরও খবর পড়ুন:
- গুলিতে আহত হওয়ার পর ট্রাম্পকে বাইডেনের কল
- ট্রাম্পের ওপর হামলাকে হত্যাচেষ্টা বলছে এফবিআই
- ক্ষমতায় থাকা অবস্থায় খুন হন ৪ মার্কিন প্রেসিডেন্ট
- ট্রাম্পের ওপরে হামলার ঘটনা নিয়ে যা বললেন বাইডেন
- হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ট্রাম্প
- ট্রাম্পের ওপর হামলাকারীর পরিচয় জানালো এফবিআই
- ট্রাম্পের ওপর হামলা, মার্কিন নির্বাচনে নতুন মোড়
- গুলিতে আহত হওয়া সত্ত্বেও দলের জাতীয় সম্মেলনে অংশ নেবেন ট্রাম্প
- ট্রাম্পের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানালেন বিশ্বনেতারা









