ধীরে ধীরে পানি বাড়ছে চারদিকে। ফেনীর ফুলগাজী উপজেলায় পারুল বেগমের ঘরের ভেতর তখন হাঁটুপানি। পাশের দোতলা বাড়িতে তাঁর দেবর থাকেন। সেখানেই রাতে থাকার ব্যবস্থা। পারুল ভাবলেন, ওষুধগুলো সঙ্গে নিয়ে যাবেন। অল্প অল্প করে পানি উঠছিল বাড়িতে। আলমারির ওপর ওষুধের বাক্স। চেয়ারে উঠে সেটা হাতে নিতেই গলাসমান পানি ঢুকে গেল ঘরে। পারুল বেগমের বড় ছেলে কোনোমতে তাঁকে কাঁধে নিয়ে ঘর থেকে বের হয়ে যান।
এভাবেই বন্যার অভিজ্ঞতা বর্ণনা করছিলেন পারুল বেগম। বলছিলেন, বিয়ের পর ফেনীতে এসে গত ৩০ বছরে এমন বন্যা দেখেননি তিনি। বড়জোর বাড়ির উঠান পর্যন্ত পানি দেখেছিলেন। পানির তীব্র স্রোত আর প্রতি মুহূর্তে বেড়ে চলা পানির ভয়াবহতা কখনো নিজের চোখে দেখতে হবে, সেটা তিনি কল্পনাও করেননি। পানির নিচে চলে গেছে তাঁদের বাড়ি। শুকনা খাবার আর বাড়িতে থাকা চাল-ডাল দিয়ে ছয় দিন পার করেছেন। সেই খাবারও প্রায় শেষের দিকে। খাবারের কষ্ট আর বসতবাড়ির ডুবে যাওয়া চিত্র তাঁকে দেখতে হয়েছে চোখের সামনে। পানি নেমে গেলে যে দৃশ্য দেখতে হবে, তা ভেবেও কূলকিনারা পাচ্ছেন না পারুল। বলছিলেন, ‘মনে তো হয় না আর কিছু বাকি আছে। পানি নামি গেলে বোঝা যাবে, কী আছে আর কী নাই।’
এখন ধীরে ধীরে কমতে থাকা পানির দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন পারুল বেগমের মতো অসংখ্য নারী। এই নারীদের প্রায় কেউ কেউ বন্যা দেখলেও ঘরে গলাসমান পানি দেখেননি অতীতে। দেখেননি বানের পানির এমন প্রবল স্রোত। চোখের সামনে ডুবতে থাকা নিজের ঘর, ভিটা, পুকুর কিংবা খেত-খামার দেখা হয়নি। ফলে অনিশ্চিত ভবিষ্যৎ তাঁদের আতঙ্কিত করে তুলেছে।
সিজারিয়ান অপারেশনে সদ্যই মা হয়েছেন ডালিয়া। তাঁর সন্তানের বয়স মাত্র ১৫ দিন। বাড়িতেই ছিলেন। বন্যার পানি বাড়লে প্রতিবেশী গোপাল পালের বাড়িতে উঠেছিলেন শিশু আর ষাটোর্ধ্ব শাশুড়িকে নিয়ে। সেখানেই পানিবন্দী হয়ে থেকেছেন ছয় দিন। এরপর ফেনী শহর থেকে ননদ এসে তাঁদের নিয়ে যান। আতঙ্ক আর ভয়ে খুব একটা কথা বলছেন না ডালিয়া। তাকিয়ে থাকেন নিজের কোলের শিশুর দিকে।
ডালিয়ার ননদ সুফিয়া জানান, প্রথম দুই দিনে বাড়িতে পানি উঠে গেলে এলাকার মানুষের সহায়তায় প্রতিবেশীদের বাড়িতে থাকা শুরু করেন তাঁর মা ও ভাবি। মুঠোফোনে যোগাযোগ হলেও পানি বাড়ার কারণে নিজের কাছে নিয়ে আসতে পারছিলেন না। একসময় যোগাযোগ বন্ধ হয়ে গেলে দিশেহারা হয়ে পড়েন সুফিয়া। শিশুর খাবারের জোগান তাঁর মায়ের কাছেই। কিন্তু এই কদিন ঠিকমতো খেতে পারেননি ডালিয়া। তিনি মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানান সুফিয়া।
বন্যাকবলিত জেলাগুলোর আতঙ্কিত হাজার হাজার নারী এখন অসহায়ভাবে দিন গুনছে, কবে পানি নেমে যাবে। প্রতিদিন যে ঘরের মেঝে ঝাড় দিয়ে ধুয়ে-মুছে রাখতেন, যে হেঁশেলে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে চুলা জ্বলত, সবই এখন পানির নিচে। পানি সরে গেলে সেই চুলা কিংবা ঘরের মেঝে বা চালাগুলোকে ঠিক কোন অবস্থায় দেখা যাবে, সেই আতঙ্ক এখন তাদের চোখে-মুখে স্পষ্ট। ঘরবাড়ি বিপর্যস্ত হওয়ার সঙ্গে আছে বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে থাকার দুর্বিষহ স্মৃতি।
আরও আছে জীবিকার টানাপোড়েন। কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর এলাকার মানুষের চাকরির বাইরে মূল জীবিকার উৎস কৃষি। চাষবাসের সঙ্গে মাছ, মুরগি আর গবাদিপশুর খামার ছিল অনেক মানুষের সম্বল। বন্যার পানিতে সবকিছুই শেষ। ভেসে গেছে মাছের ঘের। মুরগি মারা গেছে খামারে। গবাদিপশু যা বেঁচে আছে, তা দিয়ে খামারের ক্ষতি পুষিয়ে নেওয়া প্রায় অসম্ভব। এই সবকিছুর চাপ পড়বে হেঁশেলে। আর সেই হেঁশেল সামলাতে হয় নারীদের। ফলে তাদের আতঙ্কিত হওয়ার কারণ খুব স্বাভাবিক; যা হবে দীর্ঘস্থায়ী।
এবারের বন্যার পানির যে ভয়াল স্রোত, তা কুমিল্লা, ফেনী কিংবা নোয়াখালীর মানুষের কাছে নতুন। চোখের সামনে দেখা সেই দৃশ্য তাদের মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলেছে। বন্যার পানি হয়তো দ্রুতই নেমে যাবে, কিন্তু তাদের এই আতঙ্ক কাটবে কবে, তা বলা কঠিন। নারীদের এ পরিস্থিতি থেকে উত্তরণে দরকার দীর্ঘ মেয়াদে মানসিক কাউন্সেলিং। সেটা যত দ্রুত শুরু হবে, ততই মঙ্গল।

সম্প্রতি ‘ফোর্বস’ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ২৫ দানবীরের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকার ২৫ জনের মধ্যে আছেন ছয়জন নারী। এই নারীরা কোনো আড়ম্বর ছাড়াই বিলিয়ন বিলিয়ন ডলার সমাজসংস্কারে ব্যয় করছেন।
৫ দিন আগে
বাসার বাইরে এটাই আমার প্রথম রোজা। আমি এ বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আমার গ্রামের বাড়ি খুলনায়। ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রমজান মাসে ক্লাস বন্ধ না দেওয়ার কারণে আমি বাড়িতে যেতে পারছি না। কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে, মানসিকভাবে। কখনোই পরিবার ছাড়া এভাবে থাকা হয়নি কিংবা...
৫ দিন আগে
অষ্টম শ্রেণিতে পড়াশোনার সময় নুসরাত জাহান নুহার শরীরে আক্রমণ করে মরণব্যাধি ক্যানসার। যে বয়সে একজন কিশোরীর জীবন এগিয়ে যাওয়ার কথা, সেই সময়ে তাঁর জীবন থেমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। কিন্তু নিজের অদম্য মনোবল আর পরিবারের পাশে থাকার শক্তি তাঁকে ক্যানসারের সঙ্গে যুদ্ধে নেমে পড়ার শক্তি জোগায়।
৫ দিন আগে
১৩ দিন আগে সৌদি আরব থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেশে ফিরেছিলেন রিজিয়া বেগম (৪০)। হাতে ছিল না পাসপোর্ট বা কোনো পরিচয়পত্র। চিনতে পারছিলেন না কাউকেই। অবশেষে ব্র্যাক অভিবাসন ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রযুক্তির সহায়তায় মিলেছে তাঁর পরিচয়।
৬ দিন আগে