Ajker Patrika

কমান্ডার ইন বিফ: নারায়ণগঞ্জের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে এবার এএফপির প্রতিবেদন

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২১ মে ২০২৬, ১২: ৫৩
কমান্ডার ইন বিফ: নারায়ণগঞ্জের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে এবার এএফপির প্রতিবেদন
নারায়ণগঞ্জের ডোনাল্ড ট্রাম্প নামের সেই মহিষ। ছবি: এএফপি

বাংলাদেশে এক অদ্ভুত সামাজিক যোগাযোগমাধ্যম তারকাকে ঘিরে শোরগোল তৈরি হয়েছে। তবে এই তারকা কোনো অভিনেতা বা গায়ক নয়, বরং সোনালি চুলওয়ালা এক অ্যালবিনো মহিষ। কয়েক দিনের মধ্যেই কোরবানির জন্য জবাই হওয়ার কথা এই মহিষটির। কিন্তু তার আগেই এটিকে একনজর দেখতে আর ছবি তুলতে ভিড় করছেন অসংখ্য মানুষ।

মহিষটির ডাকনাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। কারণ, এটির মাথাভর্তি ঢেউ খেলানো সোনালি চুলের ধরন অনেকটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিগনেচার স্টাইলের চুলের মতো। আর মজা করে বার্তা সংস্থা এএফপি এই মহিষটির নাম দিয়েছে ‘কমান্ডার ইন বিফ’; যা মার্কিন প্রেসিডেন্টের ‘কমান্ডার ইন চিফের’ অনুকরণে রাখা হয়েছে।

মহিষটির ৩৮ বছর বয়সী মালিক জিয়া উদ্দিন মৃধা জানান, প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটির নাম রেখেছেন তাঁর ছোট ভাই। ঢাকার অদূরে নারায়ণগঞ্জে নিজের খামারে এএফপিকে তিনি বলেন, ‘মহিষটার অনন্য চুলের কারণেই আমার ছোট ভাই এই নামটা বেছে নেয়।’

মৃধা জানান, মে মাসজুড়ে কৌতূহলী দর্শনার্থীদের অবিরাম ভিড় লেগেই আছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার, আশপাশের মানুষ ও শিশুরা সবাই ভিড় করছেন এই ইন্টারনেট সেনসেশনকে দেখতে। খামারে দেখা যায়, কয়েকজন মানুষ মহিষটির মাথায় ঠান্ডা পানি ঢালছেন। এরপর গোলাপি রঙের একটি ব্রাশ দিয়ে তার সোনালি চুল আঁচড়ে দেওয়া হচ্ছে। চুলগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়েছে দুই পাশে বাঁকানো বড় শিংয়ের মাঝখানে।

মৃধা বলেন, ‘ওর একমাত্র বিলাসিতা হলো দিনে চারবার গোসল করা।’ তবে তিনি জোর দিয়ে বলেন, মহিষটির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের মিল কেবল চুলেই সীমাবদ্ধ।

স্থানীয় প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অ্যালবিনো মহিষ অত্যন্ত বিরল। শরীরে মেলানিন উৎপাদনের ঘাটতির কারণে এ ধরনের মহিষ সাদা বা গোলাপি আভাযুক্ত দেখায়।

দক্ষিণ এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ ১৭ কোটি মানুষের দেশ বাংলাদেশ এখন প্রস্তুতি নিচ্ছে ঈদুল আজহার, অর্থাৎ ‘ত্যাগের উৎসবের’ প্রস্তুতি নিচ্ছে। চলতি মাসের শেষ দিকে উদ্‌যাপিত হবে এই ধর্মীয় উৎসব। ঈদুল আজহায় সারা দেশে এক কোটিরও বেশি গবাদিপশু কোরবানি হওয়ার কথা। এর মধ্যে থাকবে ছাগল, ভেড়া, গরু ও মহিষ। এই সময় বহু দরিদ্র পরিবার বছরের বিরল সুযোগ হিসেবে মাংস খাওয়ার সুযোগ পায়।

মৃধা জানান, অতিরিক্ত ভিড় আর মানুষের চাপের কারণে মহিষটির ওজন কমে গেছে। তাই এখন জনসাধারণের দেখার ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। তবু শিশুরা এখনো খামারের গেটের ফাঁক দিয়ে উঁকি মেরে ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখার চেষ্টা করছে।

৩০ বছর বয়সী ব্যবসায়ী ফয়সাল আহমেদও মহিষটির কাছে গিয়ে ছবি তুলতে পেরেছেন। এএফপিকে তিনি বলেন, ‘সত্যি বলতে, মহিষটার চেহারার বৈশিষ্ট্যের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিল আছে।’ তিনি জানান, পাঁচ বন্ধু ও স্বজনকে নিয়ে তিনি মহিষটি দেখতে এসেছেন। তাঁর ভাষায়, ‘আমার ভাতিজা শুধু ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য এক ঘণ্টার নৌভ্রমণ করে এখানে এসেছে।’

অনলাইনে ‘ট্রাম্প মহিষ’ জাতীয় তারকায় পরিণত হলেও, সেটিই একমাত্র ডাকনামধারী মহিষ নয়। তার সঙ্গীদের মধ্যেও আছে বিভিন্ন নামে পরিচিত মহিষ। যেমন আক্রমণাত্মক স্বভাবের এক ষাঁড়ের নাম ‘তুফান’, বড় আকৃতির আরেকটির নাম ‘ফ্যাট বয়’, আর শান্ত স্বভাবের একটি পরিচিত ‘সুইট বয়’ নামে। এমনকি সোনালি চুলওয়ালা আরেকটি ষাঁড়ের নাম রাখা হয়েছে ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের নামে। কারণ, তার ব্লিচ করা সোনালি চুলের কাটের সঙ্গে মিল রয়েছে।

এক বছর ধরে চার বছর বয়সী এই মহিষটির দেখাশোনা করছেন মৃধা। খড়ভর্তি পাত্রে মুখ ডুবিয়ে খাবার খাওয়া মহিষটির দিকে স্নেহভরে তাকিয়ে তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পকে আমি মিস করব। কিন্তু এটাই তো ঈদুল আজহার মূল চেতনা। ত্যাগ স্বীকার করা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত