Ajker Patrika

কোরবানির মহিষের নাম ট্রাম্প-নেতানিয়াহু, আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও হলো প্রতিবেদন

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৬ মে ২০২৬, ১১: ১১
কোরবানির মহিষের নাম ট্রাম্প-নেতানিয়াহু, আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও হলো প্রতিবেদন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারার দারুণ মিল থাকায় মহিষটির নাম দেওয়া হয়েছে ট্রাম্প। ছবি: আজকের পত্রিকা

ঈদুল আজহা এলে প্রতিবছরই বাংলাদেশে একটি ‘ট্রেন্ড’ দেখা যায়, সেটি হলো কোরবানির হাটে তোলা পশুর নামকরণ। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার বাজারে এসেছে ‘ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’ নামের পশু। আর এই নামকরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। এ নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারার দারুণ মিল থাকায় মহিষটির নাম দেওয়া হয়েছে ট্রাম্প। ছবি: আজকের পত্রিকা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারার দারুণ মিল থাকায় মহিষটির নাম দেওয়া হয়েছে ট্রাম্প। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশের রাজধানী ঢাকার নারায়ণগঞ্জের একটি খামারে মহিষের এই নামকরণ করা হয়েছে। এরপর মহিষগুলো দেখতে খামারটিতে উপচে পড়া ভিড় দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, এই বিশ্বনেতাদের সঙ্গে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ায় অ্যালবিনো (ধলা) জাতের মহিষগুলোর এই নাম দেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারার দারুণ মিল থাকায় নামকরণ করা মহিষটি ৭০০ কেজি ওজনের।

গোলাপি চামড়ার এই মহিষটির মাথার সোনালি রঙের লোম, যা দেখতে মার্কিন প্রেসিডেন্টের চুলের মতো আর এ কারণেই মূলত এর নাম ট্রাম্প দেওয়া হয়েছে।

দ্য ইন্ডিপেন্ডেন্টে বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র নেওয়া খামারে আসা এক দর্শনার্থীর সাক্ষাৎকার উল্লেখ করা হয়েছে। ওই দর্শনার্থী বলেন, ‘ফেসবুকে যখন ওর ছবি দেখি, তখন ওকে দেখতে হুবহু ডোনাল্ড ট্রাম্পের মতোই লাগছিল। ওর মুখের গঠন, এমনকি চুলের স্টাইলও ট্রাম্পের সঙ্গে মিলে যায়।’

নেতানিয়াহু মহিষ। ছবি: সংগৃহীত
নেতানিয়াহু মহিষ। ছবি: সংগৃহীত

খানিকটা রসিকতা করে তিনি আরও বলেন, ‘মহিষটি স্বভাবের দিক থেকে খুবই শান্ত ও ভদ্র, যা ডোনাল্ড ট্রাম্পের চরিত্রের সঙ্গে একেবারেই মেলে না।’

আরেক দর্শনার্থী মীম এসেছিলেন তাঁর বাচ্চাকে সঙ্গে নিয়ে। সংবাদমাধ্যম আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মহিষটি দেখতে খুবই সুন্দর। চুলগুলো ট্রাম্পের মতো। আমি ফেসবুকে দেখে মনে করেছি অহেতুক বলা হচ্ছে, কিন্তু সামনে এসে দেখি আসলেই ট্রাম্প। নামের সঙ্গে বেশ মানিয়েছে।’

খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, প্রতিদিন বহু দর্শনার্থী মহিষটি দেখতে আসেন। এর সঙ্গে ছবি তুলতে খামারে ভিড় জমে যায়।

বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে খামারের মালিক আরও জানান, প্রায় ১০ মাস আগে একটি পশুর হাট থেকে মহিষটি কেনা হয়েছিল। তিনি বলেন, ‘ওর মাথার লোম দেখে আমার ছোট ভাই ঠাট্টা করে ওর নাম রেখেছিল ডোনাল্ড ট্রাম্প। ও স্বভাবগতভাবে খুবই শান্ত। অ্যালবিনো মহিষগুলো সাধারণত শান্ত প্রকৃতিরই হয়, খেপিয়ে না তুললে এরা আক্রমণাত্মক হয়ে ওঠে না।’

এরই মধ্যে মহিষটি প্রতি কেজি ৫৫০ টাকা দরে বিক্রি হয়ে গেছে এবং ঈদের আগেই এটি নতুন মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হবে বলে জানান জিয়াউদ্দীন মৃধা।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নামে নামকরণ করা আরেকটি অ্যালবিনো মহিষও নারায়ণগঞ্জে দর্শনার্থীদের নজর কাড়ছে। ৭৫০ কেজিরও বেশি ওজনের এই মহিষটির আচরণ অবশ্য ‘ট্রাম্প’ মহিষ থেকে ভিন্ন। এই মহিষটি বেশ ‘যুদ্ধংদেহী’ বা আক্রমণাত্মক বলে জানা গেছে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মহিষটির গায়ের লোম ও চোখের সঙ্গে নেতানিয়াহুর মিল রয়েছে। স্থানীয় গণমাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক এক দর্শনার্থী বলেন, ‘এই মহিষটির কথা শুনেই আমি এখানে দেখতে এসেছি। ’

এসএস ক্যাটল ফার্মের একজন ব্যবস্থাপক বলেন, ‘নেতানিয়াহু ভীষণ দুষ্টু এবং ওর বুদ্ধিও বেশ কুটিল। আমরা যখন ওকে খাওয়াতে যাই, তখন ও ফোঁস ফোঁস করে এবং শিং দিয়ে গুঁতো মারার চেষ্টা করে।’

খামারের ব্যবস্থাপক জানান, তাঁদের খামারে মোট ছয়টি অ্যালবিনো মহিষ রয়েছে এবং সবকটিই বেশ মেজাজি। তিনি বলেন, ‘এদের একনজর দেখার জন্য প্রতিদিন প্রচুর মানুষের ভিড় জমছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত