
আগাগোড়াই স্মার্টফোনের সঙ্গে বড় হওয়া প্রথম প্রজন্ম জেনারেশন জেড বা জেন-জি। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। নতুন এক গবেষণা বলছে, ভুল তথ্যে বিশ্বাস করার ক্ষেত্রে যেসব শ্রেণি বা গোষ্ঠীর মানুষেরা বেশি ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে প্রযুক্তির আশীর্বাদ নিয়ে জন্ম নেওয়া জেন-জি প্রজন্ম অন্যতম। সম্প্রতি কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া (ইউবিসি) এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব কেমব্রিজের গবেষকদের এক গবেষণা থেকে এই তথ্য উঠে এসেছে।
এই গবেষণার মূল উদ্দেশ্য ছিল—বিভিন্ন দেশের বিভিন্ন জনগোষ্ঠী ও বিভিন্ন প্রজন্মের মানুষের মধ্যে ভুল তথ্য কীভাবে ছড়াচ্ছে তা জানা। গবেষকদের লক্ষ্য কোনো বিশেষ গোষ্ঠীকে অন্যদের চেয়ে বেশি বোকা প্রমাণ করা ছিল না, বরং ভুল তথ্যের বিপদ সম্পর্কে ভালোভাবে বোঝা ছিল তাঁদের উদ্দেশ্য। এই বিপদ জনস্বাস্থ্য, পৃথিবীর ভবিষ্যৎ এবং আধুনিক গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।
ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া মনোবিজ্ঞানী ফ্রেডরিখ গোয়েৎজ বলেন, ‘আমার মনে হয় না, সব গণতন্ত্র এই সমস্যা সমাধানে সত্যিকারের চেষ্টা করছে। আরও খারাপ বিষয় হলো, আমরা যে মেরুকরণকৃত পৃথিবীতে বাস করি সেখানে কিছু গোষ্ঠী, এমনকি রাজনীতিবিদরাও এটিকে জেনেশুনে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন।’
ফ্রেডরিখ গোয়েৎজ আরও বলেন, ‘তবে, যদি কোনো সরকার সততার সঙ্গে এই সমস্যা সমাধান করতে চায়, তাহলে তারা এই গবেষণাটিকে সচেতনতা বাড়াতে এবং আরও বিস্তৃত গবেষণার দিকে যেতে ব্যবহার করতে পারে।’
গবেষকেরা ২৪টি দেশের ৬৬ হাজার ২৪২ জনের ওপর একটি অনলাইন পরীক্ষা চালান। মনোবিজ্ঞানীরা এটি তৈরি করেছেন। পরীক্ষাটির নাম ‘মিসইনফরমেশন সাসসেপটিবিলিটি টেস্ট (এমআইএসটি)। এই পরীক্ষাটি মাত্র কয়েক মিনিটেই শেষ করা যায়। এতে অংশগ্রহণকারীদের খবরের শিরোনাম আসল নাকি নকল, তা চিহ্নিত করতে বলা হয়। বয়স, শিক্ষা এবং দেশ সম্পর্কেও কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। অংশগ্রহণকারীদের ভুল খবর বাছাই করার ক্ষেত্রে তাদের নিজস্ব ক্ষমতা কতটা, তাও জিজ্ঞাসা করা হয়।
বিভিন্ন গোষ্ঠীর মধ্যে পার্থক্য খুব বেশি না হলেও, যাদের ‘আসল খবরকে নকল’ বা ‘নকল খবরকে আসল’ বলে চিহ্নিত করার আশঙ্কা বেশি ছিল তারা হলো—জেন-জি প্রজন্মের সদস্য। আবার যারা নিজেদের ‘অ-পুরুষ’ হিসেবে চিহ্নিত করেছে এই গবেষণায়, যাদের শিক্ষা কম এবং যারা রাজনৈতিকভাবে বেশি রক্ষণশীল তাদের ক্ষেত্রেও এই আশঙ্কা বেশি।
প্রজন্মগত দিক থেকে জেন-জির লোকজনদের ভুল তথ্যে বিশ্বাস করার প্রবণতা বেশি। মিলেনিয়াল ও জেনারেশন এক্সের লোকজনের প্রবণতাও কাছাকাছি। তবে বেবি বুমার প্রজন্মের লোকজনদের ভুল তথ্যে বিশ্বাস করার প্রবণতা তুলনামূলক উল্লিখিত প্রজন্মের লোকদের চেয়ে কম।
আবার এখানে একটি উল্টো দিকও আছে। ভুল তথ্য শনাক্ত করার ক্ষেত্রে জেনারেশন জেডের সদস্যরা অন্যান্য গোষ্ঠী বা প্রজন্মের লোকের তুলনায় নিজেদের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে ভালোভাবে সচেতন বলে দেখা গেছে। রক্ষণশীলরাও তাদের নিজস্ব ক্ষমতা সম্পর্কে মোটামুটি সঠিক ধারণা রাখতেন। অন্যদিকে, উচ্চশিক্ষিত গোষ্ঠীগুলো আসল খবর থেকে নকল খবর আলাদা করার দক্ষতাকে অতিরিক্ত অনুমান করেছিল।
গোয়েৎজ বলেন, ‘এখনো একটি প্রচলিত ভুল ধারণা আছে যে, ডিজিটাল প্ল্যাটফর্মে বেড়ে ওঠা প্রজন্ম এগুলো ভালোভাবে বোঝে।’ তিনি আরও বলেন, ‘একাডেমিক দুনিয়ায় এটি বেশ কয়েক বছর আগেই ভুল প্রমাণিত হয়েছে। তবে আমার মনে হয় না, এটি জনসাধারণের কাছে পরিচিত কোনো ধারণা।’
গবেষকেরা চান, ভুল তথ্য এবং এর মারাত্মক ক্ষতি সম্পর্কে সচেতনতা বাড়াতে সরকার ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আরও বেশি কাজ করুক। এই গবেষণা মনে করিয়ে দেয় যে, খবরের শিরোনাম পড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এমনকি, আপনি যদি মনে করেন আপনি বোকা নন, তবুও সতর্ক থাকা জরুরি।
ফ্রেডরিখ গোয়েৎজ বলেন, ‘আপনি যেই হোন না কেন, আপনি যাই জানেন বলে মনে করুন না কেন, ভুল তথ্য থেকে আমরা কেউই সম্পূর্ণ সুরক্ষিত নই। মানুষের এটা উপলব্ধি করা উচিত যে, আমরা সবাই নিয়মিত ভুল তথ্যের সংস্পর্শে আসছি। এবং কোনো না কোনো সময়ে আমরা সবাই এর ফাঁদে পড়তে পারি।’

মিসরের খাদ্যসংস্কৃতির ইতিহাস প্রায় ৫ হাজার বছরের প্রাচীন এবং সমৃদ্ধ। নীল নদের উর্বর অববাহিকা, বিভিন্ন সাম্রাজ্যের উত্থান-পতন এবং মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের সংস্কৃতির মিশ্রণে এই রন্ধনশৈলী গড়ে উঠেছে। মিসরের খাবার মূলত শস্য, শাকসবজি এবং সুগন্ধযুক্ত মসলার এক অপূর্ব সংমিশ্রণ। এই প্রাচীন...
৯ ঘণ্টা আগে
যখন তুর্কি নারীর সৌন্দর্যের কথা বলা হয়, তখন আমাদের মনে ভেসে ওঠে কোমল, উজ্জ্বল ত্বকের অধিকারী নারীদের অবয়ব। তুর্কি নারীদের সুন্দর ত্বকের রহস্য কোনো নামীদামি প্রসাধনী নয়, বরং তাঁদের দেশের আবহাওয়া ও খাদ্যাভ্যাসের প্রভাব প্রবল। এর পাশাপাশি তাঁরা ত্বকে প্রাকৃতিক কয়েকটি উপকরণ ব্যবহার করেন, যেগুলোর...
১১ ঘণ্টা আগে
ফুটবলের দেশ বললেই সবার আগে যে দুটি দেশের নাম আমাদের মনে আসে, তার একটি আর্জেন্টিনা, অন্যটি ব্রাজিল। মজার বিষয় হলো, ফুটবল জনপ্রিয় হলেও এই দুটি দেশের কোনোটিরই জাতীয় খেলা ফুটবল নয়। আর্জেন্টিনার সরকারি জাতীয় খেলার নাম পাতো (Pato)। ঘোড়ার পিঠে চড়ে এ খেলা খেলতে হয়। এটি এমনই এক রোমাঞ্চকর খেলা, যেখানে...
২ দিন আগে
কাগজের নোট কিংবা ক্রেডিট কার্ডের ব্যালেন্স—কোনোটিই কমবে না। এদিকে শপিং ব্যাগ ভর্তি করার নিখাদ আনন্দটুকু ঠিকই পাওয়া যাবে। বিষয়টি শুনতে অবাস্তব মনে হলেও তীব্র সামাজিক ও অর্থনৈতিক চাপের মুখে থাকা দক্ষিণ কোরিয়ার তরুণ প্রজন্মের কাছে এটিই এখন মানসিক শান্তি খোঁজার আধুনিক ট্রেন্ড। দক্ষিণ কোরিয়ার তরুণ...
২ দিন আগে