Ajker Patrika

ইন্টারনেটের ৩৫% কনটেন্ট লেখা হচ্ছে এআই দিয়ে: গবেষণা

আজকের পত্রিকা ডেস্ক­
ইন্টারনেটের ৩৫% কনটেন্ট লেখা হচ্ছে এআই দিয়ে: গবেষণা
নতুন ওয়েবপেজগুলোর প্রায় ৩৫ শতাংশে উল্লেখযোগ্য মাত্রায় এআই দিয়ে সম্পাদনা বা লেখার লক্ষণ পাওয়া গেছে। ছবি: লিংকডইন

এখন ইন্টারনেটের এক-তৃতীয়াংশের বেশি লেখা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি হচ্ছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। এই গবেষণাটি করেছে গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। তারা বলছে, নতুন ওয়েবপেজগুলোর প্রায় ৩৫ শতাংশে ‘উল্লেখযোগ্য মাত্রায় এআই দিয়ে সম্পাদনা বা লেখার’ লক্ষণ পাওয়া গেছে।

ইন্টারনেট নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই নতুন এই গবেষণা প্রকাশিত হয়েছে। ‘ডেড ইন্টারনেট থিওরি’ নামে পরিচিত একটি ধারণায় বলা হচ্ছে, ইন্টারনেটের কনটেন্ট ক্রমেই মানুষের পরিবর্তে স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে তৈরি ও ব্যবহৃত হচ্ছে। চলতি বছরের শুরুতে ওয়েব অবকাঠামো প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার জানিয়েছিল, প্রথমবারের মতো মানুষের তুলনায় এআই বট এখন বেশি ইন্টারনেট ট্রাফিক তৈরি করছে।

পিউর গবেষণায় গত পাঁচ বছরে সংগ্রহ করা প্রায় পাঁচ লাখ ইংরেজি ভাষার ওয়েবপেজের একটি ওয়েব আর্কাইভ ব্যবহার করা হয়েছে। পরে গবেষকেরা ওই আর্কাইভের লেখাগুলো ‘ওপেন প্যানগ্রাম’ নামের একটি টুলের মাধ্যমে বিশ্লেষণ করেন যাতে টেক্সটটি এআই দিয়ে লেখা কি না তা বোঝা যায়।

গবেষণায় দেখা গেছে, নমুনার ১০ শতাংশ ওয়েবপেজে ‘এআইয়ের মাধ্যমে লেখার উল্লেখযোগ্য লক্ষণ’ রয়েছে। তবে শুধু চ্যাটজিপিটি চালুর পর প্রকাশিত ওয়েবপেজগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, ওই নমুনার ৩৫ শতাংশই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে লেখা হয়েছে বলে মনে হয়েছে।

গবেষণায় উল্লেখ করা হয়েছে, স্বয়ংক্রিয় এআই শনাক্তকরণ টুল সব সময় নির্ভরযোগ্য নয়। অনেক সময় এআই দিয়ে তৈরি লেখাকে মানুষের লেখা হিসেবে এবং মানুষের লেখাকে এআই দিয়ে তৈরি বলে শনাক্ত করতে পারে। তবে বিপুলসংখ্যক লেখা নিয়ে গবেষণা করায় এসব সমস্যার প্রভাব অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে এবং ইন্টারনেটজুড়ে বড় প্রবণতাটি তুলে ধরা গেছে বলে গবেষণায় বলা হয়েছে।

গবেষণায় আরও দেখা গেছে, এআই-এর লেখার কিছু বিশেষ ধরন বা চারিত্রিক বৈশিষ্ট্য এখন ইন্টারনেটে ক্রমশ বেশি নজর কাড়ছে। যেমন, এম ড্যাশ (-)-এর ব্যবহার প্রায় দ্বিগুণ হয়েছে, অক্সফোর্ড কমার ব্যবহার বেড়েছে ৬৩ শতাংশ এবং চ্যাটবটগুলোর পছন্দের কিছু শব্দ যেমন ‘Delve’ (গভীরে যাওয়া) ও ‘Interplay’ (মিথস্ক্রিয়া)-এর ব্যবহার দ্বিগুণেরও বেশি বেড়েছে। যদিও এই শব্দ বা চিহ্নগুলো মানুষের লেখাতেও থাকতে পারে, তবুও পিউ রিসার্চ জানায়, সনাক্তকারী টুলগুলো সূক্ষ্ম ও গাণিতিক কিছু লক্ষণ ধরে হিসাব করেছে, যা এই দৃশ্যমান পরিবর্তনের সঙ্গে পুরোপুরি মিলে যায়।

গবেষকেরা একই সাথে লক্ষ্য করেছেন, নতুন লেখা তৈরিতে এআই-এর এই ব্যবহার পুরো ইন্টারনেটে সমানভাবে ছড়িয়ে পড়েনি। উদাহরণস্বরূপ, ‘. com’ ডোমেইনযুক্ত ওয়েবসাইটগুলোতে এআই দিয়ে লেখার প্রবণতা সবচেয়ে বেশি দেখা গেছে। এটি ‘. org’ ডোমেনের ওয়েবসাইটগুলোর তুলনায় প্রায় দ্বিগুণ এবং ‘. edu’ বা ‘. gov’ ডোমেইনের ওয়েবসাইটের তুলনায় প্রায় ১০ গুণ বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত