
বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের প্রতিষ্ঠান কর্তৃক কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) কোডিং অ্যাসিস্ট্যান্ট ‘কার্সর’-এর (Cursor) মূল প্রতিষ্ঠান ‘অ্যানিস্ফিয়ার’ (Anysphere) অধিগ্রহণের খবর চাউর হয়েছে। প্রায় ৬০ বিলিয়ন (৬ হাজার কোটি) মার্কিন ডলারের এই বিশাল চুক্তির পর রাতারাতি বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত দুই তরুণ উদ্যোক্তা।
তাঁরা হলেন ২৫ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক আমান স্যাঙ্গার এবং ২৬ বছর বয়সী পাকিস্তানি তরুণ সালেহ আসিফ। এই অধিগ্রহণ প্রক্রিয়ার ফলে তাঁরা প্রত্যেকেই আনুমানিক ২ দশমিক ৭ বিলিয়ন (২৭০ কোটি) ডলার পেতে যাচ্ছেন। এতে বিশ্বের কনিষ্ঠতম বিলিয়নিয়ারদের কাতারে শামিল হতে যাচ্ছেন তাঁরা।
২০২২ সালে বিশ্বখ্যাত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) চার শিক্ষার্থী মাইকেল ট্রুয়েল, আরভিড লুনেমার্ক এবং এই দুই দক্ষিণ এশীয় তরুণ আমান ও সালেহ মিলে কার্সর গড়ে তোলেন। শুরুতে এটি কেবলই একটি বিশ্ববিদ্যালয় প্রকল্প হিসেবে থাকলেও, মাত্র চার বছরের ব্যবধানে এটি সিলিকন ভ্যালির অন্যতম দ্রুত বর্ধনশীল কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানে পরিণত হয়।
বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ৫০ হাজারেরও বেশি প্রতিষ্ঠানে লাখ লাখ সফটওয়্যার ডেভেলপার কোডিং করার জন্য এই এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করছেন। এর গ্রাহক তালিকার মধ্যে এনভিডিয়া, অ্যাডোবি, উবার, শপিফাই এবং পেপ্যালের মতো শীর্ষস্থানীয় প্রযুক্তি জায়ান্ট রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স ও সংশ্লিষ্ট তথ্যমতে, কার্সরের বার্ষিক রাজস্ব ইতিমধ্যে এক বিলিয়ন ডলার ছাড়িয়েছে এবং প্রাতিষ্ঠানিক খাতের রাজস্বের পরিমাণ প্রায় ২ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা এআই খাতে সবচেয়ে দ্রুততম প্রবৃদ্ধিগুলোর একটি।
মাত্র ২৫ বছর বয়সে বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করা আমান স্যাঙ্গারের জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রে হলেও তাঁর পারিবারিক শিকড় ভারতে। একটি উচ্চশিক্ষিত এবং উদ্যোক্তা পরিবারে বড় হয়েছেন তিনি।
আমানের বাবা অরবিন্দ স্যাঙ্গার ভারতের বিখ্যাত আইআইটি বোম্বের প্রাক্তন শিক্ষার্থী এবং ভারতের শেয়ারবাজার ও প্রাকৃতিক সম্পদ খাতের শীর্ষস্থানীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘জিওস্ফিয়ার ক্যাপিটাল’-এর প্রতিষ্ঠাতা। তাঁর মা শিল্পা স্যাঙ্গার মুম্বাইয়ে বড় হয়েছেন এবং পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যসেবা খাতের পাশাপাশি একজন সফল ভেঞ্চার ক্যাপিটালিস্ট ও বিনিয়োগকারী হিসেবে নিজের পরিচয় গড়ে তোলেন।
পারিবারিক আবহে অনুপ্রাণিত হয়ে আমান মাত্র ১৪ বছর বয়স থেকে কোডিং করা শুরু করেন। ২০১৮ সালে তিনি এমআইটিতে কম্পিউটার সায়েন্সে ভর্তি হন এবং ২০২২ সালে স্নাতক শেষ করেন। পড়াশোনার পাশাপাশি তিনি এমআইটির স্কোয়াশ ও অ্যাথলেটিক্স দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন।
কার্সর প্রতিষ্ঠার আগে আমান বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ‘গুগল’ এবং হেজ ফান্ড ‘ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটসে’ ইন্টার্নশিপ করেন। নিজের এআই কনসাল্টিং ভেঞ্চার শুরু করার পরই তিনি তাঁর বন্ধুদের সঙ্গে কার্সর গড়ে তোলার কাজে হাত দেন।
২৬ বছর বয়সী পাকিস্তানি তরুণ সালেহ আসিফের জন্ম ও বেড়ে ওঠা পাকিস্তানের করাচিতে। ছোটবেলা থেকেই গণিতে তাঁর অসাধারণ মেধা ছিল।
আমেরিকান বিজনেস ম্যাগাজিন ফোর্বসের তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছিলেন সালেহ আসিফ। প্রতিযোগিতামূলক গণিতে তাঁর এই দক্ষতা তাঁকে এমআইটির মতো বিশ্বসেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে সাহায্য করে।
এমআইটিতে পড়ার সময়েই সালেহ একটি এআই-চালিত সার্চ ইঞ্জিন স্টার্টআপ তৈরি করেছিলেন, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্যবসার প্রতি তাঁর গভীর আগ্রহের প্রমাণ দেয়। পরবর্তীকালে সহপাঠীদের সঙ্গে তাঁর যৌথ প্রয়াসেই গড়ে ওঠে ‘কার্সর’। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কোডিং টুলগুলোর একটি এবং সালেহকে পরিণত করেছে প্রযুক্তি বিশ্বের অন্যতম তরুণ ধনকুবেরে।
সিলিকন ভ্যালিতে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের বিকাশ কতটা দ্রুত ঘটছে, অ্যানিস্ফিয়ারের এই ৬০ বিলিয়ন ডলারের অধিগ্রহণ চুক্তি তারই প্রমাণ। বিশেষ করে দক্ষিণ এশিয়ার তরুণ মেধার বৈশ্বিক সাফল্য বিশ্বের নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে।

শিশুদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান উদ্বেগের জের ধরে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। আরব দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে এই ধরনের কঠোর আইন চালু করলো মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রটি।
৫ ঘণ্টা আগে
বিশ্বব্যাপী মেমোরি চিপের দাম দ্রুত বেড়ে যাওয়ায় নিজেদের পণ্যের দাম বাড়ানোর পরিকল্পনা করছে অ্যাপল। প্রযুক্তি জায়ান্টটির বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক বলেছেন, বর্তমান পরিস্থিতিতে মূল্যবৃদ্ধি ‘এড়ানো সম্ভব নয়।’ মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে...
১ দিন আগে
বিশ্বখ্যাত মার্কিন গণমাধ্যম জায়ান্ট ফক্স করপোরেশন জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম রোকু (Roku)-কে ২২ বিলিয়ন (২,২০০ কোটি) মার্কিন ডলারে কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে। গতকাল সোমবার দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই মেগা চুক্তির কথা জানানো হয়।
৩ দিন আগে
কয়েক বছর ধরে আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। চ্যাটজিপিটি, ক্লড কিংবা জেমিনির মতো প্রযুক্তি এখন আমাদের হাতের মুঠোয়। প্রযুক্তির এই জোয়ারে গা ভাসিয়ে দেওয়া যত সহজ, এর আড়ালের বিপদটা থেকে সচেতন থাকাটা ততটাই কঠিন। অতিরিক্ত এআই-নির্ভরতা অজান্তেই আমাদের মগজ...
৩ দিন আগে