Ajker Patrika

অ্যান্ড্রয়েড ১৭: ফোন শুধু স্মার্ট নয়, এবার হবে আরও ‘ইন্টেলিজেন্ট’

টি এইচ মাহির 
অ্যান্ড্রয়েড ১৭: ফোন শুধু স্মার্ট নয়, এবার হবে 
আরও ‘ইন্টেলিজেন্ট’

‘সিনামন বান’ কোড নামে পরিচিত অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ প্রকাশিত হয়েছে গত ১৬ জুন। প্রথমে গুগলের নিজস্ব পিক্সেল ডিভাইসে এটি পাওয়া গেলেও পর্যায়ক্রমে অন্যান্য ব্র্যান্ডের মোবাইল ফোনেও আপডেটটি আসবে। তবে নতুন সংস্করণে কৃত্রিম বুদ্ধিমত্তা, মাল্টিটাস্কিং, কনটেন্ট তৈরি, নোটিফিকেশন, গেমিং ও নিরাপত্তায় বেশ কিছু পরিবর্তন এনেছে গুগল।

জেমিনি হবে আরও সক্রিয়

অ্যান্ড্রয়েড ১৭-এর বড় পরিবর্তনগুলোর একটি হলো জেমিনি ইন্টেলিজেন্স। এত দিন স্মার্টফোনের এআই সহকারী মূলত প্রশ্নের উত্তর দেওয়া, তথ্য খোঁজা বা সাধারণ নির্দেশ পালনের মধ্যে সীমাবদ্ধ ছিল। অ্যান্ড্রয়েড ১৭-তে গুগল সেই ধারণা বদলাতে চাইছে।

জেমিনি এখন একাধিক ধাপের কাজ সম্পন্নে সহায়তা করতে পারবে। ভ্রমণের পরিকল্পনা করা, তথ্য গোছানো, রিমাইন্ডার তৈরি, কোনো লেখা কিংবা ওয়েব কনটেন্টের সারসংক্ষেপ তৈরি বা বিভিন্ন অ্যাপের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কাজ করার মতো সুবিধা এর আওতায় আসছে। এসব কাজের জন্য ব্যবহারকারীকে আলাদা অ্যাপ খুলে নির্দেশ দিতে হবে না। জেমিনিকে প্রয়োজনীয় নির্দেশ দিলে সে কাজের বিভিন্ন ধাপ সম্পন্নে সহায়তা করবে। তবে এই সুবিধা পেতে প্রয়োজন হবে অন্তত ১২ গিগাবাইট র‍্যামসহ উপযুক্ত ফ্ল্যাগশিপ ডিভাইস।

অ্যাপ থাকবে চোখের সামনে

একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার করার অভিজ্ঞতা সহজ করার জন্য অ্যান্ড্রয়েড ১৭-তে এসেছে বাবলস। এর মাধ্যমে কোনো অ্যাপের আইকনে লং-প্রেস করে সেটিকে ছোট ভাসমান উইন্ডোতে পরিণত করা যাবে। বড় স্ক্রিন, ট্যাবলেট এবং ফোল্ডেবল ফোনে এসব বাবল অনেকটা কম্পিউটারের টাস্কবারের মতো স্ক্রিনের নিচে একটি নির্দিষ্ট বারে রাখার সুযোগ রয়েছে। প্রয়োজন হলে বাবলকে পছন্দমতো বড় করা যাবে। এর ফলে একই সময়ে মানচিত্র দেখা, মেসেজের উত্তর দেওয়া কিংবা ভিডিও দেখা—এ ধরনের কাজগুলো খুব সহজ হবে।

নিজের প্রতিক্রিয়াও থাকবে ভিডিওতে

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য অ্যান্ড্রয়েড ১৭-এর স্ক্রিন রিঅ্যাকশন বেশ আকর্ষণীয়। এর মাধ্যমে ফোনের স্ক্রিন ও ব্যবহারকারীর নিজের ক্যামেরা—দুটি একই সঙ্গে রেকর্ড করা সম্ভব হবে। ফলে কোনো ভিডিও, ওয়েবসাইট, গেম কিংবা অ্যাপ নিয়ে প্রতিক্রিয়া জানাতে আলাদা স্ক্রিন রেকর্ডিং বা জটিল ভিডিও এডিটিংয়ের প্রয়োজন কমবে। রিঅ্যাকশন ভিডিও, গেমিং, অনলাইন টিউটরিয়াল কিংবা শিক্ষামূলক কনটেন্ট তৈরিতে এটি কাজে আসতে পারে।

নোটিফিকেশন এখন আর নোটিফিকেশন শুধু নয়

অ্যান্ড্রয়েড ১৭-তে লাইভ আপডেট ব্যবহারকারীর চলমান কাজের তথ্যকে আরও দৃশ্যমান করবে। খাবার ডেলিভারি, রাইড, ভ্রমণ, ব্যায়াম কিংবা কাউন্টডাউন টাইমারের মতো কোনো কাজ চলতে থাকলে তার অগ্রগতি বারবার অ্যাপ খুলে দেখতে হবে না। স্ট্যাটাস বার, লক স্ক্রিনসহ বিভিন্ন জায়গায় চলমান কাজের আপডেট দেখা যাবে।

ফোল্ডেবল ফোনে নতুন গেমিং অভিজ্ঞতা

ফোল্ডেবল স্মার্টফোনের ব্যবহার বাড়ার বিষয়টিও এখন বিবেচনায় রেখেছে গুগল। অ্যান্ড্রয়েড ১৭-তে ফোল্ডেবল গেমিং মোড যুক্ত করা হয়েছে। ফোন খুলে ব্যবহার করার সময় স্ক্রিনের একটি অংশে গেম এবং অন্য অংশটিতে ভার্চুয়াল গেমপ্যাড দেখানো সম্ভব হবে। এর ফলে ফোল্ডেবল ফোনকে অনেকটা পোর্টেবল গেমিং কনসোলের মতো ব্যবহারের অভিজ্ঞতা পাওয়া যাবে।

হারানো ফোনেও বাড়তি নিরাপত্তা

ফোন হারানো কিংবা চুরি হলে ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য অ্যান্ড্রয়েড ১৭-তে নতুন ব্যবস্থা রয়েছে। ফাইন্ড হাবের মাধ্যমে হারানো ফোন শনাক্ত করার পাশাপাশি সেটি লকও করা যাবে। ফোনটি অন্য কারও হাতে গেলেও শুধু পাসকোড জানলেই সেটি ব্যবহার করা সহজ হবে না; নির্দিষ্ট ক্ষেত্রে মালিকের বায়োমেট্রিক পরিচয় প্রয়োজন হতে পারে।

গুগল ওয়ালেটের তথ্য সুরক্ষা ও হারানো ফোনের ব্যক্তিগত ডেটা সুরক্ষার ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

স্প্যাম কল ও ক্ষতিকর অ্যাপের বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা

অ্যান্ড্রয়েড ১৭-তে সাইবার নিরাপত্তাকেও গুরুত্ব দিয়েছে গুগল। স্প্যাম এবং প্রতারণামূলক কল শনাক্ত করার ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।

বাইরের উৎস থেকে ডাউনলোড করা এপিকে ফাইলের ক্ষেত্রেও ক্ষতিকর সফটওয়্যার শনাক্ত করার সুরক্ষা জোরদার করা হয়েছে। ফলে ব্যবহারকারী অনির্ভরযোগ্য উৎস থেকে অ্যাপ ইনস্টল করার সময় বাড়তি সুরক্ষা পাবেন।

ফোনে বারবার ভুল পিন দিয়ে প্রবেশের চেষ্টার বিরুদ্ধেও নতুন ব্যবস্থা রয়েছে। ব্যর্থ চেষ্টার পর অপেক্ষার সময় বাড়িয়ে দিয়ে অননুমোদিত প্রবেশ ঠেকানোর চেষ্টা করা হয়েছে।

ব্যক্তিগত তথ্যের ওপর বাড়বে নিয়ন্ত্রণ

ব্যক্তিগত গোপনীয়তার ক্ষেত্রেও কিছু পরিবর্তন এনেছে গুগল। কোনো অ্যাপকে সুনির্দিষ্ট অবস্থান অথবা প্রিসাইজ লোকেশন ব্যবহারের অনুমতি দেওয়ার ক্ষেত্রে ব্যবহারকারী আরও বেশি নিয়ন্ত্রণ পাবেন। একইভাবে সব কন্টাক্ট কোনো অ্যাপের সঙ্গে শেয়ার না করে নির্দিষ্ট কন্টাক্ট বেছে নেওয়ার সুযোগও রয়েছে। ফলে অ্যাপকে প্রয়োজনের অতিরিক্ত ব্যক্তিগত তথ্য দেওয়ার ঝুঁকি কমবে।

বড় স্ক্রিনের জন্য নতুন অ্যান্ড্রয়েড

অ্যান্ড্রয়েড ১৭-এর আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো ট্যাবলেট ও ফোল্ডেবল ডিভাইস। গুগল এবার অ্যাপগুলোকে বিভিন্ন আকারের স্ক্রিনে আরও ভালোভাবে মানিয়ে নেওয়ার ওপর জোর দিয়েছে। ফলে একই অ্যাপ ফোন, ট্যাবলেট কিংবা ফোল্ডেবল ডিভাইসে ব্যবহার করলে স্ক্রিনের আকার অনুযায়ী অভিজ্ঞতা বদলে যাওয়ার কথা।

ফোন থেকে অন্য ডিভাইসে কাজ চালানো

একটি অ্যান্ড্রয়েড ডিভাইসে শুরু করা কাজ অন্য ডিভাইসে চালানোর সুবিধা বাড়ছে এই সংস্করণে। হ্যান্ডঅফ ব্যবস্থায় ফোনে শুরু করা কোনো কাজ পরে ট্যাবলেট বা অন্য সমর্থিত অ্যান্ড্রয়েড ডিভাইসে করার সুযোগ থাকছে অ্যান্ড্রয়েড ১৭-তে।

অ্যান্ড্রয়েড ১৭-এর দিকে তাকালে একটি বিষয় স্পষ্ট যে গুগল এবার শুধু নতুন ফিচার যোগ করার দিকে মনোযোগ দেয়নি; বরং স্মার্টফোন ব্যবহারের ধরনই বদলাতে চাইছে।

তবে অ্যান্ড্রয়েড ১৭-এর সব সুবিধা সব ফোনে পাওয়া যাবে না। ডিভাইসের হার্ডওয়্যার, প্রসেসর, র‍্যাম, নির্মাতার সফটওয়্যার নীতি এবং নির্দিষ্ট ফিচারের প্রয়োজনীয়তার ওপর অভিজ্ঞতা নির্ভর করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত