বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ভারত

বাংলাদেশ গত জুলাইয়ে ওমানে এশিয়ান বাছাইপর্বের বাধা পেরিয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৮ ফাইভ-এ-সাইড হকি বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছিল। এবার বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ। সেই লক্ষ্য সামনে রেখে বিকেএসপির কোচ শেখ নান্নুর অধীনে অনুশীলন চালিয়ে যাচ্ছে যুবারা।
৬ ডিসেম্বর মিসরে যাওয়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ দলের। সফরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ইতিমধ্যে ঢাকার মিসরীয় দূতাবাসে ভিসার জন্য আবেদনও করা হয়েছে। ৯ থেকে ১২ ডিসেম্বর মিসরের রাজধানী কায়রোতে বসবে ১২ দলের এই বিশ্ব আসর। কোচ শেখ মোহাম্মদ নান্নু বলেন, ‘আমরা এর আগে এই সংস্করণে খেলিনি। এখন শুরু করেছি, আমরাও অভিজ্ঞতা অর্জন করছি। বিশ্বকাপে শেখার পাশাপাশি যতটা ভালো করা সম্ভব, সেই চেষ্টা থাকবে।’
চার ফিল্ড খেলোয়াড় ও একজন গোলরক্ষক নিয়ে গঠিত ফাইভ-এ-সাইড সংস্করণের এই টুর্নামেন্টে বাংলাদেশ জায়গা পেয়েছে ‘বি’ গ্রুপে। গ্রুপ পর্বে লড়তে হবে ভারত, চিলি ও সুইজারল্যান্ডের বিপক্ষে। ৯ ডিসেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবেন বাংলাদেশের যুবারা।









