মেসি-রোনালদোসহ আর কাকে নিয়ে দল বানাতে চান তেভেজ

ক্যারিয়ারে যাদের সঙ্গে খেলেছেন, তাঁদের নিয়েই নিজের স্বপ্নের একাদশ সাজিয়েছেন কার্লোস তেভেজ। সেই দলে জায়গা পেয়েছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোসহ ফুটবলের একাধিক কিংবদন্তি।
বোকা জুনিয়র্সের এই কিংবদন্তি ও বর্তমান কোচ টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বিদায়ী ম্যাচের পরিকল্পনার পাশাপাশি বেছে নিয়েছেন পছন্দের একাদশ। আগামী ২০ ডিসেম্বর বোকা জুনিয়র্সের মাঠ লা বোম্বোনেরায় হবে তাঁর বিদায়ী ম্যাচ।
ইউরোপে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের হয়ে খেলা তেভেজ আর্জেন্টিনা জাতীয় দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। দীর্ঘ ক্যারিয়ারে অনেক তারকার সঙ্গে খেলেছেন তিনি। তাঁদের মধ্য থেকেই সাজানো একাদশে বোকা জুনিয়র্সের একমাত্র প্রতিনিধি হুগো বেনহামিন ইবারা।
ইবারাকে নিয়ে তেভেজের প্রশংসা, ‘রাইট ব্যাক হিসেবে এল নেগ্রোর মতো খেলতে কাউকে দেখেছি বলে মনে পড়ে না। আমার সঙ্গে খেলা সেরা রাইট ব্যাক সে।’
তবে বোকা জুনিয়র্সের সোনালি সময়ের অন্যতম তারকা রোলান্দো স্কিয়াভিকে দলে রাখতে না পারায় আক্ষেপ করেছেন তেভেজ। কার্লোস বিয়াঞ্চির ঐতিহাসিক দলের সাবেক এই ডিফেন্ডারকে বাদ দেওয়া তাঁর জন্য কঠিন ছিল। তেভেজ বলেন, ‘ফ্লাকোকে বাইরে রাখতে আমার কষ্ট হচ্ছে।’
নিজের বিদায়ী ম্যাচে মেসির অংশগ্রহণও নিশ্চিত করেছেন তেভেজ। পাশাপাশি ইউনাইটেডে একসময় সতীর্থ থাকা রোনালদোকেও সেই ম্যাচে পাওয়ার আশা করছেন তিনি। দুই মহাতারকাকে একসঙ্গে কল্পনা করে তেভেজ বলেন, ‘ক্রিস্তিয়ানো আর মেসি ফ্লাকো স্কিয়াভিকে কাটিয়ে ড্রিবল করছে।’
বিদায়ী ম্যাচে মেসির পাশাপাশি লিয়ান্দ্রো পারেদেস, রিও ফার্দিনান্দ, সার্জিও আগুয়েরো, মার্তিন পালার্মো ও জিয়ানলুইজি বুফনের মতো তারকারা উপস্থিত থাকবেন। হোয়ান রোমান রিকেলমের খেলার বিষয়টি অবশ্য এখনো নিশ্চিত নয়।
তেভেজের স্বপ্নের একাদশ:
গোলরক্ষক: জিয়ানলুইজি বুফন
রক্ষণভাগ: হুগো ইবারা, রিও ফার্দিনান্দ, জর্জিও কিয়েলিনি, প্যাট্রিস এভরা
মিডফিল্ড: পল স্কোলস, আন্দ্রেয়া পিরলো
আক্রমণভাগ: ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, ওয়েন রুনি, কার্লোস তেভেজ









