ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থন জানিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। বাণিজ্যিক স্বত্ব বিক্রির বিতর্কের মাঝেও শুক্রবার সংস্থাটির ১০ সদস্য ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করেছেন।
আগামী ১৮ মার্চ ফিফা সভাপতি নির্বাচন হবে। এবারের নির্বাচনে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রার্থিতা জমা দিয়েছেন জাপানের কোজো তাশিমা ও ফ্রান্সের ফিলিপ দিয়ালো। ২০১৬ সাল থেকে ফিফার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা ইনফান্তিনো চতুর্থ মেয়াদে নির্বাচিত হয়ে ২০৩১ সাল পর্যন্ত দায়িত্বে থাকতে চান।
ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে ২০২৩ সাল থেকে দায়িত্ব পালন করছেন দিয়ালো।
ইনফান্তিনোর নেতৃত্ব ও ফুটবলে ইতিবাচক পরিবর্তনের স্বীকৃতি হিসেবেই এই সমর্থন জানিয়েছে কনমেবল। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘এটি বর্তমান ফিফা সভাপতির নেতৃত্ব এবং ফুটবলে ইতিবাচক পরিবর্তনের স্বীকৃতি।’
কলম্বিয়ার বারাঙ্কিলায় কনমেবলের কাউন্সিল সভা হয়েছে। বোকা জুনিয়র্স ও আতলেতিকো মিনেইরোর কোপা সুদামেরিকানা ফাইনালের আগের দিন এই সভা বসে।
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব একটি বেসরকারি বিনিয়োগকারী গোষ্ঠীর কাছে বিক্রির উদ্যোগ নিয়ে বছরের মাঝামাঝিতে বিতর্কের মুখে পড়েছিলেন ইনফান্তিনো। পরে সেই পরিকল্পনা বাতিল হলেও বিতর্কের সময় তাঁর পাশে ছিল কনমেবল।
ইনফান্তিনোর নেতৃত্বে ফুটবলের উন্নয়নে দক্ষিণ আমেরিকা কয়েক মিলিয়ন ডলার তহবিল পেয়েছে। এ ছাড়া ২০৩০ বিশ্বকাপ আয়োজনের জন্য উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ের যৌথ বিডেও সমর্থন দিয়েছিলেন তিনি। ওই বিশ্বকাপ স্পেন, মরক্কো ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আমেরিকার তিন দেশ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো তিন মহাদেশজুড়ে হবে বিশ্বকাপ।
এদিকে বিশ্বকাপে দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৪ করার প্রস্তাবও করছে কনমেবল। ইনফান্তিনো আবারও নির্বাচিত হলে এই প্রস্তাব বাস্তবায়নের সম্ভাবনা বাড়তে পারে।
তিন প্রার্থীর নির্বাচনে প্রথম দফায় জয় পেতে প্রয়োজন দুই-তৃতীয়াংশ ভোট। কোনো প্রার্থী এই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে সর্বনিম্ন ভোট পাওয়া প্রার্থী বাদ পড়বেন। এরপর দ্বিতীয় দফায় সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হবে।









-dbc2ce-256x144.webp)
