Ajker Patrika

২০৩০ বিশ্বকাপের ফাইনাল হবে কোথায়

ক্রীড়া ডেস্ক    
২০৩০ বিশ্বকাপের ফাইনাল হবে কোথায়
এই মাসেই মরক্কো সফর করবে ফিফার প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত

২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল আয়োজন নিয়ে মরক্কো ও স্পেনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই বাড়ছে। মরক্কো নিজেদের নির্মাণাধীন গ্র্যান্ড স্টেড হাসান দ্বিতীয়কে ফাইনালের ভেন্যু করতে চায়। অন্যদিকে, ফাইনাল স্পেনের মাটিতে আয়োজনের জন্য জোরালো অবস্থান নিয়েছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ।

মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে বেনস্লিমানে নির্মিত হচ্ছে গ্র্যান্ড স্টেড হাসান দ্বিতীয়। প্রায় ১ লাখ ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামটি বিশ্বের অন্যতম বড় ফুটবল ভেন্যু হতে যাচ্ছে। বিশ্বকাপের ফাইনাল আয়োজনের লক্ষ্যেই স্টেডিয়ামটি নির্মাণ করছে মরক্কো।

তবে ফাইনাল আয়োজনের দৌড়ে পিছিয়ে নেই স্পেনও। দেশটির সম্ভাব্য ভেন্যু হিসেবে আলোচনায় রয়েছে রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু। বার্সেলোনার ক্যাম্প ন্যুও রয়েছে বিবেচনায়। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজান প্রকাশ্যেই ফাইনাল স্পেনে আয়োজনের পক্ষে অবস্থান নিয়েছেন।

এদিকে, ফাইনালের ভেন্যু নিয়ে প্রতিযোগিতার মধ্যেই তিন আয়োজক দেশের স্টেডিয়াম ও অবকাঠামো পরিদর্শন করছে ফিফা। এর অংশ হিসেবে আগামী ২৮ নভেম্বর মরক্কো সফরে যাবে ফিফার প্রতিনিধি দল। দেশটির রাবাত, কাসাব্লাঙ্কা, তানজিয়ার, মারাকেশ, আগাদির ও ফেজের ছয়টি প্রস্তাবিত ভেন্যু পরিদর্শন করবেন তারা।

স্টেডিয়ামের পাশাপাশি পরিবহনব্যবস্থা, বিমান ও রেল যোগাযোগ এবং হোটেলের সক্ষমতাও যাচাই করবে প্রতিনিধি দল। বিশ্বকাপ আয়োজনের জন্য শহরগুলোর সার্বিক প্রস্তুতি কতটা এগিয়েছে, সেটিও মূল্যায়ন করবেন ফিফার কর্মকর্তারা।

মরক্কোর তিনটি স্টেডিয়াম বিশেষ গুরুত্ব পাচ্ছে। এগুলো হলো রাবাতের সংস্কার করা প্রিন্স মোলাই আবদেল্লাহ স্টেডিয়াম, নির্মাণাধীন গ্র্যান্ড স্টেড হাসান দ্বিতীয় এবং গ্র্যান্ড স্টেড দ্য তানজিয়ার। কারিগরি প্রতিবেদন অনুযায়ী, কয়েকটি প্রকল্প নির্ধারিত সময়ের আগেই এগিয়ে রয়েছে।

এর আগে পর্তুগাল ও স্পেনের বিভিন্ন প্রস্তাবিত ভেন্যু পরিদর্শন করেছে ফিফা। তিন আয়োজক দেশের স্টেডিয়াম ও সংশ্লিষ্ট অবকাঠামো যাচাইয়ের পর চূড়ান্ত ভেন্যু নির্বাচন এবং ম্যাচ বণ্টনের পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নেবে সংস্থাটি।

তবে এখন পর্যন্ত ২০৩০ বিশ্বকাপের ফাইনালের ভেন্যু ঘোষণা করেনি ফিফা। ফলে মরক্কোর গ্র্যান্ড স্টেড হাসান দ্বিতীয় নাকি স্পেনের কোনো স্টেডিয়াম পাবে বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনের দায়িত্ব, সেই অপেক্ষা থাকছেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত