লম্বা সময়ের জন্য মাঠের বাইরে কেইন, নেপথ্যে কী কারণ

বায়ার্ন মিউনিখের বড় ধাক্কা হয়ে এসেছে হ্যারি কেইনের চোট। এফসি কোলনের বিপক্ষে ম্যাচে বাঁ পায়ের গোড়ালির লিগামেন্ট ছিঁড়েছে ইংল্যান্ডের এই স্ট্রাইকারের। চোটের কারণে প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে।
শুক্রবার বুন্দেসলিগায় কোলনের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নেমেছিল বায়ার্ন। ম্যাচের প্রথমার্ধেই চোট পান কেইন। গোলের সামনে মাইকেল ওলিসের ডিফ্লেক্টেড ক্রস থেকে বলের নাগাল পাওয়ার চেষ্টা করছিলেন তিনি। তবে কেইনের আগে বলের কাছে পৌঁছে যান কোলনের ডিফেন্ডার জোয়েল স্মিড। বল ক্লিয়ার করার সময় স্মিডের পায়ের সঙ্গে সংঘর্ষে কেইনের বাঁ গোড়ালিতে আঘাত লাগে।
চোট পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যথায় পা চেপে ধরেন কেইন। কিছুক্ষণ পর উঠে দাঁড়ালেও স্বাভাবিকভাবে খেলতে পারছিলেন না তিনি। একপর্যায়ে মাঠে বসে পড়েন ইংল্যান্ডের এই তারকা। চিকিৎসা নেওয়ার পর ২০ মিনিটে টম বিশফকে জায়গা দিয়ে মাঠ ছাড়েন কেইন। দুই ফিজিওর সহায়তায় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠের বাইরে যান তিনি।
পরীক্ষার পর কেইনের বাঁ গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বায়ার্ন। ক্লাব জানিয়েছে, আগামী কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। বায়ার্নের ক্রীড়া পরিচালক ম্যাক্স এবেরল জানিয়েছেন, প্রায় তিন মাসের জন্য ছিটকে যেতে পারেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার।
কেইনের চোটে চ্যাম্পিয়নস লিগেও বড় ধাক্কা খেতে পারে বায়ার্ন। লিগ পর্বের বাকি চার ম্যাচে তাঁকে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দলটি নকআউট পর্বে উঠলেও ফেব্রুয়ারিতে সেই পর্বের শুরুতে কেইনের খেলা নিয়ে সংশয় রয়েছে। মার্চের শেষ দিকে নরওয়ের বিপক্ষে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডও অধিনায়ক কেইনকে পাওয়ার অপেক্ষায় থাকবে।
কোলনের বিপক্ষে ম্যাচে কেইন চোট পাওয়ার সময় ১-০ গোলে এগিয়ে ছিল সফরকারীরা। ১২ মিনিটে মিকি মুরের গোলে এগিয়ে যায় তারা। ৩৭ মিনিটে নাথানিয়েল ব্রাউন বায়ার্নকে সমতায় ফেরান। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
কেইনের চোটের পর বায়ার্নের দুর্ভাবনা আরও বাড়ান ওলিসে। বিরতির ঠিক আগে টম ক্রাউসের সঙ্গে সংঘর্ষে পায়ের পাতায় আঘাত পান তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই তাঁকে তুলে নেন কোচ ভিনসেন্ট কোম্পানি। পরে ক্রাচে ভর দিয়ে স্টেডিয়াম ছাড়েন ওলিসে। তবে কোম্পানি জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই ক্রাচ ব্যবহার করেছেন ওলিসে। তাঁর পায়ের সামনের অংশে আঘাত লেগেছে এবং আগামী কয়েক দিন চিকিৎসা চলবে।
চলতি মৌসুমে বায়ার্নের করা ৫৪ গোলের মধ্যে কেইন ও ওলিসের অবদান ২২টি, যা দলের মোট গোলের ৪১ শতাংশ। এই দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারানোর শঙ্কায় বায়ার্নের আক্রমণভাগ এখন বড় চ্যালেঞ্জের মুখে। এরই মধ্যে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন লুইস দিয়াজ, ইসমাইল সাইবারি, সার্জ জিনাব্রি ও আলফোনসো ডেভিস।
দলের চোট সংকট নিয়ে ভিনসেন্ট কোম্পানি বলেন, ‘এরা বিশ্বমানের খেলোয়াড়, তাদের বিকল্প পাওয়া যায় না। তবে আমাদের মানসিক শক্তি আছে, এখন সেটাই কাজে লাগাতে হবে। এমন কিছু খেলোয়াড়ের কাছ থেকে আমাদের অসাধারণ পারফরম্যান্স দরকার, যারা হয়তো এখনো বায়ার্নের হয়ে এই চাপের সঙ্গে অভ্যস্ত নয়। আমরা সবাই মিলে এই পরিস্থিতিকে শক্তিতে পরিণত করার চেষ্টা করব। বায়ার্ন বারবার এমনটা করেছে, এবারও সেটাই করতে চাই।’






-dbc2ce-256x144.webp)


