Ajker Patrika

বিশ্বকাপে আরেকটি স্বস্তির খবর পেলেন মেসি

ক্রীড়া ডেস্ক    
বিশ্বকাপে আরেকটি স্বস্তির খবর পেলেন মেসি
বাবার হোর্হে মেসির সঙ্গে আর্জেন্টাইন অধিনায়ক। হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন হোর্হে। ছবি: সংগৃহীত

অসুস্থ হয়ে সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। স্বস্তির খবর হলো, হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন তিনি। আর্জেন্টিনার সাংবাদিক ও উপস্থাপক অ্যাঞ্জেল দে ব্রিটো বিষয়টি নিশ্চিত করেছেন।

‘আমেরিকা টিভি’র এলএএম অনুষ্ঠানে মেসি পরিবারের ঘনিষ্ঠ ব্রিটো জানান, হাসপাতাল থেকে রোসারিও শহরের নিজের বাড়িতে ফিরে গেছেন ৬৮ বছর বয়সী হোর্হে। শারীরিক অবস্থা ভালো হওয়ায় এখন সেখান থেকেই তাঁর চিকিৎসা চলবে।

এই খবর মেসি ও তাঁর পরিবারের জন্য অনেক বড় স্বস্তি বয়ে এনেছে। বাবার শারীরিক জটিলতার কারণে উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপে বেশ চিন্তিত দেখা গেছে মেসিকে। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে নিজের হ্যাটট্রিকের প্রথম গোল করার পর বাবার কথা ভেবে কেঁদে ফেলেছিলেন এই ফরোয়ার্ড।

গত সপ্তাহে আর্জেন্টাইন টেলিভিশনের একটি অনুষ্ঠানে উপস্থাপক ফ্লোরেন্সিয়া পেনা লাইভে দাবি করেছিলেন, চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হোর্হে। পরবর্তীতে এই খবর ভুয়া বলে দাবি করে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয় মেসির পরিবার থেকে। পরে সংশ্লিষ্ট চ্যানেলটি উপস্থাপককে চাকরি থেকে বরখাস্ত করে।

বিবৃতিতে মেসির পরিবারের সদস্যরা জানান, জর্জে চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়ে ওই বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের সংবেদনশীল বিষয়ে আরও বেশি দায়িত্বশীল আচরণ প্রয়োজন।’

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়া ম্যাচেও দুর্দান্ত ছিলেন মেসি। তাঁর জোড়া গোলে ভর করে ইউরোপের দলটিকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয়ে নকআউট নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। দলের গ্রুপপর্বের বাধা অতিক্রমের পর এবার আরও একটি সুখবর পেলেন মেসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত