Ajker Patrika

জোড়া গোলে রোনালদোর জোড়া রেকর্ড

ক্রীড়া ডেস্ক    
জোড়া গোলে রোনালদোর জোড়া রেকর্ড
গোলের পর রোনালদোর উচ্ছ্বাস। ছবি: এএফপি

মাঠের বাইরের তুমুল সমালোচনা আর ফর্ম নিয়ে ওঠা সব প্রশ্ন মাঠের পারফরম্যান্স দিয়েই উড়িয়ে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার রেকর্ডময় জোড়া গোল আর নুনো মেন্দেসের দুর্দান্ত ফ্রি কিকে বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে গেছে পর্তুগাল। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে পর্তুগালের আগ্রাসী ফুটবলের সামনে ফাবিও কানাভারোর উজবেকিস্তান কার্যত কোণঠাসা হয়ে পড়ে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছক বেছে নেওয়া পর্তুগাল মাত্র সপ্তম মিনিটে প্রথম সাফল্যের দেখা পায়। ডানপ্রান্ত থেকে জোয়াও কানসেলোর বাড়ানো নিখুঁত ক্রস দুর্দান্ত ফিনিশিংয়ে জালে জড়ান ৪১ বছর বয়সী রোনালদো। এই এক গোলেই ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েন তিনি।

এরপর ১৭ মিনিটে ফ্রি-কিকের এক চতুর কৌশলে রোনালদোকে ডামি হিসেবে দাঁড় করিয়ে সরাসরি জোরালো শটে ব্যবধান ২-০ করেন পিএসজির ডিফেন্ডার নুনো মেন্দেস।

দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচের ২৯ মিনিটে গানিভের এক শটে উজবেকিস্তান ব্যবধান কমালেও শেষ পর্যন্ত স্বস্তি মেলেনি তাদের। ভিএআর প্রযুক্তির সাহায্যে কানসেলোর ওপর ফাউলের কারণে গোলটি বাতিল করেন রেফারি। সেই ধাক্কা সামলে ওঠার আগেই ৩৯ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন পর্তুগিজ অধিনায়ক। ডি-বক্সে চমৎকার এক রান নিয়ে করা এই গোলের মাধ্যমে বিশ্বমঞ্চে নিজের মোট গোলসংখ্যা ১০ নিয়ে যান তিনি। এর ফলে কিংবদন্তি ইউসেবিওর ৬০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন রোনালদো। প্রথমার্ধে ৩-০ ব্যবধানের বড় লিড নিয়ে বিরতিতে যাওয়া পর্তুগাল এখন পূর্ণ ৩ পয়েন্ট তুলে নেওয়ার অপেক্ষায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত