Ajker Patrika

গোল উদ্‌যাপন করতে গিয়ে টানেলে পড়ে চোট, বাতিল হলো গোলও

ক্রীড়া ডেস্ক    
গোল উদ্‌যাপন করতে গিয়ে টানেলে পড়ে চোট, বাতিল হলো গোলও
জাসির টানেলে পড়ে যাওয়ার সেই মুহূর্ত। ছবি: সংগৃহীত

গোল করার আনন্দে ছুটে গিয়েছিলেন সমর্থকদের দিকে। বিজ্ঞাপনী বোর্ড টপকে উদ্‌যাপন করতে গিয়ে অবশ্য পড়লেন টানেলের গর্তে। চোট পেলেন পায়ে, এরপর ভিএআরের সিদ্ধান্তে বাতিল হলো সেই গোলও। ব্রাজিলিয়ান শীর্ষ লিগের ম্যাচে এমনই অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন করিতিবার ডিফেন্ডার জাসি মারানিয়াও।

চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ম্যাচের ৪১ মিনিটে হেডে গোল করেন ২৯ বছর বয়সী জাসি। তখন ১-০ গোলে এগিয়ে ছিল করিতিবা। গোলের পর সমর্থকদের দিকে ছুটে যান জাসি। এরপর বিজ্ঞাপনী বোর্ড টপকে ওপাশে যাওয়ার সময় একটি টানেলের মধ্যে পড়ে যান তিনি। ওই পথটি সফরকারী দলের ড্রেসিংরুমের দিকে গেছে।

কিছুটা কষ্ট করে সেখান থেকে উঠে আসতে পারলেও গোড়ালিতে চোট পান জাসি। চোটের কারণে দ্বিতীয়ার্ধ শুরুর পরপরই তাঁকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। তবে তাঁর দুর্ভাগ্য আরও বাড়ে ভিএআরের সিদ্ধান্তে—বাতিল হয়ে যায় গোলটি। শেষ পর্যন্ত অবশ্য ম্যাচটি ২-১ গোলে জিতে নেয় করিতিবা।

সেই ঘটনা নিয়ে ম্যাচ শেষে জাসি বলেন, ‘ওখানে আমার পা মচকে গেছে। একটু ব্যথা করছে, তবে আমি ভালো আছি। সেন্টার-ব্যাকরা খুব একটা গোল করে না। তাই যখন গোল করবেন... আমি একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছিলাম।’

কুতো পেরেইরা স্টেডিয়ামে এমন ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। ২০১৪ সালে সাও পাওলোর বিপক্ষে করিতিবার ৩-১ গোলের জয়ের ম্যাচেও একইভাবে বিজ্ঞাপনী বোর্ড টপকে টানেলের পথে পড়ে গিয়েছিলেন ক্যামেরুনের স্ট্রাইকার জোয়েল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত