
রেফারির শেষ বাঁশি বাজতেই নুয়ে পড়লেন হামজা চৌধুরী। পুরো বাংলাদেশেরই প্রতিচ্ছবি যেন হয়ে থাকলেন তিনি। সিঙ্গাপুরের বিপক্ষে একের পর এক আক্রমণ করেও হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো হাভিয়ের কাবরেরার দলকে। তবে কোচের আশা বাংলাদেশ ফিফা র্যাঙ্কিংয়ে আরও অনেক দূর যাবে।
শুরু থেকে আজ বাংলাদেশ-সিঙ্গাপুর সমানে সমানে লড়ছিল। দুই দলই গোলের সুযোগ হাতছাড়া করেছে। যার মধ্যে ১৮ মিনিটে হামজা বিপদ থেকে বাংলাদেশকে বাঁচিয়েছেন। সিঙ্গাপুর গোল পেয়ে যায় ৩১ মিনিটে। গ্লেন কুয়ের শট প্রথমে গোলরক্ষক মিতুল মারমা ঠেকালেও পরে হ্যারিস স্টুয়ার্ট গোল করে এগিয়ে দেন সিঙ্গাপুরকে। র্যাঙ্কিংয়ে ১৮০ নম্বরে থাকা বাংলাদেশ একের পর এক চেষ্টা করেও হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।
সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ কোচ কাবরেরা। তাঁর মতে ফিনিশিংয়ের জায়গায় উন্নতি করলে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে আরও অনেক এগোবে। বাংলাদেশ কোচ বলেন, ‘সিঙ্গাপুরের মতো দলগুলোর এমন কিছু সক্ষমতা আছে যে তারা মাত্র একটা সুযোগ পায় এবং সেটা থেকেই গোল করে ফেলে। তাই না? এটাই আমাদের এখনো কিছুটা অভাব। আমরা যদি এই জায়গাটুকুতে উন্নতি করতে পারি, তবে সম্ভবত আগামী কয়েক বছরের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে আরও ২০-৩০ ধাপ এগিয়ে থাকতে দেখা যাবে।’
ফিফা র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুরের অবস্থান ১৪৮। শুরুতে গোল হজমের পর এলোমেলো না হয়ে বাংলাদেশ দ্বিতীয়ার্ধে সিঙ্গাপুরের রক্ষণভাগে হানা দিয়েছে বারবার। মাঠের খেলায় বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে বলে মনে করেন কাবরেরা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের ইতিবাচক থাকতে হবে। অনেক কিছুই বদলে যাচ্ছে। আমি মনে করি মাঠের খেলায় আমাদের গুণগত মান এখন স্পষ্ট। আমরা আরও অভিজ্ঞতা অর্জন করছি এবং আরও পেশাদার হয়ে উঠছি। খেলোয়াড়রা এখন জানে কীভাবে খেলার গতি (টেম্পো) নিয়ন্ত্রণ করতে হয়। আমরা এখন অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ি না।’
৩০ এপ্রিল কাবরেরার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বাফুফের। তিনি যদি আর চুক্তি না বাড়ান, তাহলে তাঁর অধীনে এটাই বাংলাদেশের শেষ ম্যাচ। ভবিষ্যতের কথা ভবিষ্যতের হাতেই ছেড়ে দিলেন কাবরেরা। পাশাপাশি হামজা-শমিত সোমরা গত এক বছর ধরে যেভাবে খেলেছেন, সেটার প্রশংসা করেছেন কোচ। সংবাদ সম্মেলনে কোচ বলেন, ‘দেখা যাক এখন কী হয়। এখনো এক মাস সময় বাকি আছে। তবে আমার পরামর্শ হলো—এভাবেই চালিয়ে যাওয়া উচিত। সত্যি বলতে কে দায়িত্বে আছে সেটা বড় কথা নয়। আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং দলকে কিছুটা দূরদর্শী দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা জরুরি। আর আমি মনে করি (দলের মধ্যে) সেই উন্নতিটা দৃশ্যমান। ফেডারেশনের উচিত এই খেলোয়াড়দের ওপর আস্থা রাখা।’
হামজা-শমিতরা যখন ভিয়েতনাম-সিঙ্গাপুরে খেলেছেন, তখন বয়সভিত্তিক সাফে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। তিন গোলের তিনটিতেই অবদান যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান সুলিভানের। যার মধ্যে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে ম্যাচসেরা হয়েছেন তিনি। ভারতের বিপক্ষে তাঁর অ্যাসিস্টে গোল করেন রিয়াদ।
সিঙ্গাপুরের কাছে হারের পর কাবরেরা এনেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ সাফের প্রসঙ্গও। সংবাদ সম্মেলনে প্রধান কোচ বলেন, ‘যারা অনূর্ধ্ব-২০ সাফ দেখছেন যে খুব ভালো করছে। খেলোয়াড়দের উৎসাহিত করা এবং তুলে আনার প্রক্রিয়াটা চালিয়ে যেতে হবে। আমার বিশ্বাস খুব শীঘ্রই আমরা এই ধরনের ম্যাচগুলো জিততে শুরু করব যা আজ জিততে পারিনি। তরুণ খেলোয়াড়দের সুযোগ দিয়ে দলকে নতুন করে সাজানো।’
৬১ মিনিটে কাবরেরা আনেন প্রথম পরিবর্তন। ফয়সাল আহমেদ ফাহিমকে তুলে নিয়ে শাহরিয়ার ইমনকে মাঠে নামিয়েছেন তিনি। ৭২ মিনিটে বাংলাদেশ আনে আরও দুটি পরিবর্তন। শেখ মোরসালিন ও ফাহমিদুলের জায়গায় মাঠে নেমেছেন বিশ্বনাথ ঘোষ ও মিরাজুল ইসলাম।
ম্যাচের শেষের দিকে এসে গোল পেতে মরিয়া বাংলাদেশ হানা দিতে থাকে সিঙ্গাপুরের রক্ষণভাগে। ৭৫ মিনিটে ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠেন সাদ উদ্দিন। তাঁর পাসে হামজাকে খুঁজে নেন বিশ্বনাথ ঘোষ। কিন্তু হামজার শট পোস্টের অনেকটা বাইরে দিয়ে চলে যায়।হামজা এরপর আরও চেষ্টা চালিয়ে গেছেন। ৭৯ মিনিটে তাঁর ক্রস মিরাজুল পা ছুঁইয়েছিলেন বটে। কিন্তু ফিরে এসে পোস্টে লাগে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৪ মিনিট সময় বাড়ানো হলেও কোনো গোল হয়নি।
ম্যাচের শুরু থেকে সিঙ্গাপুরের সমর্থকদের সঙ্গে পাল্লা দিয়ে গলা ফাটিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে ৬ হাজার টিকিট বরাদ্দ রাখা ছিল বাংলাদেশের সমর্থকদের জন্য। শেষ পর্যন্ত হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ভক্ত-সমর্থকদের। ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়েই শেষ হলো হামজাদের এশিয়ান কাপ বাছাই।

কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াই শেষে বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এখন মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটছে আলবিসেলেস্তেদের। আফ্রিকার দলটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যেতে নতুন কৌশল সাজাচ্ছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
৪ মিনিট আগে
নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে হৃদয়ভঙ্গ হয়েছে ভক্তদের। সেলেসাওদের বিদায়ে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের উত্তাপও যে কমেছে কিছুটা, সেটা বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে নজিরবিহীন এক ঘটনার সাক্ষীও হতে যাচ্ছে উত্তর আমেরিকার চলমান বিশ্বকাপ।
১ ঘণ্টা আগে
স্পেনের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ের আগে যেন এক আত্মবিশ্বাসী, শান্ত এবং আত্মসমালোচনামূলক ক্রিশ্চিয়ানো রোনালদোকেই দেখা গেল। ফল যাই হোক না কেন, কোনো আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে চান না তিনি। শেষ পর্যন্ত সৃষ্টিকর্তার ইচ্ছার ওপর বিশ্বাস রাখছেন সাত নম্বর জার্সিধারী।
১ ঘণ্টা আগে
একমাত্র টেস্টে বাজেভাবে হারার পর এবার ওয়ানডে সিরিজের পালা। ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতেছেন সফরকারী দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে