
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পারফরম্যান্স হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মতোই। ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারের পর টানা আট ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। যার মধ্যে এবার আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে জিতে ‘জে’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশ নিশ্চিত করেছে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির মতে তাঁর দলের কাছে প্রত্যেক ম্যাচই সমান গুরুত্বপূর্ণ।
আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে দুই ম্যাচ জিতে আর্জেন্টিনার পয়েন্ট এখন ৬। অপরাজিত আর্জেন্টিনা এখনই ‘জে’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে। ছন্দে থাকা আর্জেন্টিনা গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে জর্ডানের বিপক্ষে। ডালাসে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ। জর্ডানের কাছে হারলেও আলবিসেলেস্তেরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই উঠছে শেষ বত্রিশ পর্বে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার প্রতিনিধি হয়ে আসেন স্কালোনি। আর্জেন্টিনার কোচ সাংবাদিকদের বলেন, ‘এই জার্সি গায়ে মাঠে নামলে পরিস্থিতি যেমনই হোক, পয়েন্টের প্রয়োজন থাকুক বা না থাকুক, সেটা কোনো বিষয় নয়। আমাদের সব সময় ভালো খেলতে হবে। জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে হবে। প্রথম দিনের মতোই আমরা একই মানসিকতা ও উদ্দীপনা ধরে রেখেছি।’
গ্রুপ পর্ব শেষের আগেই আর্জেন্টিনার নকআউট পর্বের প্রতিপক্ষ নিশ্চিত হয়েছে। মায়ামিতে ৩ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে আর্জেন্টিনা-কেপ ভার্দে শেষ বত্রিশের ম্যাচ। আজ ভোরে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে কেপ ভার্দে ‘এইচ’ গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে। তার আগে আগামীকাল যে লিওনেল মেসিকে শুরুর একাদশে নামাচ্ছেন না, সেটা স্কালোনি আজ নিশ্চিত করেছেন।
মেসির ব্যাপারে খোলাসা করলেও ডালাসে জর্ডান ম্যাচে আর্জেন্টিনার একাদশ আজ সংবাদ সম্মেলনে ফাঁস করেননি স্কালোনি। তবে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোন কৌশলে খেলানো হবে, সেটার ইঙ্গিত দিয়েছেন স্কালোনি। সাংবাদিকদের আর্জেন্টিনা কোচ বলেন, ‘আগামীকালের ম্যাচে কে খেলবে, সেই সিদ্ধান্তের সঙ্গে পরের ম্যাচে কে খেলবে, এটার কোনো সম্পর্ক নেই।
যদি এমন সুযোগ আসে, তাহলে আমরা ভিন্ন কৌশল খেলাতে পারি। জর্ডান সাধারণত পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলে। আর এমন দলের বিপক্ষে খেলতে হলে যদি আপনার দল চার ডিফেন্ডার নিয়ে খেলে, তাহলে খেলার ধরনে কিছুটা পরিবর্তন আনতে হয়। আমরা সেটা নিয়ে কাজ করেছি।’
এখন পর্যন্ত আর্জেন্টিনার পাঁচ গোলের পাঁচটিই করেছেন লিওনেল মেসি। তাতে ওলটপালট হয়ে গেছে রেকর্ড বইয়ের পাতা। শুধু তা-ই নয়, আলজেরিয়া-অস্ট্রিয়ার বিপক্ষে দুটি ম্যাচেই আর্জেন্টিনা ‘ক্লিনশিট’ ধরে রেখেছেন। বাজপাখি এমিলিয়ানো মার্তিনেজেরে নৈপুণ্যে কোনো গোল হজম করেনি আলবিসেলেস্তেরা। শিষ্যদের প্রশংসায় ভাসিয়ে স্কালোনি বলেন, ‘আমরা যা কিছু অর্জন করেছি, তার সবচেয়ে বড় কৃতিত্ব সেই খেলোয়াড়দের, যারা সব সময় দলের সঙ্গে থাকে এবং অনুশীলনের সময় নিজের পুরোটা দেয়। আমাদের লক্ষ্য হলো, যে-ই খেলুক না কেন, দল যেন একই ধরনের ফুটবল খেলতে পারে।’
৫ গোল করে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। চারটি করে গোল করে যৌথভাবে দুইয়ে কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড এবং ভিনিসিয়ুস জুনিয়র। আর শেষ বত্রিশে আর্জেন্টিনার প্রতিপক্ষ হচ্ছে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দল। আগামীকাল ভোরে হতে যাওয়া স্পেন-উরুগুয়ে, কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচের দিকে তাই বিশেষ চোখ থাকছে আর্জেন্টিনার সমর্থকদের।

বাংলাদেশ ওয়ানডে দলে মোসাদ্দেক হোসেন সৈকতের প্রত্যাবর্তনটা হয়েছে স্বপ্নের মতোই। অস্ট্রেলিয়া সিরিজে ১১৬.২৯ স্ট্রাইকরেটে করেছেন ১৫৭ রান; ফিফটি দুটি। এ ছাড়া ৪.৩৮ ইকোনমিতে নিয়েছেন ২ উইকেট। তাঁর এমন দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমবার অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ; মোসাদ্দেক হয়েছেন সিরিজসেরা।
১৯ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয় চরম অনিশ্চয়তা। সব শঙ্কা কাটিয়ে ইরানিরা বিশ্বকাপে অংশ নিয়েছে। তবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ অংশগ্রহণ করেও চরম ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়েছে মধ্যপ্রাচ্যের এই দলকে। আজ মিসরের বিপক্ষে ম্যাচ শেষে ক্ষোভ উগরে দিলেন ইরানের কোচ আমির ঘালেনি।
৩০ মিনিট আগে
বাছাইপর্বের বাধা টপকে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে এসেছে বাংলাদেশ। তবে আগামী বিশ্বকাপে আর সেই বাধা থাকছে না। ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগেই হয়ে গেছে। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে টানা দুই জয়ে আলবিসেলেস্তেরা উঠে গেছে শেষ বত্রিশে। আর্জেন্টিনার পাঁচ গোলের পাঁচটিই করেছেন লিওনেল মেসি। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা নামবে তিনে তিন করার লক্ষ্যে। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৮টায় ডালাসে শুরু হবে...
৩ ঘণ্টা আগে