Ajker Patrika

ইংল্যান্ডে ক্লাব ফুটবলে বড় স্বীকৃতি বাংলাদেশি ফারহানের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ২১: ৫০
ইংল্যান্ডে ক্লাব ফুটবলে বড় স্বীকৃতি বাংলাদেশি ফারহানের
জনি হেইনস ট্রফি জিতেছেন ফারহান আলী ওয়াহিদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর এবার ক্লাব ফুটবলেও বড় স্বীকৃতি পেলেন ফারহান আলী ওয়াহিদ। ইংলিশ ক্লাব ফুলহামের ২০২৬ সালের বর্ষসেরা একাডেমি খেলোয়াড়ের জিতেছেন বাংলাদেশের এই তরুণ উইঙ্গার। সতীর্থদের ভোটে তাঁকে বেছে নেওয়া হয়েছে এই পুরস্কারের জন্য।

বর্তমানে ধারে পঞ্চম স্তরের ক্লাব বোরহামউডে খেলছেন ফারহান। চলতি সপ্তাহে ফুলহামের অনুশীলন কেন্দ্র মটস্পার পার্কে গিয়ে তাঁর হাতে পুরস্কার তুলে দেয় ফুলহাম সাপোর্টার্স ট্রাস্ট।

ফুলহামের হয়ে গত মৌসুমটা দারুণ কেটেছে ফারহানের। ক্লাবটির অনূর্ধ্ব-২১ দলের হয়ে ২১ ম্যাচে ১৭ গোলে অবদান রাখেন তিনি। নভেম্বর মাসে জিতেছেন মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার। মৌসুম শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন।

সেই পারফরম্যান্সের পরই চলতি মৌসুমে তাঁকে ধারে দলে নেয় বোরহামউড। ন্যাশনাল লিগের দলটির হয়ে এখন পর্যন্ত চারটি ম্যাচে শুরু থেকে খেলেছেন ফারহান। ১২ ম্যাচ শেষে বোরহামউড আছে পয়েন্ট তালিকার শীর্ষে। দ্বিতীয় দলের চেয়ে সাত পয়েন্ট এগিয়ে।

ক্লাবের হয়ে এই সাফল্যের মধ্যেই গত মাসে বাংলাদেশের জাতীয় দলেও ডাক পান ফারহান। মালয়েশিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তাঁর। এরপর ইন্দোনেশিয়ার বিপক্ষে বদলি হিসেবে নেমে বাংলাদেশের হয়ে প্রথম আন্তর্জাতিক গোলও করেন তিনি।

সতীর্থদের ভোটে পাওয়া জনি হেইনস ট্রফিটি তাই ফারহানের কাছে বিশেষ কিছু। ফুলহামের ওয়েবসাইটে তিনি বলেন, ‘সতীর্থদের ভোটে এই পুরস্কার জেতাটা দারুণ ব্যাপার। অনুভূতিটা সত্যিই অনেক ভালো। তাদের ছাড়া আমি এটা করতে পারতাম না। তারাই মান ধরে রাখতে আমাকে তাড়না দেন, আরও ভালো করার জন্য চাপ দেন এবং প্রতিযোগিতার মধ্যে রাখেন। এসবই আমাকে আরও ভালো খেলোয়াড় হতে সাহায্য করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত