Ajker Patrika

ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক    
ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করল ব্রাজিল
নিউ জার্সির উদ্দেশে দেশে ছেড়েছে নেইমাররা। ছবি: সিবিএফ

বিশ্বকাপে অংশ নিতে গতকালই যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে পৌঁছেছে আর্জেন্টিনা ফুটবল দল। প্রতিবেশী দেশের এক দিন পর বিশ্বকাপ যাত্রা শুরু হলো ব্রাজিলের। আজ সকালে নিউ জার্সির উদ্দেশে দেশে ছেড়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তার আগে নিজ দেশের ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন নেইমার-রাফিনিয়ারা

বৃষ্টিভেজা দিনে বিমান বন্দরের উদ্দেশে হোটেল ছাড়ার আগে সমর্থকদের ভালোবাসার জবাব দেন ব্রাজিলের খেলোয়াড়েরা। ভক্তদের সঙ্গে দেখা করে, অটোগ্রাফ দিয়ে এবং ছবি তুলে বিদায়ী মুহূর্তটিকে স্মরণীয় করে রাখেন তাঁরা। বাররা দা তিজুকায় অবস্থিত হিলটন হোটেলে অবস্থান করছিল ব্রাজিল দলের বহর। বিদায়ের আগে প্রিয় তারকাদের একনজর দেখতে সেখানে ভিড় করেন অসংখ্য সমর্থক। তাদের মধ্যে সবচেয়ে বেশি উচ্ছ্বাস ছিল নেইমারকে ঘিরে। ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নিরাপত্তা বেষ্টনীর কাছে গিয়ে ভক্তদের সঙ্গে করমর্দন করেন, ছবি তোলেন এবং তাদের শুভেচ্ছা গ্রহণ করেন।

সমর্থকদের ভালোবাসায় আপ্লুত দেখা যায় নেইমারকে। ভ্রমণের জন্য বিশেষভাবে তৈরি পোশাক পরে হাজির হয়েছিলেন ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী। রিকার্দো আলমেইদার নকশা করা সেই সংগ্রহের পোশাকে তিনি তুলনামূলক স্বচ্ছন্দ একটি লুক বেছে নেন—ঢিলেঢালা প্যান্ট ও কনুই পর্যন্ত গোটানো হাতার পোশাক। চোখে ছিল ডিজাইনার সানগ্লাস।

নেইমারের পাশাপাশি গোলরক্ষক আলিসন, মিডফিল্ডার কাসেমিরো ও ব্রুনো গিমারাইস এবং ফরোয়ার্ড রাফিনিয়াও সমর্থকদের সময় দেন। তারা অটোগ্রাফ দেন এবং ভক্তদের সঙ্গে ছবি তোলেন। হোটেল থেকে বের হয়ে ব্রাজিল দল যায় ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সদর দপ্তরে। বাররা দা তিজুকাতেই অবস্থিত সেই কার্যালয়ে যাওয়ার পথে দলটিকে নিরাপত্তা দেয় ফেডারেল হাইওয়ে পুলিশের (পিআরএফ) একটি বড় বহর।

সিবিএফ সদর দপ্তরে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে অংশ নেওয়ার পর গালেয়াও বিমানবন্দরে পৌঁছায় ব্রাজিলের ফুটবলাররা। স্থানীয় সময় রাত ১০টায় সেখান থেকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির উদ্দেশে যাত্রা করে সেলেসাওরা। বিমানে উঠে একটি গ্রুপ ছবি তোলেছেন নেইমাররা। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সেই ছবি পোস্ট করেছে সিবিএফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত