Ajker Patrika

সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু

সিলেট প্রতিনিধি
সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
প্রতীকী ছবি

সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় জেরিন সুলতানা (২২) নামের এক নার্সের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জেরিন সুলতানা সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলার দুর্গাপুর এলাকার বাসিন্দা এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিডওয়াইফারি ইন্টার্ন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আরিফুর রহমান নয়ন। তিনি জানান, জেরিন কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্টার্ন নার্স হিসেবে কর্মরত ছিলেন।

সপ্তাহখানেক ধরে তিনি জ্বরে ভুগছিলেন। প্রথমে রাগীব রাবেয়া মেডিকেলে ভর্তি ছিলেন। পরে গতকাল রোববার শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে ভর্তি করলে আজ সকালে সেখানে মারা যান তিনি।

এদিকে গত ২৪ ঘণ্টায় (গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে সিলেটে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৫৭ জন ও হামে চারজন মারা গেছে।

আজ সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও ইবোলার দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মৃত শিশু সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার মাসুম আহমদের এক বছর বয়সী শিশু ইব্রাহিম। সে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বর্তমানে সিলেট বিভাগের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোয় মোট ২৫৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। আর গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৭৮ জন রোগী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত