Ajker Patrika

ঈদের দিনেও অনুশীলনে জিকো-মোরসালিনরা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ঈদের দিনেও অনুশীলনে জিকো-মোরসালিনরা
অনুশীলনে জাতীয় দলের ফুটবলাররা। ছবি: বাফুফে

ঈদুল আজহার আনন্দের দিনেও বিশ্রামের সুযোগ পাননি ফুটবলাররা। ৫ জুন ইউরোপের মাটিতে সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে ঈদের সকালেও নেমে পড়েছেন অনুশীলনে। ভোর ৬টায় ঘুম থেকে উঠে, ঈদের নামাজ আদায় ও নাশতা শেষ করেই সরাসরি বসুন্ধরা স্পোর্টস সিটিতে মাঠের অনুশীলনে যোগ দেন ফুটবলাররা।

দীর্ঘদিন পর জাতীয় দলের ক্যাম্পে ফেরা তারকা গোলরক্ষক আনিসুর রহমান জিকো পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে না পারার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘ঈদের দিন আমাদের জন্য অবশ্যই আনন্দের দিন। ফ্যামিলির সঙ্গে করতে পারতেছি না, একটু খারাপ লাগতেছে; কিন্তু দেশের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। এর আগেও অনেকবার করছি।’

দলে ফেরার কঠিন লড়াই ও নিজের বর্তমান আত্মবিশ্বাস নিয়ে জিকো আরও বলেন, ‘লিগে খেলছি, আত্মবিশ্বাস আছে। নতুন কোচের অধীনে সবমিলিয়ে উপভোগ করছি। অনেকদিন পর ফেরায় ভালো লাগছে, এখানে সবাই চেনা মুখ। এই জার্নিটা অনেক কঠিন ছিল। অবশ্যই চ্যালেঞ্জটা এখন বেশি, কারণ বাকিরা ভালো খেলছে। তবে আমি যদি আমার জায়গাটা ফিরে পাই, তাহলে দলকে অবশ্যই আমার সেরাটা দেব।’

শেখ মোরসালিনের জন্য এটি টানা তৃতীয়বারের মতো পরিবারের বাইরে ঈদ উদযাপন। দেশের হয়ে প্রতিনিধিত্ব করার গর্ব ও ক্যাম্পের একাত্মতা নিয়ে মোরসালিন বলেন, ‘এই ঈদ দিয়ে আমার পরপর তিনটা ঈদ বাসার বাইরে করা। এটা আসলে কঠিন। তারপরও দেশের হয়ে আমরা প্রতিনিধিত্ব করছি। দিনশেষে যখন আমরা টিম মেম্বার সবাই একসঙ্গে মিলি—এটাও আমাদের একটা পরিবার, আমাদের কাছে এখন এমন হয়ে গেছে। মুহূর্তগুলো উপভোগ করছি।"

নতুন কোচের কোচিং স্টাইল ও দলের প্রস্তুতি নিয়ে তিনি যোগ করেন, ‘আসলে খুব অল্প সময়, এ ব্যাপারে মন্তব্য করা কঠিন। তবে কোচের খুব পজিটিভ এনার্জি আছে, আমাদের শেখানোর চেষ্টা করছেন। উনি খুব বন্ধুত্বপূর্ণ, ভুল হলে খুব সুন্দর করেই বুঝিয়ে দেন। আমরা খুব ভালোভাবে ট্রেনিং করতেছি এবং আশা করছি পরের ম্যাচটা আমরা জিততে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত