Ajker Patrika

বিশ্বকাপে নেমেই মেসির রেকর্ড, দেখে নিন আর্জেন্টিনার শুরুর একাদশ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৭ জুন ২০২৬, ০৫: ৪৩
বিশ্বকাপে নেমেই মেসির রেকর্ড, দেখে নিন আর্জেন্টিনার শুরুর একাদশ
টানা ছয় বিশ্বকাপ খেলা প্রথম ফুটবলার মেসি। ছবি: এএফপি

কাতার বিশ্বকাপের সেই সোনালি ট্রফি ধরে রাখার মিশন শুরু হচ্ছে আর্জেন্টিনার।২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামছে আলবিসেলেস্তেরা। সকাল ৭টায় শুরু হতে যাওয়া ম্যাচটি সামনে রেখে ইতোমধ্যে নিজেদের শুরুর একাদশ চূড়ান্ত করে ফেলেছেন কোচ লিওনেল স্কালোনি। এই ম্যাচের মধ্য দিয়ে প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপ খেলার রেকর্ডটা নিজের করে নিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে এটি তাঁর ২০০তম ম্যাচও।

গোলপোস্টে এমিলিয়ানো মার্তিনেসের থাকাটা আগে নিশ্চিত করেছিলেন কোচ নিজেই। তবে রক্ষণভাগ আর আক্রমণভাগের কিছু জায়গায় যে চোটের শঙ্কা ছিল, তারও অবসান ঘটেছে। ডান হাঁটুর লিগামেন্টের চোট কাটিয়ে দীর্ঘ ৫০ দিন পর মাঠে ফিরছেন ক্রিস্তিয়ান রোমেরো। আলজেরিয়ার বিপক্ষে রক্ষণভাগে তাঁর সঙ্গী হচ্ছেন তাঁর প্রিয় বন্ধু লিসান্দ্রো মার্তিনেস। ফলে নিজের চতুর্থ বিশ্বকাপ খেলতে যাওয়া অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিকে শুরুর ম্যাচে থাকতে হচ্ছে সাইডবেঞ্চে।

রক্ষণভাগের দুই প্রান্তে বড় পরিবর্তন আসছে। রাইট-ব্যাকে ফিরছেন গনসালো মন্তিয়েল। আর বাঁ প্রান্তে নিকোলাস তালিয়াফিকোর কাফ স্ট্রেইনের চোটের কারণে আজ বিশ্বকাপ অভিষেক হতে যাচ্ছে অলিম্পিক মার্শেইয়ের ডিফেন্ডার ফাকুন্দো মেদিনার।

মাঝমাঠের কৌশল সাজানো হয়েছে কাতার বিশ্বকাপজয়ী সেই চিরচেনা ত্রয়ী—রদ্রিগো দি পল, আলেক্সিস মাক আলিস্তার ও এনসো ফের্নান্দেসকে নিয়ে।

আক্রমণভাগের নেতৃত্বে থাকছেন চোট কাটিয়ে পুরোপুরি ফিট হওয়া অধিনায়ক লিওনেল মেসি।

তাঁর সঙ্গী হিসেবে সেন্ট্রার ফরোয়ার্ডে থাকছেন ইন্টার মিলানের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো লাউতারো মার্টিনেস।অবসরে যাওয়া আনহেল দি মারিয়ার ‘রাইট উইং’ পজিশনের যোগ্য উত্তরসূরি হিসেবে স্কালোনির ভরসা থিয়াগো আলমাদা।

ম্যাচের আগে চিরাচরিত নিয়ম মেনে কম্পাস মিনারেল সেন্টারে আনুষ্ঠানিক গ্রুপ ছবি তুলেছে স্কালোনির দল। তবে সেই ছবিতে ছিল এক আবেগঘন দৃশ্য। অনুশীলনে সোলিয়াস পেশির চোটে শেষ মুহূর্তে বিশ্বকাপ দল থেকে ছিটকে যাওয়া ডিফেন্ডার লিও বালের্দির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ব্যানার নিয়ে পোজ দেন মেসিরা। ব্যানারে লেখা ছিল, ‘লিও, আমরা সবাই তোমার পাশে আছি।’

আর্জেন্টিনার শুরুর একাদশ:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস

রক্ষণভাগ: গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, ফাকুন্দো মেদিনা

মাঝমাঠ: রদ্রিগো দি পল, আলেক্সিস মাক আলিস্তার, এনসো ফের্নান্দেস

আক্রমণভাগ: লিওনেল মেসি, লাউতারো মার্তিনেস, থিয়াগো আলমাদা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত