হামজা-শমিতের গোলে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

অধিনায়কত্বের প্রথম ম্যাচেই নিজের সামর্থ্যের ছাপ রাখলেন হামজা চৌধুরী। সতীর্থকে দিয়ে গোল করানোর পর নিজেও জালের দেখা পেলেন বাংলাদেশ অধিনায়ক। তাঁর নৈপুণ্যে জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমার্ধেই ২–০ গোলে এগিয়ে গেছে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই শ্রীলঙ্কাকে চাপে রাখে স্বাগতিকেরা। পঞ্চম মিনিটে বক্সের বাইরে রাকিব হোসেনকে ফাউল করে বসেন লঙ্কান ডিফেন্ডার। ফ্রি-কিক থেকে হামজার নেওয়া বাঁকানো শটটি অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। তবে গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে।
অষ্টম মিনিটে ডান দিক থেকে হামজার বাড়ানো ক্রসে শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা ঠিকমতো বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফিরতি বল পেয়ে প্রথম শটেই গোল করতে পারেননি শমিত সোম। তবে দ্বিতীয় চেষ্টায় আর ভুল করেননি কানাডাপ্রবাসী এই মিডফিল্ডার। জাতীয় দলের হয়ে এটি তাঁর দ্বিতীয় গোল।
গোল পাওয়ার পরও আক্রমণের ধার কমায়নি বাংলাদেশ। ২৫ মিনিটে হামজার এক অসাধারণ প্রচেষ্টা ব্যবধান বাড়াতে পারত। ফারহান আলী ওয়াহিদের লং বল থেকে রাকিব হোসেন হেডে বল বাড়ান। বক্সের মধ্যে বল পেয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে ব্যাকহিল ফ্লিকে জালে পাঠানোর চেষ্টা করেন হামজা। তবে তাঁর শটটি ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
প্রথমার্ধের শেষ দিকে অবশ্য আর সুযোগ হাতছাড়া করেননি বাংলাদেশ অধিনায়ক। ৪৪ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে শ্রীলঙ্কার রক্ষণে ঢুকে পড়েন হামজা। ড্রিবলিংয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শট নেন তিনি. গোলরক্ষক সুজন পেরেরার হাঁটুতে লেগে বল চলে যায় জালে। বাংলাদেশের জার্সিতে এটা হামজার পঞ্চম গোল। অধিনায়কের এমন গোলে গ্যালারিতে তখন উচ্ছ্বাসের ঢেউ। সেই ঢেউয়ের স্বস্তি নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।









